ফেসবুক কর্নার

গেঁয়ো আব্বু
গ্রামের পিচ্ছিল মাটির রাস্তা দিয়ে আব্বু আর আমি কয়েকটা ব্যাগ নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি আছাড় খেয়ে পড়ে গেলাম। আব্বু আমার দিকে তাকিয়ে হতাশ হয়ে বললেন, ‘হায় রে আমার শহুরে ছেলে! এই রাস্তাতেই পড়ে যাস, পাহাড় ডিঙোবি কীভাবে? আমরা তো মাইলের পর মাইল এর চেয়েও পিচ্ছিল রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যেতাম।’ বলে হাসতে লাগলেন। আবার হাঁটা শুরু করলাম আমরা। এবার আব্বু ছোটখাটো একটা চিৎকার দিয়ে বললেন, ‘কোমরটা গেল রে, ধর ধর!’ তাকিয়ে দেখি আব্বু আছাড় খেয়ে পড়ে আছেন। মুখ ফসকে বলে ফেললাম, ‘হায় রে আমার গেঁয়ো আব্বু! মাইলের পর মাইল বুঝি এইভাবে আছাড় খেতে খেতে ক্লাস করতে যেতে?’
আতহার মাসুম
পাখি ড্রেস
ঈদের দিন নতুন জামা পরেছি। খেয়াল করলাম, খালা আর খালাতো বোনেরা হাসাহাসি করছে। জানতে চাইলাম, ‘সমস্যা কী, কী নিয়ে হাসছ সবাই?’ এমন সময় আমার এক খালাতো বোন বলে উঠল, ‘তুমি পাখি ড্রেস পরেছ, সেটা নিয়ে হাসছি।’ আমি প্রতিবাদ করে উঠলাম, ‘আমার এই জামাটা মোটেও পাখি ড্রেস নয়।’ খালা হাসিমুখে বললেন, ‘কিন্তু তোর নাম তো পাখি! তুই যেটা পরবি সেটাই পাখি ড্রেস।’

নাদিয়া ইসলাম
ফাঁকিবাজি
ইংরেজি ক্লাসে ম্যাডাম ভয়েস চেঞ্জ পড়াচ্ছিলেন। পড়ানোর পর আমরা কেমন বুঝেছি জানতে একেকজনকে প্রশ্ন করছিলেন। কয়েকজনকে জিজ্ঞেস করার পর ম্যাডাম আমাকে বললেন, ‘গিভ মি আ গ্লাস অব ওয়াটার।’ ম্যাডাম ক্লাসে ইংরেজিতে লেকচার দেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, ‘এখনই আনছি, ম্যাডাম।’ ক্লাস থেকে বেরিয়ে যেতেই ম্যাডাম ডাক দিলেন, ‘পানি আনতে বলিনি, ভয়েস চেঞ্জ করতে বলেছি। ফাঁকিবাজি শুধু, না?’
অন্তু সরকার
কলমকাহিনি
১৫ দিন ধরে খুব সুন্দর এক মেয়ে কোচিংয়ে আমার আশপাশে বসে। ক্লাসে আমার দিকে তাকিয়ে থাকে। ভাবলাম, মেয়েটা নির্ঘাত আমার প্রেমে পড়েছে। সব সময় আমার সামনে কেমন ইতস্তত ভাব তার। একদিন সে সাহস করে বলেই ফেলল, ‘ভাইয়া, আমাকে চিনতে পারছেন? নবীনবরণের দিন আপনার পাশে বসেছিলাম। আপনি সাইন করার জন্য কলম পাচ্ছিলেন না। আমি দিয়েছিলাম।’ আমি বললাম, ‘ও হ্যাঁ, চিনেছি তো! খবর ভালো?’ মেয়েটা ইতস্তত করে বলল, ‘একটা কথা বলব, কিন্তু কীভাবে বলব বুঝতে পারছি না।’ আমি অভয় দিয়ে বললাম, ‘সমস্যা নাই। যা বলার বলেন।’ মেয়েটা এবার পরিষ্কার করল, ‘আসলে ভাইয়া, সেদিন সাইন করার জন্য যে কলমটা দিয়েছিলাম, সেটা আপনি আর ফেরত দেননি। আমি চাইতেও লজ্জা পাচ্ছিলাম। আসলে কলমটা…’ মনে মনে ভাবলাম এটা নিশ্চয় কথা বলার অছিলা। তাই তাকে থামিয়ে দিয়ে বললাম, ‘ও আচ্ছা কলম, না? দাঁড়ান দিচ্ছি, ব্যাগেই আছে।’ মেয়েটা কলম ফেরত নিতে নিতে বলল, ‘আসলে এইটা আমার বয়ফ্রেন্ডের দেওয়া কলম, বোঝেনই তো, এর সাথে আমার ভালোবাসা জড়িত।’ মেয়েটার শেষ কথাটায় হতাশ হয়ে কোচিং থেকে বের হলাম।
রাফি আদনান
জীবন মানে
সেদিন ভাইয়া আমার ছোট বোনকে পড়া দেখিয়ে আদর করে বললেন, ‘এটা পড়ো, ভাইয়া।’ আমার ছোট বোন রেগে গিয়ে বলল, ‘আমি ভাইয়া নই, আমি বোন।’ ভাইয়া মেনে নিয়ে বললেন, ‘জি, বোন, পড়ো।’ একটু পর ভাইয়া হাসতে হাসতে বললেন, ‘জি বোন (জীবন) মানে জি বাংলা। তার মানে তুমি জি বাংলা?’ আমার ছোটবোন চোখ পাকিয়ে তাকিয়ে রইল।
ফারহাত মৃত্তিকা