
বনসাই
আমাদের পাশের বাসায় দুই বোন থাকে—অনন্যা আর ইরফানা। একদিন ইরফানা আপু অনন্যা আপুকে বলল, ‘অনন্যা, ভাবছি আমগাছে উঠব।’ অনন্যা আপু বলল, ‘তাই! আচ্ছা দাঁড়া, আজকেই তোর জন্য আমগাছের বনসাই কিনতে যাব।’
ফারহাত মৃত্তিকা
গুম
ফেসবুকে সজীব নামে এক বন্ধু বাংলিশে স্ট্যাটাস দিল, Gum hoyeche. স্ট্যাটাসটা চোখে পড়তেই তাড়াতাড়ি কমেন্ট করলাম, ‘দোস্ত, কে গুম হয়েছে? ঘটনা কী?’ বন্ধু এবার বাংলায় রিপ্লাই দিল, ‘আরে ব্যাটা, কয় দিন ঘুম হচ্ছিল না। আজকে ভালো ঘুম হয়েছে।’
ইমন আহমেদ
সাইলেন্সার
: এই যে আপু, শুনুন।
পেছন ফিরে দেখলাম হাই পাওয়ারের চশমা পরা এক ছেলে ডাকছে।
: আমাকে বলছেন?
: জি। আচ্ছা, সাইলেন্সারের বাসাটা কোথায়, বলতে পারেন?
: কী? কার বাসা?
: জি, মানে সাইলেন্সারের বাসাটা...
: ওই মিয়া, ফাইজলামি করেন? মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছা করে, না? ভাগেন! আরেকবার আমার এলাকায় দেখছি তো...
কথা শেষ হওয়ার আগেই দেখি ছেলেটা ভয়ে দৌড়াচ্ছে। ভাবলাম, যাক একটা বীরের মতো কাজ করেছি। খুশিমনে হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই একটা সাইনবোর্ড চোখে পড়ল। সেখানে লেখা, ‘সালেহিন স্যার, ফিজিকস টিচার, এমএসসি ফ্রম...’। ছেলেটা তাহলে এটাই খুঁজছিল? কই ‘সালেহিন স্যার’ আর কই ‘সাইলেন্সার’!
মাইশা সামিহা

গবেষণা
গবেষণা ক্লাসের প্রথম দিন। ম্যাডাম সবার পরিচয় জেনে নিয়ে প্রশ্ন করলেন, ‘বলো তো গবেষণা কাকে বলে?’ কেউ জবাব দিল না। বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি বিষয়টা জোহার অনেক প্রিয়। সবকিছুরই সন্ধিবিচ্ছেদ করে সে। ম্যাডাম কী মনে করে ওকেই জিজ্ঞেস করলেন, ‘তুমি দাঁড়িয়ে বলো।’ জোহা দাঁড়িয়ে জবাব দিল, ‘ম্যাডাম, গবেষণা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয় গো+এষণা। গো মানে গরু আর এষণা মানে খোঁজা। বিজ্ঞানসম্মত উপায়ে গরু খোঁজাকেই গবেষণা বলে।’
শফিকুল ইসলাম
কই-বিভ্রাট
এক নিম্নমধ্যবিত্ত মানের রেস্তোরাঁয় দুপুরে খেতে গেলাম। খাবারের অর্ডার দেওয়ার অনেকক্ষণ হয়ে গেলেও কেউ খাবার দিচ্ছে না। রেগে গিয়ে ওয়েটারকে বললাম, ‘কই, দে...!’ ওয়েটার ভাত নিয়ে এল, সঙ্গে কই মাছ।
: কই মাছ চাইছি আমি?
: আপনিই তো কইলেন
‘কই’ দে।
: আমি বলছি কই, দে...
: আরে ভাই, আমিও তো
তা-ই আনছি।
তানভীর মাহমুদুল হাসান

মতামত
আমার মনে হয় মালয়েশিয়ান কর্তৃপক্ষ তাদের নিখোঁজ উড়োজাহাজটা শীতলক্ষ্যা নদীতে খুঁজে দেখতে পারে। সেখানে সব ধরনের গুমকৃত জিনিস খুঁজে পাওয়া যায়!
জুলযাবাদাইন সাদমান
বিলুপ্ত প্রাণী
কলেজের পরীক্ষায় প্রাণীবিজ্ঞানের একটি প্রশ্ন এসেছে এ রকম, ‘পাঁচটি বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখো।’ আমার বন্ধু ইভান কোনোরকমে চারটির নাম মনে করার পর পঞ্চমটি লিখে এল, ‘গুড হোমো স্যাপিয়েন্স।’
তরিকুল ইসলাম