ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

উল্টাপাল্টা
ফেসবুকে এক বন্ধুর সঙ্গে চ্যাট করছিলাম। আম্মু আমার পাশের সোফায় বসে টিভি দেখছিলেন। আম্মুকে বললাম, ‘চা দাও।’ মিনিট দশেক পার হয়ে গেল,
আম্মু চা দিচ্ছে না বলে আরেকবার বললাম, ‘কী ব্যাপার, চা দাও না কেন?’ আম্মু অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘চা দিতে বললি কখন?’ আমি তো অবাক, ‘এই তো কিছুক্ষণ আগেই বললাম!’ আমার কথায় আম্মু কিছু একটা বলে প্রতিবাদ করতে চাইল। তখন খেয়াল করলাম, আমার বন্ধু চ্যাটে রিপ্লাই দিয়েছে, ‘আমি তোকে চা দেব মানে?’ বুঝতে পারলাম, উল্টাপাল্টা করে ফেলেছি। আম্মু চা বানাতে গেল। রান্নাঘর থেকে জিজ্ঞেস করল, ‘চায়ের বদলে লাচ্ছি খাবি?’ আমি তখনো সেই বন্ধুর সঙ্গে ফেসবুকে চ্যাট করছিলাম। আম্মুকে বললাম, ‘বিকেলে বের হব।
তখন দেখা হবে।’ কিছুক্ষণের মধ্যেই বুঝলাম, বন্ধুর উত্তর আম্মুকে দিয়ে ফেলেছি!
মো. তৌফিকুল আমিন

আঁকা: শিখা
আঁকা: শিখা

আশার গুড়েবালি
প্রতিদিনই স্কুলে দেরি করে যাই বলে নিয়ামানুযায়ী আমাকে লেট লাইনে দাঁড়াতে হয়। শাস্তিও জোটে কপালে। কিছুদিন ধরে খেয়াল করলাম, আমি লেট লাইনে দাঁড়াচ্ছি না। স্কুলে গিয়েই ক্লাসে ঢুকে যাচ্ছি! মনে মনে খুব খুশি হলাম, আদর্শ ছাত্রীর মতো প্রতিদিন ঠিক সময়ে স্কুলে পৌঁছাই। তাই বন্ধু মেহনাজকে খুশি হয়ে বলছিলাম, ‘দেখলি, আমি এখন ঠিক সময়ে স্কুলে আসি, এক দিনও লেট লাইনে দাঁড়াতে হয় না!’ মেহনাজ মুখ বাঁকিয়ে বলল, ‘হাহ্, প্রিন্সিপাল স্যার দেশের বাইরে গেছেন, ফলে আমাদের শাস্তির ব্যবস্থা আপাতত বন্ধ আছে। তুই তো দেরি করেই স্কুলে আসিস। প্রিন্সিপালের অভাবে লেট লাইনে দাঁড়াস না শুধু!’
ইসাবা শুহরাত

বিদেশ একটি দেশের নাম
ছোটবেলার কথা। একবার স্যার পড়াতে এসে বললেন, ‘আচ্ছা খোকা, পারলে বলো দেখি, পৃথিবীতে কয়টা দেশ আছে?’ আমি সরল মনে জবাব দিলাম, ‘দুইটা দেশ, স্যার—বাংলাদেশ আর বিদেশ।’
মাহাবুবুল আলম

ইংলিশে বাংলা বলেন
রিকশাওয়ালাকে বললাম, ‘ভাই, অমুক বালিকা উচ্চবিদ্যালয়ে যাবেন?’ রিকশাওয়ালা উদাস কণ্ঠে উত্তর দিলেন, ‘চিনি না।’ আমি খানিক অবাক হয়ে বললাম, ‘কী বলেন, আপনি অমুক গার্লস হাইস্কুল চেনেন না?’ রিকশাওয়ালা জোর দিয়ে বললেন, ‘এটা তো চিনিই। সোজা ইংলিশে বাংলা বললেই তো পারতেন। ঘুরায়া কথা বললে বুঝুম ক্যামনে?’ 

মাহদী হাসান