ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খরগোশ ও কচ্ছপের পুনঃকথন
খরগোশ ও কচ্ছপের পুনঃকথন

খরগোশ ও কচ্ছপের পুনঃকথন
সেই খরগোশ ও কচ্ছপের কথা। তাদের এখন নাতি-পুতি হয়ে বংশবিস্তার হয়েছে। কিন্তু যুগের পর যুগ কচ্ছপের দল খরগোশদের খোঁটা দিয়ে বেড়ায়, দৌড় প্রতিযোগিতায় হারানোর গল্প শোনায়। খরগোশেরা অতিষ্ঠ, পশুসমাজে তারা ঐতিহাসিক বোকামির জন্য মুখ দেখাতে পারে না।
এক খরগোশ তখন কচ্ছপকে চ্যালেঞ্জ করল, ‘হয়ে যাক আরেকটা প্রতিযোগিতা, এবার দেখি কে জেতে!’ কচ্ছপ রাজি। খরগোশ তখন দুটি শর্ত দিল, ‘দেখো ভাই কচ্ছপ, দৌড়ানোর ব্যাপারটা তো ব্যাকডেটেড হয়ে গেছে। দৌড়ের বদলে চলো এবার আমরা একটা কুইজ প্রতিযোগিতা করি। আর শর্ত নম্বর দুই, কম্পিটিশন হবে বাংলাদেশে।’
যেই কথা সেই কাজ। তারা পশু-ফ্লাইটে বাংলাদেশ চলে এল। দিনক্ষণ ঠিক ছিল। প্রতিযোগিতার ঠিক আগের রাতে কচ্ছপ উঁকি দিল খরগোশের রুমের জানালা দিয়ে। দেখল, খরগোশ আরাম করে ঘুমাচ্ছে। কচ্ছপ তো মহা খুশি। তাকে আর পায় কে! এবারও বুঝি ঘুমের কারণে খরগোশ হেরে যাবে! কচ্ছপ তাড়াতাড়ি রুমে ফিরে বই নিয়ে বসে। রাতভর পরিশ্রম করে প্রস্তুতি নেয়।

নির্দিষ্ট দিনে প্রতিযোগিতা শুরু হলো। কচ্ছপ ধীরেসুস্থে উত্তর দিয়ে ফেলল। মাঝেমধ্যে খরগোশের দিকে আড়চোখে তাকিয়ে দেখল, কী যেন একটা ভাবছে সে।
একসময় ফলও প্রকাশিত হলো। কচ্ছপ পেয়েছে ৮১, আর খরগোশ ১০০-তে ১০০। খরগোশ বিজয়ী। কচ্ছপের তখন মাথা খারাপ। তড়িঘড়ি খরগোশের কাছে গিয়ে হুংকার ছাড়ল, ‘ক্যামনে ম্যান, ক্যামনে!’
খরগোশ তৃপ্তির হাসি হেসে বলল, ‘প্রশ্ন তো হাতেই ছিল রে, বাছা! বাংলাদেশে স্লো অ্যান্ড স্টেডিরা কখনো জেতে না; বরং তারাই জেতে, যারা শর্টকাট ফলো করে।’
টিভিতে তখন কেউ একজন বলে যাচ্ছে, ‘খরগোশ-কচ্ছপের প্রতিযোগিতা সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে। কোনো ধরনের গুজবে কান দেবেন না...’
শাদমান জাহিন


বছর চারেক পর

কবির সাহেব হঠাৎ বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করছেন। এখন বাজে রাত দুইটা। স্ত্রীকে ডেকে তুললেন। স্ত্রী তো মহা বিরক্ত, ‘এই সময় কেউ এভাবে ডাকাডাকি করে? এখন পর্যন্ত তোমাকে সিম্পল ফরমালিটিগুলোও শেখাতে পারলাম না! শান্তিমতো ঘুমাতেও দেবে না।’
কবির সাহেব বুক চেপে ধরে বললেন, ‘ওগো, বুকের বাঁ পাশটা খুব ব্যথা করছে। মনে হয় হার্টের প্রবলেম। তুমি একটু দারোয়ানকে ডাকো।’
দারোয়ান এসে হাজির। কবির সাহেব ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন। এক্ষুনি বের হতে হবে। বাসায় হইচই শুনে কবির সাহেবের ছেলে জেগে উঠল। ছেলে মেডিকেল কলেজে পড়ছে। বাবাকে ডাক্তারের কাছে যেতে দেখে সে খুব অবাক, ‘বাবা, আমি বাসায় থাকতে তুমি বাইরের ডাক্তারের কাছে যাচ্ছ কেন?’
কবির সাহেব গাড়িতে উঠতে উঠতে বললেন, ‘বাপ রে, অন্য কেউ না জানুক, আমি তো জানি, মেডিকেলে তুই কীভাবে চান্স পাইছিলি। নিজের হাতে দুই লাখ টাকা দিয়ে উত্তরসহ প্রশ্ন কিনে তোকে পরীক্ষার আগের রাতে এনে দিয়েছিলাম।’
ছেলে আর কথা শেষ করতে পারে না, তার আগেই কবির সাহেব গাড়ি নিয়ে বের হয়ে যান।
সঞ্জয় সরকার

কুকুর
কুকুর

কুকুর!
রাস্তা দিয়ে হেলেদুলে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। গলির মোড়ে দেখি এক তরুণী ভীতমুখে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম, আমার চেহারা দেখে মনে হয় ভয় পেয়েছে। কিন্তু কিছুক্ষণ পর আমাকে ডেকে বলল, ‘এক্সকিউজ মি, রাস্তার ওপাশে একটা কুকুর দাঁড়িয়ে আছে! ভয়ে রাস্তা পার হতে পারছি না...কুকুরটাকে যদি একটু তাড়িয়ে দিতেন!’
আমার কুকুরভীতি প্রবল। ছোটবেলায় একবার কুকুরের কামড় খেয়ে ১৪টা ইনজেকশন নিতে হয়েছিল। সেই থেকে আমি কুকুর হইতে এক শ হাত দূরে থাকি। কিন্তু এই তরুণীর সামনে তো আর এসব বলা যায় না! মানসম্মান ও পৌরুষের ব্যাপার! তাই সাহসী একটা ভাব নিয়ে কুকুরটা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে একটু ‘দূর দূর’ করে আওয়াজ করলাম। কিছু বুঝে ওঠার আগেই কুকুরটা আমার দিকে তাকিয়ে ‘ঘেউ ঘেউ’ করে দিল এক দৌড়! পৌরুষের নিকুচি করে জান বাঁচানোর জন্য আমিও দিলাম দৌড়! অনেকক্ষণ দৌড়ে বেশ খানিকটা দূরে গিয়ে থামলাম। চেয়ে দেখলাম, কুকুরটা আর আশপাশে নেই। ভয়ে ভয়ে বাসায় ফিরতে লাগলাম। হঠাৎ আবার সেই তরুণীর সঙ্গে দেখা! তরুণী একগাল হেসে আমাকে বলল, ‘এই যে ভাইয়া, অনেক থ্যাংকস আপনাকে! আপনার যে কী বুদ্ধি! কত্ত সহজে কুকুরটাকে দূরে নিয়ে গেলেন! অনেক থ্যাংকস, ভাইয়া!’
আমি মুখে একটা কাষ্ঠ হাসি ঝুলিয়ে বললাম, ‘এটা কোনো ব্যাপার হলো!’
মেহেদী হাসান