ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিভ্রাট
ফেসবুক ফ্রেন্ডলিস্ট ঘাঁটছিলাম একদিন। স্নিগ্ধা নামের একজনকে হঠাৎ চোখে পড়ল। ও আমার খুব ছোটবেলার বন্ধু, ডাক নাম দিবা। অনেক দিন কথা হয় না ওর সঙ্গে। তবে ফেসবুক প্রোফাইলে দিবার কোনো ছবি ছিল না। তাই দ্বিধান্বিত হয়ে ইনবক্স করলাম, ‘তুমি কি দিবা?’ সে অনলাইনেই ছিল। মুহূর্তেই জবাব দিল, ‘দিবা মানে? কী দিব ফাজিল?’ কথাটা বুঝিয়ে বলতে বাংলিশ ভাষায় আবার লিখলাম, ‘তোমার নাম দিবা?’ এবার সে রীতিমতো হুংকার দিল, ‘বেয়াদব, আমার নম্বর দিয়ে তুই কী করবি? হতচ্ছাড়া, ফেসবুকে আজকাল আপুদের সাথেও ফাজলামি হচ্ছে, না? দাঁড়া, আন্টিকে বলে যদি তোকে মার না খাওয়াই…!’ এবার ভালো করে খেয়াল করলাম। বুঝলাম, ভুল করে পাশের বাসার স্নিগ্ধা আপুকে ছোটবেলার বন্ধু দিবা ভেবে কথা বলছিলাম!
বিশুদ্ধি দেওয়ান

.
.

অভিভাবকের স্বাক্ষর
তখন প্রথম শ্রেণিতে পড়ি। একবার আমাদের ক্লাস টেস্টের খাতায় অভিভাবকের স্বাক্ষর নিয়ে যেতে বলা হলো। অভিভাবকের স্বাক্ষর নিয়ে না গেলেই কঠিন শাস্তি! সেদিন আমার খাতায় অভিভাবকের স্বাক্ষর ছিল না! সেটা জানার পর আমার বন্ধু রিয়া সমস্যার সমাধান করে দিল। নিজ দায়িত্বে খাতায় স্বাক্ষর করে সে নিজেই আমার খাতাটা জমা দিয়ে এল। কিছুক্ষণ পর ম্যাডাম আমাকে ডেকে পাঠালেন। ধমক দিয়ে বললেন, ‘এটা কী লেখা, হ্যাঁ?’ আমি দেখলাম, সেখানে স্বাক্ষরের জায়গায় বড় বড় করে লেখা ‘অভিভাবক’!
বিভা মোশাররফ
পারফেক্ট কাট
চুলে নতুন কাট দিয়ে বাসায় ফিরলাম। কেমন লাগছে চিন্তা করতে করতে বেশ মনোযোগ দিয়ে আয়না দেখছিলাম। ছোট ভাই হঠাৎ বলে উঠল, ‘একদম পারফেক্ট!’ অবাক হলাম। কারণ, ও কখনোই আমার কোনো কিছুর প্রশংসা করে না। জিজ্ঞেস করলাম, ‘চুল কাটা পারফেক্ট হয়েছে? সত্যি!’ ওর নির্লিপ্ত উত্তর, ‘তোমার চুল তো এমনিতেই পারফেক্ট। আমি বড় হয়ে একটা শ্যাম্পুর বিজ্ঞাপন বানাব। সেখানে তুমি মডেল হবা।’ হাসি চেপে, আনন্দে আটখানা হয়ে বললাম, ‘থ্যাঙ্কু! কিন্তু এতই পারফেক্ট যে একেবারে শ্যাম্পুর মডেল বানিয়ে দিবি?’ গম্ভীর গলায় ও উত্তর দিল, ‘আরে, শ্যাম্পু ব্যবহারের আগের অবস্থার মডেল হতে হলে যে রকম খারাপ চুল দরকার, তোমার চুল সে রকম পারফেক্ট!’

তাবাসসুম ইসলাম