ফেসবুক কর্নার
দুটি ছড়া
১. বন্ধু মানে ‘জব পেয়েছিস? খাওয়া।’ খাওয়া শেষে বিল না দিয়েই হাওয়া!
২. এই হৃদয়ের সবটুকু প্রেম দিলাম আজই তোরে জলিল হলে প্রুফ দেখাতাম, হৃদয়টা বের করে!
তানভীর জোবায়ের

চাপাবাজি
আমার এক বন্ধু সব সময় চাপা মারে। এমন সুনিপুণভাবে চাপা মারে যে সেগুলো আমরা চাপাবাজিও বলতে পারি না, আবার সেটা সহ্যও করতে পারি না। সেই বন্ধু আরেক দিন চাপাবাজি করতে শুরু করল, ‘জানিস, গতকাল সন্ধ্যায় রেস্টুরেন্টে সাকিব আল হাসানের সঙ্গে দেখা হলো। এরপর আমরা অনেকগুলো সেলফি তুললাম, জমিয়ে আড্ডা দিলাম। খুব মজা করলাম, বুঝলি!’ আমরা তৈরিই ছিলাম। বলে উঠলাম, ‘কোথায় সেলফি? দেখা। নাকি মেহজাবিনের সঙ্গে তোর তোলা সেলফিগুলো যেমন ফোন থেকে ডিলিট হয়ে গেছে, এখানেও সেই একই ঘটনা?’ চাপাবাজ বন্ধুটি এক মুহূর্ত না ভেবেই উত্তর দিল, ‘আরে, সেলফি কি আর আমার ফোনে তোলা? স্বয়ং সাকিব আল হাসানের ফোনে তোলা!’
আশরাফ হোসেন

ক্যান স্যার
সমাজ ক্লাসে স্যার পড়াচ্ছেন, ‘বাংলাদেশের ওপর দিয়ে ট্রপিক অব ক্যানসার রেখা গেছে। এ রেখা আমাদের জলবায়ু আর ঋতুগুলোকে প্রভাবিত করেছে।’ জোহাকে অমনোযোগী দেখে স্যার জিজ্ঞেস করলেন, ‘বলো তো, আমাদের দেশে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় কেন?’ জোহা শোনা যায় না প্রায় এমনভাবে মিনমিনিয়ে পাল্টা জিজ্ঞেস করল, ‘ক্যান স্যার?’ স্যার কিঞ্চিত বিস্মিত হয়ে বললেন, ‘তোমার উত্তর তো ঠিক হয়েছে। ট্রপিক অব ক্যানসারের প্রভাবে। এত মিনমিনিয়ে না বলে জোরে বলো!’
শফিকুল ইসলাম
সিট
ক্লাস করে এসে অনেক ক্লান্ত ছিলাম, বাসস্ট্যান্ডে গিয়ে দেখি মোটামুটি সব বাসেই মানুষ ভর্তি। গেলে দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু এতটা ক্লান্ত ছিলাম যে দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছিল না। কিছুক্ষণ পর একটা বাস এল। হেলপারকে জিজ্ঞেস করলাম, ‘মামা, সিট আছে?’ উত্তর এল, ‘হ মামা, আছে। উইঠা পড়েন।’ বাসে উঠে দেখি সিট খালি নেই, মেজাজ খারাপ হয়ে গেল। হেলপারকে রেগে জিজ্ঞেস করলাম, ‘তুমি না বললা সিট আছে! এখন তো কোনো সিট পাইতেছি না।’ হেলপার সরস কণ্ঠে জবাব দিল, ‘আপনার মাথায় কি ছিট আছে? এতগুলা সিট চোখে পড়ে না? সিট তো ঠিকই আছে। শুধু খালি নাই, এই আর কি!’
মোস্তফা মনোয়ার