ফেসবুক কর্নার

বাবার টিভি
আমার এক বন্ধুর ছোট ভাই, সারা দিন টিভি দেখে। টিভি না দেখলে ওর চলেই না। সেদিন ও যথারীতি টিভি দেখছিল। ওর বাবা এসে রিমোটটা চেয়ে বলল, ‘বাবা, আমি একটু খেলা দেখব। আমাকে কিছুক্ষণের জন্য টিভিটা ছেড়ে দাও না।’ দুষ্টু ছেলেটা পাল্টা বলল, ‘আমি কেন তোমাকে টিভি ছেড়ে দেব? এটা তোমার বাবার টিভি না, আমার বাবার টিভি?’
ফারহাত মৃত্তিকা
মূল্যবান উপদেশ
আমার প্রথম শ্রেণিপড়ুয়া ছোট ভাইয়ের বার্ষিক পরীক্ষা চলছে। একদিন পরীক্ষার সময় কী ঘটেছিল এসে বলল। ঘটনাটা এ রকম—নির্ধারিত সময়ের আগেই ওর লেখা শেষ। তাই ও বসে আছে। ওকে বসে থাকতে দেখে ওর এক বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘তুমি না লিখে বসে আছ কেন? লেখা শেষ করে রিভিশন দাও!’ ছোট ভাই জানিয়ে দিল, অনেক আগেই কাজ দুটো শেষ হয়ে গেছে। সেটা শুনে ওর বন্ধু উপদেশ দিল, ‘তো কী হয়েছে? পরীক্ষার সময় বসে থাকলে সময় নষ্ট হয়। তাই মুছে আবার লেখ।’
জুমাইনা কথিকা
শিসের পুরস্কার
আমার এক বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম। সকালবেলার ফুরফুরে বাতাস, বেশ ভালো লাগছিল। মনের সুখে শিস বাজাচ্ছি। আমাকে থামিয়ে দিয়ে আমার বন্ধু বলল, ‘তুই এত আস্তে শিস বাজাস! আমি তোর চেয়ে দ্বিগুণ জোরে বাজাতে পারব।’ বলেই সে বেশ জোরে শব্দ করে শিস বাজাতে শুরু করল। ঠিক তখনই পেছনের এক বিল্ডিংয়ের দোতলা থেকে এক গাট্টি ময়লা ওর মাথায় পড়ল! আর কিছু নয়, ময়লাওয়ালার বাঁশির শব্দ মনে করে ময়লা ফেলেছিল বাড়িওয়ালা। ভালোই পুরস্কার ছিল ওর জন্য!
মুহাম্মদ ওবায়দুল্লাহ

দশ টাকার সমস্যা
এক বন্ধুকে বললাম, ‘দশটা টাকা দে তো।’ এর আগেও বেশ কয়েকবার তার কাছ থেকে দশ টাকা ধার নিয়েছিলাম। তাই সে মোটামুটি বিরক্ত হয়ে বলল, ‘তোর খালি কদিন পর পর দশ টাকার দরকার হয়। শুধু দশ টাকার সমস্যা নিয়ে ঘুরিস!’ আমিও ছেড়ে না দিয়ে বললাম, ‘ঠিক আছে, তাহলে বিশটা টাকা ধার দে, দশ টাকার সমস্যা বাদ!’
মো. বেলাল হোসেন
সহজ সমাধান
কলেজ থেকে বাসায় গিয়ে দেখি, ছোট দুই ভাই তুমুল ঝগড়া করছে। কারণ জানতে চাইলে ওরা যা বলল তা শুনে আক্কেলগুড়ুম। একজন বলল, ‘ভাইয়া, ১০+৩=১৩ হয়; আর ও বলছে ৭+৬=১৩ ।’ দুজনই নাছোড়বান্দা। কারণ, অঙ্কটা তাদের শিক্ষক শিখিয়েছেন। এখন আমি কী করি? বুদ্ধি করে বললাম, ‘তোমরা দুজনই ভুল। আসলে ৯+৪=১৩।’ আমার সমাধান শুনে বেচারারা একে অন্যকে সরি বলল।
সানি
গ্রন্থনা: ফাহমিদা আলম