ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি হবে আমার বাংলাদেশ

.
.

সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচটি নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে—
প্রেমিক: মাশরাফিকে দেখো, কীভাবে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল! পারবে আমাকে এভাবে জড়িয়ে ধরতে?
প্রেমিকা: বুকে জড়িয়ে ধরাটাই শুধু দেখলে? তোমরা ছেলেরা এত বেদ্দপ কেন? আর কিছু চোখে পড়ে না? কীভাবে সবার থেকে আগলে রেখেছে, দেখেছ? পারবে আমাকে এভাবে আগলে রাখতে? পারবে মাশরাফি হতে?
প্রেমিক: মাশরাফি হতে পারব না। আমি বরং মাশরাফির পা হব। ভালোবাসার লিগামেন্ট ছিঁড়ে যাবে, কিছুদিন খুঁড়িয়ে হাঁটব। আবার উঠে দাঁড়াব, ফিরে আসব চেনা গলিতে। আবার তোমার হাত ধরে পথ চলব।

প্রেমিকা: আমি লিগামেন্ট ছিঁড়ব আর তুমি জোড়া লাগাবে, ঠিক আছে?

প্রেমিক: তথাস্তু, তা-ই হবে।

প্রেমিকা: সাতটা অপারেশন কিন্তু! সহ্য করতে পারবে? নাকি...?

প্রেমিক: বলেছিলাম না, মাশরাফির পা হব! সহ্যক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে যেয়ো না।

প্রেমিকা: আর আমি কী হব?

প্রেমিক: তুমি? তুমি হবে আমার বাংলাদেশ।

আল আমিন

জনস্বার্থে...

* প্রেমের মরা জলে ডোবে না। তাই আমাদের সবারই উচিত প্রেম করা, প্রেমে ছ্যাঁকা খাওয়া। প্রেমে ছ্যাঁকা খাওয়া মানেই ‘প্রেমের মরা’। অতএব ছ্যাঁকা খেয়ে সাঁতরাতে নামলে ডুবে যাওয়ার ভয় থাকবে না।

* সব সময় ভরাপেটে চলা উচিত, যাতে করে ভুলেও আমাদের ছ্যাঁকা খেতে না হয়।

* অপরিচিত কোনো মানুষের দেওয়া খাবার খাওয়া উচিত নয়। কারণ, অপরিচিত সেই মানুষ খাবারটা হাত না ধুয়ে দেয়।

* ভালোবাসা এবং ভালো লাগা এক নয়। কারণ, শব্দ দুটোর বানানে পার্থক্য আছে।

* ‘বাকি চাহিয়া লজ্জা দেবেন না’র পরিবর্তে দোকানিদের ‘বাকি চাহিয়া লজ্জা পাবেন না’ লেখা উচিত। কারণ, বাঙালি লজ্জা দিতে ওস্তাদ হলেও পেতে কিন্তু একদম চায় না।

* সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তাই আমাদের উচিত ঘড়ির ব্যাটারি খুলে রাখা এবং নদীতে বাঁধ নির্মাণ করে দেওয়া। যাতে করে সময় ও স্রোত আমাদের জন্য বাধ্যতামূলকভাবে অপেক্ষা করে।

* অর্থই অনর্থের মূল। তাই আমাদের উচিত সারা জীবন বেকার হয়ে পড়ে থাকা। অর্থ উপার্জন করে জীবন অনর্থ করার মানে হয় না।

* পরিশ্রম সফলতার চাবিকাঠি। তাই অলসদের উচিত সফলদের কাছ থেকে চাবিটা সংগ্রহ করে বাজার থেকে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেওয়া, যাতে তারা নিজেরাও সফল হতে পারে।

মাহবুব আলম

.
.

মনা রে মনা!
(আহসান হাবীবের কবিতা অবলম্বনে)

মনা রে মনা, যাচ্ছ কই?
নীলক্ষেতে যাই, কিনব বই।
বই কী হবে? পড়ব, যাতে—
গ্রেড ভালো পাই পরীক্ষাতে।
গ্রেড কী হবে? গ্রেডের ভারে
বাড়বে ডিমান্ড জব-বাজারে।
জব কী হবে? মাসের শেষে—
তুলব বেতন হেসে হেসে।
বোনকে দেব ফোন (এস সিরিজ),
মাকে দেব প্যান, ক্রোকারিজ।

তানভীর জোবায়ের