
হাতেনাতে ধরা
তখন মিড টার্ম পরীক্ষা চলছিল। গণিত পরীক্ষার আগের দিন গভীর রাতে অঙ্ক না করে লুকিয়ে লুকিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস পড়ছিলাম। বিষয়টা বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। কিছুক্ষণ পর মা এসে কানে এক টান দিয়ে বললেন, ‘কাল না তোর পরীক্ষা? গল্পের বই পড়তেছিস কেন?’ হাতেনাতে ধরা পড়ে একটা কাষ্ঠ হাসি দিলাম। বুঝলাম না মা টের পেলেন কীভাবে! কিছুক্ষণ পর আবার ফেসবুকে লগ ইন করে দেখি বড় ভাইয়ার মেসেজ, ‘হে হে হে!’
জয়তসিংহ শুভ্র

এল ও এল
আমার এক ফেসবুক বন্ধু, যে কিনা ফেসবুকে নবাগত, ফেসবুকের বিভিন্ন সেলিব্রেটিদের দেখে তারও সেলিব্রেটি হতে ইচ্ছা করল। একদিন সাধ করে স্ট্যাটাস দিল, ‘আমি সেলিব্রেটি হতে চাই।’ কমেন্ট করলাম, `LOL´। কমেন্ট দেখে বন্ধু প্রশ্ন করল, ‘দোস্ত, LOL মানে কী?’ উত্তরে আমি লিখলাম, ‘প্রতিভাবান, বিরাট সেলিব্রেটিদের LOL বলে।’ একটু পরে হোম পেজে সেই বন্ধুর আরেকটি স্ট্যাটাস চোখে পড়ল, ‘আই অ্যাম আ LOL।’
মেসবাহুল ইসলাম
ভূতের গল্প
অমাবস্যার মধ্যরাতে নদীপারের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে শত বছরের পুরোনো বটগাছ। সেই বটগাছে ছিল এক ভূত। আমাকে দেখে সে ভয়ংকর চেহারায় তাকাল আমার দিকে। চারদিকে এত অন্ধকার, তারই মাঝে ভয়ংকর ভূতকে দেখতেই পারলাম না!
মিল্লাত শাহ
ভয়
রাত তখন তিনটা। আমার রুমে একাই ঘুমাচ্ছিলাম। হঠাৎ জেগে উঠে দেখি সাদা কাপড় পরে কে যেন শুয়ে আছে পাশে। ভয়ে না ঘুমিয়ে সারা রাত চোখ বন্ধ করে থাকলাম। সকালে উঠে দেখি, ওটা ছিল আমার কোলবালিশ।
জোনায়েদ আরেফিন
একটি গোল ও সেঞ্চুরির গল্প
হোস্টেলে এক বন্ধুর রুমে রাত জেগে চ্যাম্পিয়নস লিগের খেলা দেখছিলাম আমরা সব ফুটবলপ্রেমী। বায়ার্ন মিউনিখ বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। ইউনাইটেডের এভরা গোল করতেই চিৎকার করে উঠলাম আনন্দে। এক বন্ধু ঘুমিয়ে পড়েছিল। চিৎকার শুনে সে তড়াক করে উঠে জিজ্ঞেস করল, ‘কিরে, সাকিবের সেঞ্চুরি হয়ে গেছে?’
জুহায়ের সাদমান খান
ফেসবুকে যাওয়া-আসা
রাতে এক বন্ধুর ফোন এল। তার সঙ্গে কথা বলতে গিয়ে বললাম, ‘দোস্ত, ওয়েট কর। আমি এখনই আসছি। পাঁচ মিনিটের মধ্যে।’ দরজার দিকে তাকিয়ে দেখি মা কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফোন রাখতেই মা বকতে শুরু করলেন, ‘দিনের বেলা যখন-তখন ঘুরতে যাও বন্ধুদের সাথে; মানা করি না। কিন্তু এই রাতের বেলা আবার কই যাবা? আমাকে তো একবার জিজ্ঞেসও করো নাই!’ আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘কোথায় যাব মানে?’ মা বললেন, ‘তোমার ফোনের কথা সব শুনেছি। দাঁড়াও তোমার বাবাকে বলছি।’ বলেই নিজের ঘরের দিকে রওনা দিলেন। আমি চিৎকার করে
বললাম, ‘আরে মা শোনো, আমি ফেসবুকে যাওয়ার কথা বলছিলাম...!’
আফরিন জুঁই

হায় মেঘ
হায় মেঘ, কৃষ্ণবর্ণ মেঘ, এই তপ্ত রোদের দুপুরে
তুমি আর উড়ো নাকো দূরে দূরে; এসো প্রিয়, আশপাশে!
তোমায় লুকোতে দেখে কাঠ ফাটানো রোদ ক্রূর হাসি হাসে
স্কুলের ড্রিল টিচারদের মতো সে যে তপ্ত বেত মারে ছুড়ে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় রোমকূপ খুঁড়ে
ঘামে ভিজতে ভালোবাসে!
হায় মেঘ, কৃষ্ণবর্ণ মেঘ, এই তপ্ত রোদের দুপুরে
তুমি আর উড়ো নাকো দূরে দূরে; এসো প্রিয়, আশপাশে!
জীবনানন্দ দাশের ‘হায় চিল’ কবিতা অবলম্বনে মিনহাজুল বশির
সেলফির ভবিষ্যৎ
সেলফি তোলার বাতিক যেভাবে ছড়াচ্ছে, তাতে কদিন পর যা ঘটতে পারে—
সিএনজি অটোরিকশায় লেখা থাকবে, ‘বাড়িতে নয়, গাড়িতেই সেলফি তুলুন!’
বিভিন্ন রেস্তোরাঁয় লেখা থাকবে, ‘এখানে সেলফি তোলার সুব্যবস্থা রহিয়াছে!’
তৌফিকুল আমিন সিকদার