ফেসবুক আর গুগলে একচক্কর

তথ্যপ্রযুক্তি বিষয়ক ব্যাপার-স্যাপারে আমি একেবারেই কাঁচা। কিন্তু তাই বলে, গুগল আর ফেসবুকের প্রধান কার্যালয় ঘুরে আসার সুযোগ হাতছাড়া করার মতো কাঁচা তো নই। সুযোগটা এসেছিল হুট করেই।
গেল সেপ্টেম্বর মাসের কথা। ক্যালিফোর্নিয়ার স্যান হোজ শহরে আমার একটা শো ছিল। স্যান হোজের কাছেই আমেরিকার আরেকটা বড় শহর সান-ফ্রান্সিসকো। আমেরিকানরা এই পুরো অঞ্চলটাকে বলে সান-ফ্রান্সিসকো বে এরিয়া। অনেকে সংক্ষেপে বলে শুধুই বে এরিয়া। অনুষ্ঠানের আয়োজক ছিল বাবা (বে এরিয়া বাংলাদেশ অ্যাসোসিায়েশন)। অনুষ্ঠানে পারফরম্যান্স হয়েছিল খুব ভালো। সব মিলিয়ে ফুরফুরে মেজাজেই ছিলাম। বাবা’র হেলাল ও শাহরিয়ার দুজনেই বয়সে আমার ছোটই হবে। তারা খুশিমনে দায়িত্ব নিল আমাকে আমেরিকা ঘুরে দেখানোর। কীভাবে কীভাবে যেন তারা সব ব্যবস্থা করে ফেলল। সুযোগ মিলল গুগল ও ফেসবুকের প্রধান কার্যালয় ঘুরে দেখার।

গুগলের অন্দরমহল
১৯ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে সিলিকন ভ্যালির সুবিখ্যাত গুগল হেড অফিসে পৌঁছালাম। শুরুতেই পরিচয় হলো শাহরিয়ারের বন্ধু শিশির খানের সঙ্গে। বাংলাদেশের ছেলে শিশির গুগলে আইটি ম্যানেজার পদে কাজ করছে। শিশির আমাদের অভ্যর্থনা জানাল, মহামূল্যবান ‘ভিজিটর আইডি’ হাতে দিয়ে। শিশির বলল, ‘চলেন প্রথমে আপনাকে আমাদের খাবারের ক্যানটিনে নিয়ে যাই।’
ক্যানটিনের চারদিক ঝকমকে, তকতকে। যেকোনো উন্নত রেস্টুরেন্টের সঙ্গে এর তুলনা করা চলে। তফাত শুধু এই, এখানে খেতে হলে গুগলের কর্মীদের কাউকেই খাবারের দাম দিতে হয় না। যত ইচ্ছে খাও। নানা রকম খাবার মজুত আছে। খাবার তৈরি হচ্ছে আর যে যার মতো খাচ্ছে। ‘অ্যাপিটাইজার’ থেকে ‘ডেজারট’ পর্যন্ত সবই মিলবে।
খাওয়া-দাওয়ার বন্দোবস্ত শুধু খাবার ঘরে নয়। কাজ করতে করতে যদি কারও খিদে লেগে যায়, সে জন্য পুরো অফিসেই খানিক পরপর খাবার-দাবারের জায়গা। চকলেট বার, বিস্কুট, বাদাম, বিভিন্ন রকম শুকনো খাবারের ছড়াছড়ি সেখানে। আছে নানা জাতের ফলও। ইচ্ছে করলে খাবেন, সঙ্গে নিয়েও আসতে পারেন যত খুশি। বাসায় গিয়ে খাবেন, কেউ না করবে না এখানে।
শিশিরই জানাল, গুগলে একটা কথা খুব প্রচলিত। সেটি হচ্ছে, ‘গুগল ১৫’। অর্থাৎ যে গুগলে চাকরি পায়, প্রথম বছরেই নাকি তার ১৫ পাউন্ড ওজন বেড়ে যায়। শিশিরের সঙ্গে সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশির ভাগ জায়গাতেই সামনে কম্পিউটার নিয়ে যে যার মতো কাজ করছে। পৃথিবীর অনেক দেশের মানুষই এখানে কাজ করে।
গুগলে বাংলাদেশি আছে কতজন? সংখ্যাটা মোটামুটি গর্ব করার মতোই। শিশির জানালেন, এখানে ৪০ জনের ওপর বাংলাদেশি কাজ করছে। মনে মনে না বলে পারলাম না, ‘সাবাশ বাংলাদেশ! এগিয়ে যাও, শিখে নাও টেকনিক, তারপর সাজাও নিজের দেশ।’

গুগল ক্যাম্পাস
