ফেসবুক কর্নার
স্বাস্থ্যবিষয়ক পরামর্শ যদি এমন হতো
প্রতিদিন খবরের কাগজে ছাপা হয় স্বাস্থ্য ভালো রাখার নানা পরামর্শ। এই পরামর্শগুলোই যদি উল্টো হয়, তাহলে কেমন হবে? ভেবেছেন সোহেল রহমান

চোখের যত্নে স্মার্টফোন
তরুণ-তরুণীরা এখন সারা দিন চোখের সামনে প্রিয় স্মার্টফোনটা ধরে রাখে। কেউ ফেসবুক চালায়, কেউ গেমস খেলে, আবার কেউ বা ভিডিও দেখে ইউটিউবে। মা-বাবারা এতে শঙ্কিতও ভীষণ। তবে চিন্তার কোনো কারণ নেই, এমনটাই দাবি করেছেন ট্রাম্প হেলথ ইনস্টিটিউটের একদল গবেষক। তাঁরা জানান, মোবাইল ফোনের পর্দা থেকে যে আলোকরশ্মি নির্গত হয় তা আসলে চোখের জন্য খুবই উপকারী। এই রশ্মিতে থাকে ভিটামিন সি, মিনারেল এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে।
ক্যালিফোর্নিয়া হেলথ ইনস্টিটিউটের এই গবেষকেরা মোট ১০ হাজার তরুণ-তরুণীর ওপর বছরব্যাপী এই পরীক্ষাটি চালান। এদের মধ্যে অর্ধেককেই সারা দিন ফোনে গেম খেলতে দেওয়া হয়। আর বাকি অর্ধেক তরুণকে রাখা হয় ফোন থেকে দূরে। এক বছর পর তাঁরা দেখতে পান, ফোন চালানো তরুণদের চশমা নেওয়ার হার ফোন থেকে দূরে থাকা তরুণদের তুলনায় ৬৮ শতাংশ কম! গবেষক দলের প্রধান রোফেল ম্যাকরিন এ বিষয়ে বলেন, ‘এই ফলটা আমাদের কাছে বিস্ময়কর। এত দিন যে ধারণা আমরা পোষণ করতাম, তা পুরোপুরি ভুল। কত অজানা রে!’
রোফেল আরও বলেন, ‘ফোনে ফেসবুক অ্যাপটা চালালে আপনি ভিটামাটি “এফ” পাবেন, যা আপনার চোখের জন্য দারুণ উপকারী।’ তবে অপেরা মিনি বা ইউসি ব্রাউজারে ফেসবুকিং করলে এই বাড়তি উপকারটুকু পাওয়া যাবে না বলেও তিনি জানান।

হৃদ্রোগের ঝুঁকি কমাতে ফাস্টফুড
ফাস্টফুড বললেই কেউ কেউ দ্রুত চোখ-মুখ কুঁচকে ফেলেন। নানা ধরনের শারীরিক অসুস্থতার দায় চাপানো হয় মুখরোচক এসব খাবারের ওপর। আসলে এই খাবারগুলো মোটেও ক্ষতিকর নয়। ভোজনরসিকদের জন্য এমন সুখবরই জানাল যুক্তরাজ্যের কয়্যাল হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলেন, এই খাবারগুলো বরং হৃৎপিণ্ড সুস্থ-সবল রাখতে অগ্রণী ভূমিকা রাখে। তাঁরা দাবি করেন, মূলত দেশি ফলমূল ও শাকসবজির উৎপাদনকারীরা এত দিন এই অপপ্রচার চালিয়ে এসেছেন। কারণ, ফাস্টফুড বেশি খেলে ফলমূল ও শাকসবজির ব্যবসায় টান পড়ে। তবে প্রশ্ন উঠেছে, ফাস্টফুড তৈরির প্রধান উপকরণের জোগান আসে তো ওই শাকসবজির উৎপাদনকারীদের কাছ থেকেই। তাঁরা কেন এর বিরোধিতা করবেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মনোবিজ্ঞানী জ্যাকুলিন জোনস বলেন, ‘এটা আসলে আইডেন্টিটি ক্রাইসিস। ফাস্টফুড এত জনপ্রিয় যে শাকসবজির উৎপাদনকারীরা নিজেদের পরিচয় তুলে ধরতে পারছিলেন না। এখন ফাস্টফুড ঝুঁকিপূর্ণ বলে শাকসবজি অর্থাৎ নিজেদের সেরা প্রমাণ করতে চাইছেন।’

মজবুত দাঁতের জন্য চকলেট
আপনার টুথপেস্টে কি চকলেট আর চুইংগাম আছে? যদি না থাকে তাহলে আজই বদলে ফেলুন আপনার বাসার টুথপেস্টটি। কারণ, নুন বা নিমের চেয়েও চকলেট আর চুইংগাম আপনার দাঁতের জন্য বেশি মাত্রায় উপকারী। এমনটাই দাবি করে সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ করেছে দন্ত চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড টিথ সেভারস অর্গানাইজেশন। নিবন্ধে বলা হয়েছে, ক্যাভিটি, দাঁত শিরশির করা বা দাঁত থেকে রক্ত পড়া বড় ধরনের সমস্যা, যা প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে। তবে শিশুকে ছোটবেলা থেকেই বেশি বেশি চকলেট আর চুইংগাম খাওয়ানোর মাধ্যমে এই সমস্যার সহজ সমাধান হতে পারে।
সংগঠনটির সভাপতি উইলিয়াম জেন বলেন, ‘বেশি করে চকলেট খান। সবাইকে চকলেট খেতে উৎসাহিত করুন। এর মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের দাঁতের সুরক্ষা নিশ্চিত হবে। কারণ, কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। আর কে না জানে, চকলেটই আপনার দাঁতের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী।’
সংবিধিবদ্ধ সতর্কীকরণ: হাসি হৃদ্রোগের কারণ!
গ্রন্থনা: আবু সাঈদ