ফেসবুক কর্নার

চরম গতি
একটা জরুরি কাজে সাইবার ক্যাফেতে গেলাম সেদিন। নেট স্পিড অনেক কম দেখে ক্যাফের একজনকে ডেকে বললাম, ‘ভাই, গত আধঘণ্টা ধরে লোডই হচ্ছে, লোডই হচ্ছে। এ রকম অবস্থা হলো হবে?’ ক্যাফের লোকটি বিরক্ত মুখে বলল, ‘চরমে যান। স্পিড পাইবেন।’ কথাটার অর্থ বুঝতে না পেরে বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, ‘কোথায় যাব?’ লোকটা মহাবিরক্ত হয়ে বলল, ‘কী নেট চালান! এই জামানার পোলা হয়ে বুঝেন নাই “গুগলি চরমে” যাইতে বলছি? ভালা স্পিড পাইবেন। মজিলা স্লো।’
আমি কথা না বাড়িয়ে ‘গুগলি চরমে’ (google chrome) গিয়ে দুর্দান্ত গতি দ্য স্পিড পেয়ে কাজ করতে লাগলাম!
সাব্বির আহমাদ
সদলবলে
একবার ক্লাস ফাঁকি দিয়ে তিন বন্ধু মিলে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। শিক্ষকের কাছে অসুস্থতার কথা বলে কয়েকজন মিলে ঘুরতে বের হলাম। পাশের এলাকায় মেলা হচ্ছিল। আমরা সেই মেলা দেখতে গেলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রেখে বলল, ‘এখানে কি সদলবলে ডাক্তার দেখাতে এসেছ?’ পেছনে ফিরে দেখি তিনি আর কেউ নন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক!
ওয়াসি আহমেদ
বইটা কার?
একবার বইমেলা থেকে আমার বোন আর আমি অনেকগুলো বই কিনলাম। বাসায় ফিরে একটা ফাটাফাটি বই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে গেল। কার বুকশেলফে বইটা রাখা হবে, তা নিয়ে তুমুল তর্ক। আমার বোন হুংকার দিয়ে বলল, ‘এটা আমার বই! আমি রাখব।’ আমি পাল্টা জবাব দিলাম, ‘না, এটা আমার বই। আমি রাখব।’ আমাদের ঝগড়া শুনে পাশের ঘর থেকে আম্মু ছুটে এসে বললেন, ‘এটা তোমাদের বই হয় কীভাবে? এটা মুহম্মদ জাফর ইকবালের বই! উনি লিখেছেন এটা!’
ফারহাত মৃত্তিকা

সান্ত্বনা
ক্লাস এইট থেকে নাইনে উঠেছি। বন্ধুরা সবাই মিলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে গেলাম। একমাত্র আমার বন্ধু মীম বাবা-মায়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে বাধ্য হলো। তার ইচ্ছা ছিল বুয়েটে পড়বে, স্বপ্নটা স্বপ্নই থেকে গেল! সেই কষ্টেই হয়তো আমাদের থেকে আলাদা হয়ে পড়ল ও। সবকিছু মিলিয়ে প্রায়ই ওর মন খারাপ থাকত। ওকে খুশি করার জন্য তাই আমি নানান কথা বলে সান্ত্বনা দিতে শুরু করলাম। অনেক কিছু বলতে বলতে একদিন বললাম, ‘আরে, কমার্স থেকেও তো মানুষ অনেক ভালো জায়গায় পড়ে। কমার্স থেকেও বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়…!’ বলেই বুঝলাম কী সর্বনাশ করে ফেলেছি! কথাটা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল মীম। আমার সান্ত্বনা–বাক্য শুনে ও হাসছে—ওটুকুই ছিল আমার সান্ত্বনা!
ইসাবা শুহ্রাত
কিউটনেস ইজ…
মেকানিক্যাল ক্লাস চলছিল। স্যার একটানা লেকচার দিয়ে সবশেষে দুটি চিত্র দেখিয়ে বললেন, ‘চিত্র এক আর দুইয়ের মধ্যে কোনটা রিঅ্যাকটিভ আর কোনটা ইম্পালস টারবাইন? কে বলতে পারবে?’ ক্লাসের সবাই চুপ। কারণ, কেউই লেকচারটা ঠিকমতো বুঝতে পারেনি। স্যার হতাশ হয়ে এক মেয়েকে দাঁড় করিয়ে বললেন, ‘মা, তুমি বলো দেখি।’ মেয়েটা স্যারকে সঠিক উত্তর বলে দিল। স্যার খুশি হয়ে বলতে লাগলেন, ‘যাক, তুমি তাহলে ভালোভাবে বুঝতে পেরেছ। ক্লাসে মনোযোগ দিলে সবাই বুঝতে পারত। এখন তুমি বলো তো প্রথম চিত্রটা কেন রিঅ্যাকটিভ?’ মেয়েটা আমতা আমতা করে সত্যি কথাটা জানাল, ‘স্যার, প্রথম চিত্রটা দেখে বেশি কিউট মনে হলো, তাই ওটাকে রিঅ্যাকটিভ বললাম!’
মোস্তফা মনোয়ার
গ্রন্থনা: ফাহমিদা আলম