গুগল প্রধান কার্যালয় যাকে ওরা বলে গুগল ক্যাম্পাস, সেখানে আছে কর্মীদের জন্য গেমস রুম, সকার (ফুটবল) মাঠ, ক্রিকেট মাঠ, সেলুন ও ব্যায়ামাগার।
চলাফেরার জন্য আছে এক বিশেষ ধরনের সাইকেল, যাতে বেশ কয়েকজন উঠতে পারে। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য আছে ডাক্তারখানাও।
সবচেয়ে মজা পেলাম, বাংলাদেশি ইয়েলো ট্যাক্সিক্যাবের মতো একটা গাড়ি দেখে। সেটি অনেকটা লটারির পুরস্কারের গাড়ির মতো দড়ি দিয়ে ঘিরে রাখা হয়। গাড়ির ছাদে, পাশে অনেক ধরনের অত্যাধুনিক ক্যামেরা, মনিটর ইত্যাদি বসানো। এটাকে বলে গুগল স্ট্রিট ভিউ কার! এই জিনিসটির সঙ্গে আমার একদমই পরিচয় ছিল না। পরে শুনেছি এ ধরনের গুগল গাড়িই সারা পৃথিবীর মতো বাংলাদেশও চষে বেড়িয়েছিল।
গাড়ির সামনে, দাঁড়িয়ে একটা ছবি তোলা হলো। এরপর গেলাম সেই বিস্ময়কর ফটো বুথে, যেখান থেকে পৃথিবীর যেকোনো ঠিকানা লিখে দিলেই সেটা সরাসরি চলে আসবে চোখের সামনে। বুঝতেই পারছেন আমি গুগল আর্থ মানে গুগল মানচিত্রের কথা বলছি। শিশির আমাকে একটা চমক দেখানোর অপেক্ষায় ছিল। সে আমার কাছ থেকে ঠিকানা চাইল।
দিলাম আমার বাংলাদেশের বাড়ির ঠিকানা লিখে। খানিক পরেই দেখি বড় পর্দায় আমার বাড়ির ছবি আমার সামনে। বাড়ির ছাদের পানির ট্যাঙ্কটাও এমনকি আমার চিনে নিতে অসুবিধা হলো না। বাসার পাশের গাছগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো যেন আমাকে মিস করছে।
পাশেই দেখা গেল আরেকটা জায়গা, যেখানে ডিজিটাল পর্দায় প্রদর্শিত হচ্ছে গুগল অফিস ঘুরে যাওয়া পৃথিবীখ্যাত সব মানুষের ছবি।
পুরো গুগল অফিস ঘুরে পরিবেশটা মোটেও অফিস অফিস মনে হয়নি। মনে হচ্ছিল সত্যি সত্যি কোনো নামীদামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গুগল ক্যাম্পাসের একটি বাহন আকৃষ্ট করল আমাকে। শত শত রঙিন সাইকেল সাজানো আছে বিভিন্ন সাইকেল স্ট্যান্ডে। যার যখন প্রয়োজন সাইকেল নিয়ে চলে যাচ্ছে গুগল ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে।
শিশিরকে জিজ্ঞেস করলাম, তোমাদের অফিস টাইম কটা থেকে কটা? ও বলল, নয়টা থেকে পাঁচটা, কিন্তু সময়মতো আসতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই।
বলে কী? তাহলে যদি সারা দিন না এসে ঘরে বসে থাকি?
শিশির বলছিল ‘এখানে যে কাজ যাকে দেওয়া হয়, সেই কাজটি সময়মতো করে দিলেই হলো। সবাই ক্যাম্পাসে আসতে চায়। কারণ না এলেই বরং খারাপ লাগে। এত সুযোগ-সুবিধা তো বাইরে পাওয়া মুশকিল!’
বুঝলাম ব্যাপারটা। এত সুবিধা দিয়ে রাখা হয়েছে কারণ কর্মীদের যাতে অন্যদিকে তাকাতে না হয়। পুরো মেধা যাতে গুগলের প্রজেক্টের পেছনে লাগাতে পারে। বিদায় নিলাম শিশিরের কাছ থেকে। শিশির কিছু স্যুভেনির উপহার দিল।
আমাদের পরের গন্তব্য ফেসবুক অফিস। কে না জানে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট সম্পর্কে!

