ফেসবুক কর্নার

আমি যখন রিকশাওয়ালা
ঘটনাটা এসএসসি পরীক্ষার কিছুদিন আগের। স্যারের কাছে পড়া শেষ করে রিকশায় উঠে বসেছি। কিছুক্ষণ পর রিকশাওয়ালা আমাকে অপেক্ষা করতে বলে পানের দোকানে গেলেন পান কিনতে। আমি রিকশায় হাত-পা ছড়িয়ে আরাম করে বসে এসএসসি পরীক্ষায় পাস-ফেল নিয়ে চিন্তা করছি, এমন সময় এক ভদ্রমহিলা সঙ্গে এক মেয়েকে নিয়ে রিকশার সামনে এসে আমাকে জিজ্ঞেস করলেন, ‘এই খালি, যাবা?’ আমি তখনো বুঝিনি প্রশ্নটা আমাকেই করা হয়েছে কি না। ভদ্রমহিলা যখন আবার একই প্রশ্ন করলেন, তখন বুঝতে পারলাম, তিনি আসলে আমাকে রিকশাচালক ভেবেছেন। চিন্তা করলাম, এসএসসিতে ফেল করলে আমাকে রিকশাই তো চালাতে হবে! কিন্তু তাই বলে এখন থেকেই চেহারার মধ্যে রিকশাওয়ালা ভাব চলে এসেছে নাকি? ভাবনার বিরতি দিয়ে আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, ‘সরি আন্টি, এই রিকশা আমার না।’ ভদ্রমহিলা আমার মুখের দিকে ভীষণ বিরক্ত হয়ে বললেন, ‘রিকশা তোমার না অন্য কারও, তা তো জানতে চাই নাই। তুমি যাবা কি না বলো!’ আমি কী বলি, রিকশা থেকে নেমে বললাম, ‘যাব, রিকশাওয়ালা এলেই যাব।’
কুন্তল হোসেন
সেকালে যদি অনলাইন নিউজ পোর্টাল থাকত
১. নায়করাজ রাজ্জাক ‘নীল আকাশের নিচে’ গান গাওয়ার পর শিরোনাম হতো: ‘খোলা নীল আকাশের নিচে নায়ক রাজ্জাক একি করলেন! দেখুন ভিডিওসহ।’
২. শাবানা ও আলমগীরের ‘তুমি আরও কাছে আসিয়া’ গান বের হওয়ার পর শিরোনাম হতো: ‘আলমগীরের আরও কাছে আসিয়া একি করলেন নায়িকা শাবানা! দেখুন ভিডিওসহ।’
৩. সালমান শাহ ও লিমা অভিনীত প্রেমযুদ্ধ সিনেমা মুক্তি পাওয়ার পর শিরোনাম হতো: ‘সালমানের সঙ্গে প্রেমযুদ্ধ খেললেন লিমা! দেখুন ভিডিওসহ।’
৪. দিতি ও ইলিয়াস কাঞ্চনের গান ‘আমার রাত কাটে না’ বের হওয়ার পর শিরোনাম হতো: ‘ইলিয়াস কাঞ্চনকে ছাড়া নাকি দিতির রাতই কাটে না! দেখুন ভিডিওসহ।’
সাব্বির আহমেদ

যানজট থেকে দারুণ কিছু
রুমমেট ছোট ভাই বাইরে থেকে রুমে এল। ভীষণ মন খারাপ। কারণ জিজ্ঞেস করায় উত্তর দিল, ‘যানজট সমস্যা।’ ভাবলাম, এটা আর কী এমন সমস্যা! ঢাকার নিত্যদিনের ঘটনা। ঢাকায় থাকবে অথচ যানজটে নাকাল হবে না, তা তো হয় না! তাই আগ্রহ না দেখিয়ে চুপ করে থাকলাম।
কিন্তু ছোট ভাই যখন অন্যদের আসল ঘটনা বলতে শুরু করল, তখন বুঝলাম, আসলে যানজট না থাকায় তার মনটা খারাপ! তাই জিজ্ঞেস করলাম, ‘কিন্তু এটা কীভাবে সম্ভব?’ ছোট ভাই বলল, ‘আরে ভাই, বইলেন না, গার্লফ্রেন্ডকে নিয়ে প্রথমবারের রিকশা ডেটিংয়ে বেরিয়েছিলাম। কিন্তু মাত্র পাঁচ মিনিটেই রিকশা ডেটিং শেষ! যে রোডে প্রতিদিন যানজটে আধা ঘণ্টা লাগে, সেখানে মাত্র পাঁচ মিনিট, বোঝেন অবস্থাটা!’ ছোট ভাইয়ের কথা শুনে ভাবলাম, যানজট থেকে যদি দারুণ কিছু হয়, তাহলে যানজটই ভালো!
মো. শাহীন
সর্বজ্ঞানী
ভাগনিকে স্কুলে ভর্তি করানোর জন্য মহাযজ্ঞ চলছে। সে প্রথম দিন আমাকে বলছে, ‘মামা, স্কুলে কী হয়?’ আমি একটু বুদ্ধি খাটিয়ে বললাম, ‘মামা, তুমি স্কুলে গেলে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ চালাতে শিখতে পারবে।’ ভাগনি বলল, ‘মামা, আমি তো মোবাইল ফোন, ল্যাপটপ সবই চালাতে পারি। স্কুলে গিয়ে কী করব?’
শফিকুল ইসলাম
অসাধারণ প্রশ্ন
সাধারণ জ্ঞান পড়তে পড়তে আমি নিজেই অসাধারণ হয়ে যাচ্ছি! তবু সাধারণ জ্ঞানে সাধারণ কিছু পাচ্ছি না। আর মনে সাধারণ একটা প্রশ্ন জাগছে, সাধারণ জ্ঞান নামটার পরিবর্তে মুখস্থ জ্ঞান নামটা কেন রাখা হচ্ছে না?
রাফি রায়হান