ফেসবুক কর্নার

বউ-বাচ্চা
তখন ক্লাস সিক্সে পড়ি। আমাদের সামাজিক বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় ছিল প্রাচীন সমাজব্যবস্থা নিয়ে। স্যার আমাদের আর্য জাতি সমাজ অনুচ্ছেদটি পড়তে বললেন। অনুচ্ছেদের একটা লাইন ছিল এমন, ‘আর্য সমাজে প্রতিটি বাড়িতে চৌবাচ্চা ছিল।’ ক্লাসের বোকাসোকা গোছের নাজমুল উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, এখানে বোধ হয় ভুল আছে। এটা কি বউ-বাচ্চা হবে?’
সালমান মাহমুদ
পরিবর্তন
সেদিন ছোট ভাইকে দেখলাম স্কুলব্যাগের ভারে নুইয়ে পড়েছে। ব্যথায় কঁকিয়ে উঠে বারবার বলছে, ‘উফ্! কাঁধ-পিঠ ব্যথা হয়ে গেল রে বাবা!’ তাই দেখে বললাম, ‘এত বই নেওয়ার দরকার কী? কিছু বই রেখে যা।’ ছোট ভাই মুখ কালো করে বলল, ‘নাহ্, বই না নিলে শাস্তি দেবে।’ আমি ওর কথা শুনে পাল্টা জবাব দিলাম, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড কথাটা পাল্টানো উচিত তাহলে। শিক্ষা তো তোর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে রে!’
সানজিদ আজিজ

নাল ভেক্টর
সেদিন আমাদের নতুন পদার্থবিজ্ঞান স্যার ক্লাস নিতে এলেন। ক্লাসরুমে ঢুকেই জিজ্ঞেস করলেন, ‘তোমাদের কি ভেক্টর সম্পর্কে কোনো ধারণা আছে?’ আমরা সবাই উচ্চ স্বরে জবাব দিলাম, ‘জি স্যার।’ স্যার পেছনের সারির এক ছাত্রকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, ‘বলো তো, নাল ভেক্টর কাকে বলে?’ ছাত্রটি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, ‘স্যার, লাল কালারের ভেক্টরকে রংপুরের আঞ্চলিক ভাষায় নাল ভেক্টর বলে!’
লুৎফর রহমান
কীভাবে?
: রোগীর অবস্থা তো খুবই সিরিয়াস। আরও একটা ঘণ্টা আগে আনতে পারলেন না?
: অ্যাকসিডেন্ট তো করলই ১০ মিনিট আগে। এক ঘণ্টা আগে আনব কীভাবে?
শাহরিয়ার জিয়ান
কার্টুন
আম্মু অনেকক্ষণ ধরে টিভিতে হিন্দি সিরিয়াল দেখছিল। বললাম, ‘অনেকক্ষণ হলো সিরিয়াল দেখছ, এবার আমাকে কার্টুন দেখতে দাও।’ আম্মু কিঞ্চিৎ বিরক্ত হয়ে বলল, ‘আয়নার সামনে গিয়ে দাঁড়াও। কার্টুন দেখতে পাবে।’
সৈয়দ আশফাহ তোয়াহা
গ্রন্থনা: ফাহমিদা আলম