ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

সাকিব-তামিম দুই ভাই!
ক্লাস সিক্স-পড়ুয়া ছোট বোনটার নাছোড়বান্দা আবদারে অনেক চেষ্টার পর ওকে ক্রিকেট খেলা বোঝালাম। নতুন নতুন ক্রিকেট বুঝে সে দারুণ খুশি। সকাল-বিকেল টিভিতে ক্রিকেট খেলা দেখে, ভীষণ ব্যস্ত! সেদিন এক খেলায় বাংলাদেশ দারুণভাবে জিতে গেল। তামিম খুব ভালো খেললেন, ভালো খেললেন সাকিবও। দুজনেই একসঙ্গে খেলা শেষ করলেন। পরদিন ছোট বোন পত্রিকা হাতে নিয়ে এসে আমাকে বলল, ‘ভাইয়া, কাল তামিম-সাকিব দুই ভাই-ই অনেক ভালো খেলেছে, তাই না?’ আমি অবাক হয়ে বললাম, ‘সাকিব আর তামিম দুই ভাই? কে বলেছে তোকে?’ ছোট বোন তখন মুখ বাঁকিয়ে বলল, ‘ভাইয়া, তুমি এত দিন হলো খেলা দেখো, তারপরও জানো না যে ওরা দুই ভাই!’ বলেই সে পত্রিকার খেলার পাতাটা আমার চোখের সামনে নিয়ে এসে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ‘এই দেখো, স্কোরবোর্ডে খুব সুন্দর করে দুই ভাইয়ের নাম লিখে দেওয়া আছে তামিম (অপরাজিত), সাকিব (অপরাজিত)!’

কায়েস কাওসার

চাপ!

আমার জীবনটাই একটা চাপাবাজ! যেদিকে তাকাই খালি চাপ আর চাপ! সকালে ঘুম থেকে উঠেই নিম্নচাপ কমাতে হয়! তারপর টুথপেস্টের টিউবে চাপ মেরে পেস্ট বের করে ব্রাশ করতে হয়। ব্রাশ করা শেষে পড়িমরি করে খাবার চিবিয়ে-চাপিয়ে খেয়ে ভার্সিটির বাসের জন্য দে-ছুট। বাসেও সেই চাপাচাপি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পাসে যাওয়া। ক্লাসে গিয়ে খাতার ওপর কলম চেপে ধরে স্যারের গৎবাঁধা লেকচারের চাপ সহ্য করতে করতে বিকেল।

ক্লাস শেষে বাসায় ফিরেও চাপ থেকে নিস্তার নেই। বাথরুমে গিয়ে গোসল সেরে কাপড় ধুয়ে পানি চিপতে চিপতে বেরিয়ে আসা। পেটে খিদের চাপ, সেটা মিটিয়ে ঘুমের চাপও পূরণ করতে হয়। ঘুমের চাহিদা পূরণ হলেও চাপের চাহিদা যেন পূরণ হয় না! পড়ার টেবিলে বসলে আবার পড়ার চাপ ঘাড় চেপে বসে! সারা দিনের এত চাপাচাপি থেকে মুক্ত হতে একটা গান শুনতে যখন মন চাপ দেয়, সেই তখনো গান শুনতে হয় মুঠোফোনের বাটন চেপে চেপে! আর ফেসবুক, হোয়াটসঅ্যাপের কল্যাণে সারা দিনই চলে মোবাইল ফোন চাপাচাপির খেলা।

এত কিছুর পরও কেউ যখন আমাকে বলে, ‘তুই একটা চাপাবাজ!’ তখন মুখ ফুটে শুধু বলতে ইচ্ছে করে, ‘হ্যাঁ, আমিই চাপাবাজ জীবনে-মরণে!’

মো. বেলাল হোসেন

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘এক্সক্লুসিভ’ সাজেশন

উচ্চমাধ্যমিক পরীক্ষার কিছু প্রশ্ন ফাঁস করে দেওয়া হলো। কমন না পড়লে টাকা ফেরত!

১. নিজের নাম

২. নিজের রোল

৩. নিজের রেজিস্ট্রেশন নম্বর

৪. নিজের বিভাগ

৫. নিজের বোর্ড

৬. বিষয় কোড

ওপরের প্রশ্নগুলো প্রত্যেক পরীক্ষায় করা হবে এবং যদি কেউ ভুল উত্তর দিয়ে ফেলে, তার সব পরীক্ষাই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর হ্যাঁ, সব প্রশ্নের উত্তর বল পয়েন্ট কলম দিয়ে দিতে হবে। সাজেশনটি পাওয়ার পর ধন্যবাদ না জানিয়ে সাজেশনটি পাঁচজনের কাছে পৌঁছে দিন এবং সেই পাঁচজনকে বলুন তারাও যেন অন্য পাঁচজনকে এটি পৌঁছে দেয়।

কুদরতি ইসলাম