ফেসবুক কর্নার

ইয়ারফোন
আমাদের কিশোরী গৃহপরিচারিকাকে একটা নতুন মুঠোফোন উপহার দিলেন আম্মু। নতুন মুঠোফোন হাতে পেয়ে তার আর আনন্দ ধরে না। কিন্তু হঠাৎ কী ভেবে তার মুখের হাসি উধাও হয়ে গেল। চিন্তিত ভঙ্গিতে আমাকে ইয়ারফোনটা দেখিয়ে জিজ্ঞেস করল, ‘আচ্ছা আপ্পি, এইটা দিয়ে কথা বললে কি বেশি টাকা কাটে?’
জাওয়াতা আফনান

মুরগির প্রতি ভালোবাসা
কিছুদিন আগে বাসায় বেড়াতে এল আমার তিন বছর বয়সী পিচ্চি ভাগনে। আমাদের বুয়া রান্নার জন্য একটা মুরগির পালক ওঠাচ্ছিল। বুয়াকে ভাগনে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, এটা মোরগ না মুরগি?’ বুয়া জবাব দিল, ‘দেশি মুরগি, ভাইয়া।’ সে এই উত্তর শুনে তাড়াতাড়ি তার শার্টটা খুলে বুয়াকে দিল আর বলল, ‘এই জামাটা ওকে পরিয়ে দাও। ওর জামা তো খুলে ফেললে তুমি!’
ইসাবা শুহরাত
তুই যা, আমি আইতেছি
বন্ধুরা মিলে গিয়েছিলাম ঈদের কেনাকাটা করতে। এক দোকানে গিয়ে জামা দেখতে চাইলে দোকানদার একটা জামা বের করে বললেন, ‘তুই যা, আমি আইতেছি’। আমরা ঠিক বুঝতে পারলাম না তিনি ঠিক কেন ওরকম ব্যবহার করে আমাদের চলে যেতে বললেন! জিজ্ঞেস করলাম, ‘কী বললেন? “তুই যা, আমি আইতেছি”? মানে কী এটার?’ দোকানদার জিবে কামড় দিয়ে বললেন, ‘মানে আপা, ড্রেস–এর নাম “তুই যা, আমি আইতেছি”।’ আমাদের এক বন্ধু জামার এমন নাম শুনে পাল্টা জবাব দিল, ‘রাখেন ভাই, আমরা যাইতেছি!’ আর দেরি না করে আমরা বের হয়ে গেলাম সেখান থেকে!
সুমাইয়া সাদিক
ভালো ছেলে
ঈদের দিন অনেক জায়গায় ঘুরে বাসায় ফিরলাম। খুব খিদে পেয়েছিল। এসে দেখলাম টেবিলে পুডিং রাখা। পুডিং দেখে খিদে আরও বেড়ে গেল। টেবিলের পাশে আম্মা ও এক পরিচিত খালা বসে কথা বলছিলেন। খিদেয় অস্থির হয়ে খালার পাশ থেকে পুডিং নিতে গেলাম। হঠাৎ তিনি আমার হাতটা খপ করে ধরে বললেন, ‘বাবা, অনেক খেয়েছি, তুমি আর দিয়ো না। বরং তুমি পুডিংটা খেয়ে নাও।’ আমি তো তাঁকে এমনিতেও দিতাম না, তাই তাঁর কথায় হেসে পুডিং নিয়ে নিজের রুমে চলে আসছিলাম। আসার সময় শুনলাম তিনি আম্মাকে বলে যাচ্ছেন, ‘ছেলে তো অনেক ভালো আপনার! বড়দের কত সম্মান করে!’
তানজিদ