ফেসবুক কর্নার
বেত–পরীক্ষা
ছোটবেলায় একবার ইচ্ছে হলো চশমা পরব। মাকে গিয়ে বললাম, ‘মা, আমার চোখে সমস্যা। কিছু দেখতে পাই না, আমার বোধ হয় চশমা লাগবে।’ মা নিয়ে গেলেন আমাদের পরিচিত এক ডাক্তারের কাছে। ডাক্তার চোখ পরীক্ষা করে একটা বোর্ড দেখিয়ে বললেন, ‘কী লেখা আছে পড়ো তো।’ ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। তবু ইচ্ছা করেই জোরে জোরে মাথা নেড়ে বললাম, ‘কিছুই দেখতে পাচ্ছি না।’ ডাক্তার এবার একটা বেত দেখিয়ে জিজ্ঞেস করলেন, ‘অক্ষরগুলো কি এখন পড়তে পারছ, খোকা?’ আমি তাড়াতাড়ি একটানা অক্ষরগুলো পড়তে শুরু করলাম আর সঙ্গে এটাও বলে দিলাম, ‘আমি গতকালই এ বি সি ডি হোমওয়ার্ক করেছি। আমার চশমা লাগবে না!’
মোস্তফা মনোয়ার

কানের জ্যাম
আমাদের ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে কাঁকনকে গণিত স্যার জিজ্ঞেস করলেন, ‘এই, বল তো, ট্রাপিজিয়াম কাকে বলে?’ কাঁকন ক্লাসে মোটেও মনোযোগী ছিল না। ভালোভাবে না শুনেই উত্তর দিল, ‘রাস্তাঘাটে যে জ্যাম লাগে সেটাই ট্রাফিক জ্যাম, স্যার!’ সঙ্গে সঙ্গে স্যার হুংকার দিলেন, ‘দাঁড়া, তোর কানের জ্যাম ছুটিয়ে নিই আগে!’
মেহেদি জামান

দুইটা হাতি
সেদিন আমরা সব আত্মীয়স্বজন মিলে ঘুরতে গেলাম টাঙ্গাইলে। হাঁটতে হাঁটতে আমার এক বোন পুষ্পিতা আমাকে বলা শুরু করল, ‘হাতি! হাতি! হাতি!’ ওজনটা না হয় আমার একটু বেশিই, তাই বলে আমাকে সবার সামনে এভাবে অপমান? আমি ওর দিকে চোখ গরম করে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই ফিক করে হেসে বলল, ‘আরে, তোমাকে বলি নাই তো! ওই দিকে দেখো।’ আমি অন্যদিকে তাকিয়ে দেখি, আসলেই একটা হাতি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। এবার ওর ছোট বোন চেঁচিয়ে উঠল, ‘আরে হাতি হাতি হাতি! দুইটা হাতি!’
ফারহাত মৃত্তিকা
গ্রন্থনা: ফাহমিদা আলম