একমাত্র স্থিতিশীল জিনিস
: মাছের বাজার অস্থিতিশীল, রাজনীতি অস্থিতিশীল, শেয়ারবাজার অস্থিতিশীল, কোন জিনিসটা স্থিতিশীল এই দেশে?
: বাংলা সিনেমার গল্প; দুনিয়া উল্টে গেলেও এই জিনিস আগের
মতোই থাকবে।
মাইশা সামিহা

‘রোম’ ভাড়া দেওয়ার উপায়
এক বিল্ডিংয়ের সামনে লেখা দেখলাম, ‘রোম ভাড়া হবে।’
দারোয়ানকে জিজ্ঞেস করলাম, বাড়িওয়ালা কি ইতালির প্রেসিডেন্ট? রোম ভাড়া দিয়ে দেবে?
দারোয়ান জবাব দিল, ‘জি না। স্যার মোমবাতির ফ্যাক্টরির মালিক।’ মনে মনে ভাবলাম, নাহ! মোমবাতির ব্যবসা করে যদি গোটা রোম শহরটা ভাড়া দেওয়া যায়, তাহলে তো মোমবাতির ব্যবসাই করতে হয়।
তানভীর মাহমুদুল হাসান

ছড়া ম্যাশআপ
আজকাল ‘ম্যাশআপ’ বা এক গানের সঙ্গে আরেক গান জুড়ে দিয়ে নতুন কিছু তৈরি করার বেশ হিড়িক পড়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় শিশুতোষ ছড়াগুলোরও যদি এমন ম্যাশআপ হতো, তাহলে কেমন হতো...
ওই দেখা যায় তালগাছ
ওই আমাদের গাঁ,
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা।
তাঁতির বাড়ি
ব্যাঙের বাসা
তাইরে নাইরে না।
ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠরে,
আমার বাড়ি যাইও বন্ধু
বসতে দেব পিঁড়ে।
বাঁশ বাগানের মাথার ওপর
চাঁদ উঠেছে ওই,
এত ডাকি তবু কথা
কও না কেন বউ?
সৈয়দ মোহাম্মদ রাকিব

শেভ
বাসে করে বাসায় ফিরছিলাম। পাশে বসা যাত্রী মুঠোফোনে কথা বলছেন, ‘শেভ করি নাই, তাই উনারে চিনতে পারি নাই!’ অবাক হলাম, ‘শেভ’ না করলে কেন কাউকে চেনা যাবে না! এমন সময় সেই যাত্রী ফোন রেখে আমাকে জিজ্ঞেস করলেন, ‘বাবা, তোমারে একখান কথা জিগাই?’ আমি বললাম, ‘জি আঙ্কেল, বলেন।’ বললেন, ‘বাবা, তুমি শেভ করতে জানো?’
কয়েক দিন শেভ করিনি বলে প্রশ্নটা করলেন কি না বুঝলাম না। কয়েক সেকেন্ড পর তাঁর মুঠোফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, ‘একটু আগে যে ফুন থেকে কল আসছে, ওই নম্বরটা “শেভ” করে দাও না বাবা!’ কথা না বাড়িয়ে আমি তাঁর মুঠোফোনে নম্বরটা ‘শেভ’ করে দিলাম।
ইমরান হাসান