ফেসবুক কর্নার

তখন কী যে ভালো লাগে!
স্ত্রীর সঙ্গে রিমোট নিয়ে যুদ্ধ করে হেরে গিয়ে বাসা থেকে বেরোচ্ছেন, ঠিক সে সময় বিদ্যুৎ চলে গেল।
তখন কী যে ভালো লাগে!
ক্লাসে যেতে আপনার চরম অনীহা। বাসা থেকে ঠেলেঠুলে পাঠাল ক্লাসে। গিয়ে হাতে পেলেন ফাইনাল পরীক্ষার এক কপি গরমাগরম প্রশ্নপত্র। তখন কী যে ভালো লাগে!
মা বাজারে যেতে বলছেন। কিন্তু আপনি ব্যস্ত ফেসবুকে। ঠিক সে সময় গ্রাম থেকে এলেন বড় মামা।
তার দুহাত ভর্তি টাটকা সবজি, দিঘির চকচকে মাছ, পাঁচটি দেশি তাগড়া মোরগসহ রাজ্যের জিনিসপত্র!
তখন কী যে ভালো লাগে!
আল সানি
আরেক স্ট্যাটাস
সেদিন এক বন্ধুকে দুঃখ করে বলছিলাম, ‘বুঝলি, এই ফেসবুকটাই আমাকে শেষ করল। সারা দিন ফেসবুকে থাকি, তাই ঠিকমতো পড়ালেখাও হয় না। সব দোষ এই ফেসবুকের!’ আমার বন্ধু সান্ত্বনা দিয়ে বলল, ‘কী আর করবি, এটাই ফেসবুকে স্ট্যাটাস দে!’
সৈকত রায়হান
ডাল–কাহিনি
একবার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম। পুরোটা সময় বন্ধু তার মায়ের হাতের ডাল রান্নার প্রশংসা করে গেল। সেই ডাল একবার খেলে নাকি সারা জীবন মুখে লেগে থাকবে। বর্ণনা শুনেই আন্টির রান্না করা ডাল খাওয়ার তীব্র আগ্রহ হলো। দুপুরের খাওয়ার সময় হাত ধুয়ে খেতে বসলাম। আন্টিকে বললাম, ‘আন্টি, আপনার হাতের ডালের খুব নাম শুনেছি। আগে ডাল খেতে দেন।’ আন্টি আমার আগ্রহ দেখে ডাল বেড়ে দিলেন। খেতে গিয়ে মনে হলো—এটাই কি সেই ডাল? তাহলে একটু আগে আমি কী দিয়ে হাত ধুয়েছিলাম?
জয় নূর
গ্রন্থনা: ফাহমিদা আলম