ফেসবুক কর্নার

অগ্নিকাণ্ড
‘আগুন! আগুন!’ ছোট ভাইয়ের চিৎকার শুনে হাতের সামনের পানির জগটা নিয়েই দৌড়ে ওর কাছে গেলাম। কোথাও আগুন দেখতে না পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘কোথায় আগুন? কোথায়?’ ছোট ভাই একগাল হেসে বলল, ‘এই যে, আমার বন্ধু আগুন। ওকে দেখতে পাচ্ছ না?’ উত্তর শুনে কী আর করব? পানিটা ওর মাথায় ঢেলে দিলাম।
মানিক হোসেন
বিপরীত শব্দ
সামনে আমার মেয়ের স্কুলের ভর্তি পরীক্ষা। সে জন্য ওকে সেদিন বিপরীত শব্দ পড়াচ্ছিলাম। ওকে জিজ্ঞেস করলাম, ‘বলো, আকাশের বিপরীত শব্দ কী?’ ও উত্তর করল, ‘পাতাল’। আমি আবার জিজ্ঞেস করলাম, ‘ভালো?’ ওর উত্তর, ‘মন্দ’। ‘সুখ’? জিজ্ঞেস করতেই ঝটপট সঠিক জবাব দিল ও, ‘দুঃখ’। বললাম, ‘ঠিক আছে বলো, নারী?’ এবার খুব চিন্তায় পড়ে গেল ও। অনেকক্ষণ ভেবেচিন্তে উত্তর করল, ‘ভুঁড়ি?’
তাপসী মরিয়ম
গান
সেদিন খুব শখ করে গান গাইছিল আামাদের পাশের বাসার পিচ্চি সাইফুল। প্রথমে আমরা খেয়াল করছিলাম না কী গাইছে, নিজেদের আড্ডায় ব্যস্ত ছিলাম। কিন্তু একটু পর ওর সংগীত প্রতিভায় মনোযোগ দিতেই আমরা শুনতে পেলাম মনের সুখে ও গাইছে, ‘বাবা বলে গেল, আর কোনো দিন “ফান” করো না…ফান যদি পৃথিবীতে না–ই থাকত, তবে সা–রে–গা–মা–পা–ধা–নি–সা কী করে হতো!’
সায়েমা আফরিন

সব ভাষার শব্দ
আমার ভাগনে, সেদিন চিৎকার করে পড়ছে, ‘অ্যা চন্দ্র, সূর্য, ধর্ম ইত্যাদি সংস্কৃত ভাষার শব্দ; পাখি, চাঁদ, মাথা ইত্যাদি তদ্ভব শব্দ… অ্যা… ঢেঁকি, ঢোল, কুলা ইত্যাদি দেশি শব্দ… চা, চিনি ইত্যাদি চীনা ভাষার শব্দ… অ্যা… আনারস, চাবি, আলকাতরা, বারান্দা ইত্যাদি পর্তুগিজ ভাষার শব্দ… অ্যা… ইত্যাদি সব ভাষার শব্দ। ইত্যাদি সব ভাষার শব্দ।’
শফিকুল ইসলাম
বাস্তবতা
প্রতিটি পরীক্ষার আগে চিন্তা করি, পড়ালেখা করে এবার ফাটাফাটি রেজাল্ট করব। যেভাবেই হোক। এরপর কিছু দূর পড়ালেখার পর সিদ্ধান্ত পাল্টে ভাবি, ‘নাহ্, পঞ্চাশের ওপরে পেলেই হলো।’ সিলেবাসের অর্ধেক পড়ার পর আবারও চিন্তাভাবনা পাল্টে যায়, ‘পাস মার্কস এলেই খুশি!’ আর পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে মনে হয়, ‘অংশগ্রহণই বড় কথা!’
রিফাহ তাসনিম
গ্রন্থনা: ফাহমিদা আলম