ফেসবুকের পথে
গুগল অফিস দর্শন শেষে, শাহরিয়ার তাড়া দিল। ফেসবুকের হেড অফিস বন্ধ হওয়ার আগেই যেতে হবে। ছুটলাম এফ বির (ফেসবুক) দিকে। পৌঁছে দেখি মেহেদি বখত আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে দর্শনার্থীদের নাম নিবন্ধন করতে হয় সারি সারি সাজানো আই প্যাড রেজিস্ট্রারে। এরপর নিজের নাম-সংবলিত আইডি কার্ড প্রিন্টার থেকে স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে। তবে কারও না-কারও রেফারেন্স ছাড়া এখানে নাম নিবন্ধন করা বেশ কঠিন কাজ।
কমলা রঙের ফিতাসহ আইডি কার্ড গলায় না পরলে মেশিন রিড করবে না, দরজাও খুলবে না। ফেসবুক অফিসে ঢোকার পথেই চোখে পড়েছিল বড়সড় একটা বিলবোর্ডের মতো। যেখানে লেখা ‘ওয়ান হ্যাকার ওয়ে’। মনে মনে ধাক্কার মতো খেলাম! হ্যাকার মানে যে খুব ভালো কিছু হয়, তার ধারণা ছিল না।
মেহেদি আমাদের এফবির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাল। বিশাল সব ক্যানটিন, গুগলের মতোই অনেক খাওয়া-দাওয়ার আয়োজন কর্মীদের জন্য। আলাদাভাবে চোখে পড়ল আইসক্রিমের দোকান।
ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে চোখ আটকে গেল। সেখানে লেখা ‘ ডোন্ট টেক ফটোজ অব অ্যানিমেলস’ অর্থাৎ ‘জীবজন্তুর ফটো তুলবেন না’, অবাক হলাম! এখানে আবার জীবজন্তু আসবে কোথা থেকে!
মেহেদি সেই প্রশ্নের উত্তর দিল। এখানে সাধারণত সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মিটিং করতে আসেন। আগ্রহী দর্শনার্থীদের অতিরিক্ত ফটো তোলা থেকে বাঁচার জন্য মার্কের এই মজার ঘোষণা। মেহেদি আরেকটি মজার তথ্য দিল। এফবিতে নাকি কারও নিজস্ব কোনো অফিস রুম নেই। সারি সারি কম্পিউটার সাজানো।
যে কেউ যেকোনো কম্পিউটারে লগইন করে অফিসের কাজ করতে পারে। এই নিয়ম এমনকি মার্ক জাকারবার্গের জন্যও প্রযোজ্য! ফেসবুকে যেমন ‘ওয়াল’ থাকে, যেখানে সবাই নিজের স্ট্যাটাস দেয়, এফবি হেড কোয়ার্টারে তেমনি একটা ‘ওয়াল’ আছে। এটা অবশ্য সত্যিকারের ওয়াল মানে দেয়াল।
ফেসবুক কার্যালয়ে আসা দর্শনার্থীরা এখানে তাঁদের মন্তব্য লিখতে পারেন। আমিও লিখে দিলাম, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’
আরও কিছুক্ষণ ফেসবুক ক্যাম্পাস ঘুরে এবার বিদায় নিলাম মেহেদির কাছ থেকে। ক্যাম্পাসের সামনে প্রধান সড়কের পাশেই বিখ্যাত ‘লাইক’ সাইন। যারাই ফেসবুক ক্যাম্পাসে দেখতে আসেন কেউ এই সাইনের সঙ্গে ছবি না তুলে বাড়ি ফেরেন না। আমিও সেই নিয়মের বাইরে গেলাম না।
বলে রাখি, ফেসবুকে আমার কিছু ফেক বা ভুয়া আইডি থাকলেও আমার আসল আইডি হলো: www.facebook.com/situtul
গুগল আর ফেসবুক অফিস ঘুরে দেখার পুরো সময়টা মিস করছিলাম আমার দুই ছেলে শ্রেয়াশ ও আরশকে। তারা দুজনই কম্পিউটারের পোকা। আনন্দটা আরও অনেক বেশি হতো বাপ-ছেলে মিলে এই দুটো অফিস ঘুরে দেখতে পারলে।
দেশে এসে, অবশ্য ওদের হাতে তুলে দিয়েছি গুগল আর ফেসবুক থেকে নিয়ে আসা স্যুভেনির। তাতেও ওরা কম খুশি হয়নি।