ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাকা: শিখা
অাকা: শিখা

রিলেশনশিপ স্ট্যাটাস
পরীক্ষা শেষ হতে আর মাত্র ১০ মিনিট বাকি। সবার কলম ঘোড়ার বেগে ছুটছে। আমিও লিখছি। এমন সময় আমার পেজ শেষ হয়ে গেল। চিৎকার দিয়ে বললাম, ‘স্যার, পেজ লাগবে।’ স্যার গম্ভীর গলায় প্রশ্ন করলেন, ‘সিঙ্গেল?’ তাড়াহুড়ার মধ্যে উত্তর দিলাম, ‘না, ইন অ্যা রিলেশনশিপ!’
 শৌভিক তালুকদার
বিয়ের গেট
আসমা আর আমি তখন ক্লাস নাইনে পড়ি। গণিত ভালো বুঝি বলে ওকে আমি অনেক কিছু বুঝিয়ে দিতাম। ওর একটাই সমস্যা ছিল, উপপাদ্যের চিত্র মনে রাখতে পারত না। পিথাগোরাসের উপপাদ্যের চিত্রটা যেন তার মনে থাকে তাই বললাম, ‘দেখ, এই চিত্রটা কেমন বিয়ের গেটের মতো দেখতে। পিথাগোরাসের উপপাদ্য এলে এ রকম বিয়ের গেট আঁকবি।’ পরদিন পরীক্ষার হলে প্রশ্ন পেয়ে আসমা আমাকে জিজ্ঞেস করল, ‘ওই, বিয়ের গেট কি আসছে?’ আমি মাথা নাড়লাম। স্যার ‘বিয়ে’ শব্দটা শুনতে পেয়ে আসমার কাছে এসে বললেন, ‘সবে এসএসসি পরীক্ষা দিচ্ছ, আর হলের মধ্যেই বিয়ের প্ল্যান করছ? ছি ছি ছি!’
 মো. জুবায়ের হোসেন

পেজ রিভিউ
একটু হাসুন
মানুষকে একটুখানি হাসার অনুরোধ নিয়ে খোলা হয়েছিল ফেসবুক পেজ ‘একটু হাসুন’। নাম একটু হাসুন হলেও পেজটির লেখা ও ছবি দেখে কেউ একটু নয়, অনেক হাসে। পেজটি কীভাবে চালানো হয় জানতে চাইলে পেজের এক অ্যাডমিন বললেন, ‘পেট্রল-ডিজেল দিয়ে তো আর পেজ চালানো যায় না! তাই ইনবক্সে পাঠানো বন্ধুদের মজার মজার আইটেমই পেজটির চালিকাশক্তি!’ একটু হাসুনের লাইক এখন প্রায় তিন লাখ ১২ হাজার। একটা পেজকে এতটা সচল রাখতে দিতে হয় অনেক সময় ও পরিশ্রম। কিন্তু কেন এত কষ্ট করে পেজটি চালাচ্ছেন? অ্যাডমিনের উত্তর, ‘পোস্টগুলো পেজের সবাই উপভোগ করেন। কেউ আনন্দ পাচ্ছেন, এই ব্যাপারটি আমাদেরও ফুরফুরে ও সচল রাখে।’ একটু হাসুনের লিংক: fb.com/Ektu.Hashun