ফেসবুক কর্নার
ভাগ্যকে মেনে নিন
* পরীক্ষার হলে আপনি আর আপনার বন্ধু সমযোজী বন্ধন গঠন করবেন বলে ঠিক করলেন। আপনি যেটা পারেন, সেটা শেয়ার করলেন। এবার যখন আপনি বন্ধুরটা দেখতে যাবেন, ঠিক তখনই স্যার দেখে ফেললেন। ফলাফল যা হওয়ার তাই! ভাগ্যকে মেনে নিন...
* খাওয়ানোর ভয়ে সব সময় বন্ধুদের এড়িয়ে চলেন। বিকেলে পাড়ার মোড়ের রেস্তোরাঁয় চুপিচুপি ঢুকলেন পুরি, শিঙাড়া খেতে। পাছে বন্ধুরা দেখে ফেলে সেই ভয়ে তটস্থ। চেয়ারটা টেনে বসতে না বসতেই দেখলেন টেবিলের চারপাশে বন্ধুরা বসে গেছে। ভাগ্যকে মেনে নিন...
* একজন ভালো এবং ভদ্র ছাত্র হিসেবে ক্লাসে সব সময়ই ফোন সাইলেন্ট রাখেন। কেউ কখনো ক্লাস টাইমে ফোনও করে না। একদিন বেখেয়ালে সাইলেন্ট করতে ভুলে গেলেন। ঠিক সেদিনই ফোনটা বিকট শব্দে বেজে উঠল। তাও আবার কেমিস্ট্রি ক্লাসে! ফলাফল যা হওয়ার তাই! ভাগ্যকে মেনে নিন...
* দীর্ঘক্ষণ জ্যামে বসে আছেন। ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার। বিরক্তি চরমে। ভাবলেন, ১০ মিনিটের পথ আধা ঘণ্টা জ্যামে বসে কাটানোর চেয়ে হেঁটে যাই। বাস থেকে নেমে যেই হাঁটা দিলেন, অমনি জ্যাম ছেড়ে গেল। চেয়ে চেয়ে দেখলেন আপনার বাসটা আপনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ভাগ্যকে মেনে নিন...
আসাদ আল ইমরান
শীতকালীয় বচন
শীতকাল আসবে আর লোকজনের মুখে এসব বচন শুনবেন না, তা হয় না!
* এর আগে এমন শীত আর পড়েনি!
* হাড্ডি-মাংস সব জমে গেল এই শীতে!
* এত ঠান্ডায় রাতে ঘন ঘন বিছানা থেকে উঠতে হয়, কেমন যে লাগে!
* মনে হচ্ছে ডিপ ফ্রিজে আছি।
* পানি মনে হয় বরফ হয়ে গেছে, গোসল করব কীভাবে!
* এবারই বুঝি জীবনের সময় শেষ হয়ে গেল রে!
কাজী সুলতানুল আরেফিন