২০০৯ সালের শেষের দিকে আমার ছেলে আমাকে ফেসবুক খুলে দেয়। কারণ হলো, আমরা ফেসবুকের ঘোরতর বিরোধী ছিলাম। পরে সে নিজে খুলবে বলে আমাকে ঘুষ দিল। যা হোক, ফেসবুক থাকলে তো হবে না, তা ব্যবহার করা জানতে হবে। এর কোনো কোর্স আছে কি না, খুঁজতে লাগলাম নানা প্রতিষ্ঠানে। কোথাও পেলাম না। তাই প্রথম কয়েক মাস শুধু ‘ওপেন’ আর ‘ক্লোজ’ করতে লাগলাম। এর মধ্যে দেখলাম, হুড় হুড় করে আত্মীয়স্বজন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। কাউকে দেখি বাড়তি কথা বলে, কেউবা বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্ন করে বা উত্তর দেয়। আমার মনে হলো, এই আড্ডাগুলো গঠনমূলক হলে ভালো হয়। সে উদ্দেশ্যে মাস শেষে অ্যাওয়ার্ড দেওয়া শুরু করলাম। যেমন: সেরা প্রশ্ন, সেরা খবর, সেরা ছবি বা সেরা মন্তব্যকারী বা কারিনীর নাম ঘোষণা দিতাম। এতে মনে হলো, ফালতু মন্তব্য কমে যাচ্ছে এবং সুন্দর সুন্দর নতুন কিছু তৈরি হচ্ছে। ভালোই কাটছিল দিনগুলো। দূরে থেকেও দেশ-বিদেশের সব আত্মীয়স্বজনের খবরাখবর নিয়মিত পাচ্ছিলাম। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক মেয়েবন্ধুকে পেয়ে গেলাম। তার মাধ্যমেই জুটে গেল আরও কয়েকজন বন্ধুবান্ধব। তারপর তুমুল আড্ডা, সবার নানা অভিজ্ঞতা শেয়ার করা, আরও কত কি! পড়ে উপভোগ করি, কিন্তু তেমনভাবে অংশ নিতে পারি না। কারণ, আমার ফেসবুকের বন্ধুরা সব বড় ভাই, ভাশুর থেকে শুরু করে জামাই-বউ ও নাতি পর্যন্ত। এতগুলো অবস্থানে নিজেকে ধরে রাখতে হলে নীরবতাই ছিল একমাত্র উপায়। কিন্তু কতক্ষণ আর! মাঝেমধ্যে উত্তর দিলেই ঝাঁকে ঝাঁকে প্রতি-উত্তর পাই। এভাবে শুরু হলো কবিতায় কথা বলা। বুঝতে পারছি, আত্মীয়স্বজন যেন একটু নীরব। ওরা যে উপভোগ করে, সেটা জানলাম আমার এক অসুখের সময়।আমার ভাশুরঝি এসেছিল সিঙ্গাপুর থেকে। উদ্দেশ্য, এখানে মানে কানাডায় পিআর কার্ড নিয়ে কিছুদিন বেড়িয়ে চলে যাবে। ওই সময়ে আমি পীড়িত হয়ে পড়ি। ওর নিয়মিত ফেসবুক খোলার অভ্যাস। একদিন আমাকে অবাক করে দিয়ে সে বলল, ‘আপনি নেই, তাই আর ফেসবুক খুলে মজা পাই না।’ বুঝলাম আমার অনুমানটাই ঠিক। তাই এক বন্ধুকে বললাম, ‘কিছু একটা করো। আমার এই পরিবার-পরিজনের মধ্যে মন খুলে কথা বলতে পারছি না।’ সে আমাকে আশ্বস্ত করল।তারপর জড়ো হলো আরও অনেক বন্ধু। সব আমাদের সহপাঠী। এরপর তৈরি হলো ‘রাজশাহী ইউনিভার্সিটির ১৯৭৬-১৯৮০ সালের গ্রুপ। এর লোগো হলো, প্যাডও হলো। তাই নিয়েই কত মত-মতান্তর, ভোটাভুটি। হলের স্মৃতিকথা, ঘটনা, দুর্ঘটনা— আমাদের আড্ডায় এসবের কিছুই বাদ পড়ল না। গ্রুপে আড্ডা দিলেও প্রথমে যে ছয়জন আমরা আড্ডা দিতাম, এখনো আমরা গ্রুপের বাইরেও আড্ডা দিয়ে থাকি। ফেসবুকের এমনই নেশায় পড়লাম যে মেয়ে বলতে লাগল, ‘মা মণি এখন ফেসবুকে আমার চেয়ে বেশি সময় থাকে।’ আর ছেলে তার অফিস থেকে এসএমএস পাঠায়, ‘তোমার কোনো কাজ নেই মা?’ একসময় মেয়ের অতিরিক্ত ফেসবুক-প্রীতির কারণেই আমরা ছিলাম ফেসবুক-বিমুখ।আমার ফেসবুকের বয়স প্রায় দুই বছর পার হলো। আগের মতো আকর্ষণ আর নেই। না, আমার ছেলেমেয়েদের খোঁচার কারণে নয়। আসলে সেই নির্মল আনন্দটা আর পাচ্ছি না। রেজিনা সুলতানাক্যালগেরি, কানাডা