ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসফুর রহমান
আঁকা: আসফুর রহমান

সাঁতার কাটা
আমার তিন বছর বয়সী ভাগনে আয়ানকে জিজ্ঞেস করলাম, ‘মামা, তুমি সাঁতার কাটা শিখবা?’ ও জবাব না দিয়ে অন্য রুমে চলে গেল। একটু পর আবার ফিরে এল সঙ্গে একটা ছুরি নিয়ে। গলা উঁচু করে বলল, ‘মামা, তুমি সাঁতার নিয়ে এসো, আমি সাঁতার কাটব।’
শফিকুল ইসলাম

বুদ্ধি থাকলে উপায় হয়
সকালবেলা মা একটা বাজারের ফর্দ ধরিয়ে দিলেন। বিশাল ফর্দজুড়ে মাছ, মাংস, মুরগি, সবজি, তেল—সব পরিমাণসহ লেখা। এরপর ৫০০ টাকার একটা নোট হাতে গুঁজে দিয়ে বললেন, ‘বাজার নিয়ে আসো।’ তীব্র প্রতিবাদ জানালাম আমি, ‘৫০০ টাকায় পুরো বাজারটা চাও নাকি, হ্যাঁ?’ মা সোজাসাপ্টা বললেন, ‘পুরো বাজারটা লাগবে না, লিস্টে যা আছে তা আনলেই চলবে।’ আবার প্রতিবাদ করতে যাচ্ছিলাম, মা বাধা দিলেন, ‘বাজারের টাকা মেরে তোমার ইন্টারনেটের বিল দিতে হবে না। তার জন্যই এই ব্যবস্থা।’ মেজাজ খারাপ হয়ে গেল। এত অল্প টাকায় এত কিছু কীভাবে পাই? বুদ্ধি বের করলাম। বাজার থেকে ফিরে মাকে একটা হরলিকসের কৌটা হাতে ধরিয়ে দিয়ে বললাম, ‘এতে প্রোটিন, আয়োডিন আর যা হাবিজাবি ভিটামিন সবই আছে। এখন থেকে ভাতের সঙ্গে হরলিকস মিশিয়ে খাব! ৫০০ টাকায় এত ভালো বাজার আর পাবে না।’ মায়ের অগ্নিদৃষ্টি দেখে আর কথা না বাড়িয়ে কেটে পড়লাম।

রিয়াজ উদ্দিন

আঁকা: আসফুর রহমান
আঁকা: আসফুর রহমান

গাছ লাগান, বরই খান
ফাহিমের বয়স তখন পাঁচ বছর। একদিন আমাকে এসে বলল, ‘চাচ্চু চাচ্চু, আমি না বরই খাচ্ছিলাম। বরইয়ের একটা বিচিও খেয়ে ফেলেছি।’ কথাটা শুনে আমি ওকে ভয় দেখানোর জন্য বললাম, ‘হায় হায়! এখন তো তোমার পেটে বরইগাছ হয়ে যাবে।’ ও মোটেও ভীত হলো না, উল্টো হাসতে হাসতে বলল, ‘আরে, আমি তো সে জন্যই বিচিসহ খেয়েছি, যেন আর কারও গাছের বরই পেড়ে খেতে না হয়!’
মো. রানা

উপকারী বৃক্ষ
বাড়ির পুকুরপাড়ে একটা নিমগাছ আছে। তার ঠিক পাশেই আছে আরেকটি গাছ, স্থানীয় ভাষায় একে বলে ‘পোয়াগাছ’। এর আসল নাম যে কী তা আমার জানা নেই। এই পোয়াগাছের পাতা দেখতে অনেকটা নিমগাছের পাতার মতোই। দুটি গাছ পাশাপাশি বলে অনেকেই গাছ দুটিকে আলাদা করতে পারে না। সেদিন বন্ধু মনসুরকে পোয়াগাছের পাতা পাড়তে দেখে জিজ্ঞেস করলাম, ‘এই পাতা দিয়ে কী করবি?’ সে হেসে উত্তর দিল, ‘দাদি নিমপাতা নিয়া যাইতে বলছে। আগেও নিছিলাম কয়েকবার। খাইয়া বেশ উপকার পাইছে। তাই আবার নিতে আসছি।’
মাহদী হাসান