ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

যে রাঁধে সে চুলও বাঁধে
আমাদের বাসায় কয়েকজন অতিথি আসবেন। আমার আবার রান্না করার এক-আধটু শখ আছে। তাই অতিথিদের জন্য একটা কেক বানালাম। আমার ছোট বোন খুব সুন্দর করে চুল বাঁধতে পারে। বোনের কাছে গিয়ে বললাম, ‘আমার চুলটা একটু বেঁধে দিবি?’ বোন বলল, ‘আমি তো জানতাম, যে রাঁধে সে চুলও বাঁধে!’

ফারহাত মৃত্তিকা

সঞ্চিতা
ভৌমিক স্যার ফোন দিয়ে বললেন, ‘শিমুল, তোমার কাছে সঞ্চিতা আছে?’ অত্যন্ত ক্লিয়ার নেটওয়ার্ক এবং আমার অতীব ক্লিয়ার শ্রবণশক্তির কারণে হয়তো একটু বেশি বেশিই শুনতে পেলাম! মনে হলো, স্যার বলেছেন, ‘শিমুল, তোমার ক্লাসে “সঞ্চিতা” আছে?’ আমি অতি উৎসাহে বললাম, ‘জি স্যার, দুইটা সঞ্চিতা আছে! একটা সঞ্চিতা প্রামাণিক, আরেকটা সঞ্চিতা সরকার…!’

স্যার তাঁর ট্রেডমার্ক ঝাড়ি সহযোগে বললেন, ‘এই ছেলে, সঞ্চিতা প্রামাণিক বা সঞ্চিতা সরকার নয়, আমি সঞ্চিতা, মানে নজরুলের সঞ্চিতার কথা বলেছি!

শিমুল শাহিন

জনস্বার্থে ফ্রি পরামর্শ

*   দয়া করে ফোন কাটবেন না, কাটতে হলে কল কাটুন।

*   আগামী প্রজন্ম দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আগামী প্রজন্মকে পৃথিবীর আলো দেখাতে অবিবাহিত ব্যক্তিদের বিবাহ সম্পাদন অতীব জরুরি। নিজের স্বার্থে না হোক, দেশের স্বার্থে কাজটি করা উচিত।

*   মোটরসাইকেল কিনবেন? আপনি চাইলে ৪০ হাজার টাকার মধ্যে নতুন মোটরসাইকেল কিনে ফেলতে পারেন। মোটর পানি তোলার জন্য, আর সাইকেল চালানোর জন্য।

*   অফিসের বসগণ, আপনারা নারীদের চাকরি থেকে বরখাস্ত করবেন না, করতে হয় ‘কনেখাস্ত’ করুন। চাকরিপ্রার্থী নারীগণ, যত দিন না পর্যন্ত আপনাদের জন্য ‘বোনভা’ বোর্ডের ব্যবস্থা করা হয়, তত দিন আপনারা ‘ভাইভা’ বোর্ডে যাবেন না। প্রয়োজনে অনশন কর্মসূচি দিন।

*   ‘টাকা দিবস’ নামে একটা দিবস প্রচলন করা যেতে পারে। দেশে তো দিবসের ছড়াছড়ি। এটা বাদ থাকবে কেন? টাকা দিবসে সবাই একে অপরকে টাকা দিয়ে উইশ করবে। যার উইশে যত বেশি টাকা থাকবে, তাকে তত বড় শুভাকাঙ্ক্ষী ঘোষণা করা হবে। সেদিন পুরো শহর হবে টাকায় টাকাময়। জাল টাকা দিয়ে উইশ করা যাবে না।

*   আপনার প্রিয় রং হলুদ হতেই পারে, তাই বলে টয়লেট ফ্ল্যাশ করতে ভুলবেন না। কারণ, অনেকেই হলুদ রং পছন্দ করেন না।

মোহাম্মদ রমজান আলী