
খাটো
খালাতো বোন তাজকিয়া বলছিল, ‘জানো, আম্মু এক আন্টির কাছে বলছিল, তুমি নাকি অনেক খাটো।’
আমার উচ্চতা খুব বেশি না হলেও অতটা বেটেও নই। তাজকিয়ার চেয়ে বড়জোর আধা ইঞ্চি খাটো হব। তাই বলে খালামণি আরেকজনের কাছে এভাবে বলবেন! কিছুটা মর্মাহত হলাম।
তাজকিয়া বলেই চলল, ‘আম্মু আমাকেও বলে, তুমি কত খাটো! স্কুল থেকে এসে আবার এত দূরে কোচিং করতে যাও, পড়াশোনায় অনেক খাটাখাটুনি করো। আমাকেও পড়াশোনার জন্য তোমার মতো খাটতে বলে।’
তাজকিয়ার কথা শুনে নিজেকে খুব বোকা মনে হতে লাগল।
ইসাবা শুহ্রাত

মেঘ না চাইতেই বৃষ্টির ফল
সেদিন সকালে কলেজে যাচ্ছি। মানিব্যাগ বের করে দেখি চকচকে একটা ১০০ টাকার নোট। মনে মনে মাকে ধন্যবাদ দিলাম, নিশ্চয়ই আমার হাতখরচের টাকাটা দিয়েছেন। মেঘ না চাইতেই বৃষ্টি। খুশিতে ওই টাকা দিয়ে একটা ব্রাজিলের পতাকা কিনে ফেললাম। কলেজে থাকার সময়টুকু আনন্দেই কাটল। বাসায় গেলাম কলেজ শেষে। দরজা খুলেই আপু জিজ্ঞেস করল, ‘রাকিব, তোর মানিব্যাগে মোবাইল রিচার্জ করার জন্য ১০০ টাকা দিয়েছিলাম রাতে, রিচার্জ কি করেছিস?’
সৈয়দ মো. রাকিব

ফুটবলপ্রেমী কমলাকান্তের জবানবন্দি
ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের এক কোন্দলের মোকদ্দমা চলিতেছে কোনো এক আদালতে। ফরিয়াদি আর্জেন্টিনার সমর্থক। সাক্ষী কমলাকান্ত। কমলাকান্তের সাধারণ তথ্যগুলো পাঠ শেষে উকিলবাবু গাত্রোত্থান করিলেন।
উকিল: তোমার নাম কী?
কমলাকান্ত: শ্রী কমলাকান্ত চক্রবর্তী।
উকিল: তুমি কী দল?
কমলাকান্ত: আমি কি একটা দল?
উকিল: মানে তুমি কোন দলের সমর্থক?
কমলাকান্ত: কলাবাগান ক্রিকেট দলের।
উকিল: আহ! বিশ্বকাপে কোন দলের সমর্থক?
কমলাকান্ত: কেন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল!
হাকিম দেখিলেন সাক্ষী কী একটা গন্ডগোল বাধাইতেছে, তাই সহজ করিয়া বলিলেন, ‘ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি নানা ফুটবল পরাশক্তি আছে। তুমি তাহাদের মধ্যে কোন দলের সমর্থক?’
কমলাকান্ত হাকিমের উদ্দেশে বলিল, ‘দেখিতেছেন না আমার গাত্রে ব্রাজিলের জার্সি, মাথায় নেইমার দ্য গেম চেঞ্জারের হেয়ারকাট। ইহাতেও যে উকিল বুঝেন নাই আমি ব্রাজিল-সমর্থক, তাহা আমি কী প্রকারে জানিব?’
উকিল: তোমার পেশা কী?
কমলাকান্ত: পেশা নাই।
উকিল: খাও কী করিয়া?
কমলাকান্ত: ব্রাজিলের খেলা দেখিয়া। বন্ধুদের সঙ্গে বাজি ধরিয়া, বাজিতে জিতিলেই খাই।
উকিল: বলি, সেই বাজিতে লাগানো টাকা জোটে কোথা হতে?
কমলাকান্ত: ব্রাজিল জিতিলেই জোটে, না জিতিলে জোটে না।
উকিল হাল ছাড়িয়া দিয়া বলিলেন, ‘আমি এ সাক্ষী চাহি না। ইহার আমি জবানবন্দি করাইতে পারিব না।’
আবিদ রেজা

সমর্থক
এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ‘কী রে দোস্ত, ক্রোয়েশিয়ার জার্সি কিনে আনলি যে! এবার কি তাহলে ক্রোয়েশিয়া সাপোর্ট করবি?’ বন্ধুর জবাব, ‘আরে দূর! ছোট ভাই দাবার কোর্টটা ছিঁড়ে ফেলেছে, তাই জার্সিটা কিনলাম, এটার ওপর দাবা খেলব বলে।’
ইমরান মাহমুদ
সঠিক উত্তর কোনটি
যদি কারও হাতে ব্রাজিলের একটি পতাকা থাকে, ধরে নেওয়া যায় তিনি ব্রাজিলের সমর্থক। যদি কারও হাতে আর্জেন্টিনার পতাকা থাকে, তবে ধরে নেওয়া যায় তিনি আর্জেন্টিনার সমর্থক। কিন্তু একজনের দু হাতেই যদি ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দেশেরই পতাকা থাকে, তবে তিনি কে বা কী?
১. হুসেইন মুহম্মদ এরশাদ ২. পতাকাবিক্রেতা
৩. ফিফা ৪. ওপরের সব কটি
মৃণাল কান্তি দাস