ফেসবুক কর্নার
প্রথম শ্রেণির বোকামি
তখন একাদশ শ্রেণিতে পড়ি। বাংলা ক্লাসে ম্যাডাম গল্পের শ্রেণিবিভাগ পড়াচ্ছিলেন। সামাজিক, রাজনৈতিক, মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের শ্রেণিবিভাগ নিয়ে ঝাড়া ২০ মিনিট বক্তৃতা দিলেন তিনি। ‘কলিমদ্দি দফাদার’ নামে আমাদের একটা গল্প পাঠ্য ছিল। ম্যাডাম হঠাৎ ‘কলিমদ্দি দফাদার’ গল্প থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। আমাকে জিজ্ঞেস করলেন, ‘বল তো বেলাল, কলিমদ্দি দফাদার কোন শ্রেণির গল্প?’ আমি এত সহজ প্রশ্ন শুনে জবাব দিলাম, ‘কেন ম্যাডাম, একাদশ শ্রেণির!’
বেলাল হোসেন

চুল্স কাটিং
স্কুলের ড্রিলের লাইনে সব ক্লাসের ছাত্রদের উচ্চতা অনুযায়ী দাঁড় করানো হয়। আমার পাশে দাঁড়িয়ে ছিলেন এক বড় ভাই। ড্রিল স্যার সবাইকে জেরা করেন দারোগার মতো। ক্লাস নাইনে পড়ুয়া সেই বড় ভাইকে স্যার জিজ্ঞেস করলেন, ‘কিরে, চুল কাটিস না কেন? তোকে না গত দিন বললাম চুল কাটতে?’ লক্ষ করলাম, ভাইয়ের চুল বেশ বড়, ঘাড় পর্যন্ত নেমেছে। ভাই কাঁচুমাচু মুখে উত্তর দিলেন, ‘স্যার, চুল তো কেটেছি। কিন্তু চুল্স কাটতে পারব না! মায়া পড়ে গেছে।’ স্যার চোখ কপালে তুলে কোনোরকমে বললেন, ‘চুল্স মানে?’ অতি স্মার্ট বড় ভাই পরিষ্কার করলেন ব্যাপারটা, ‘স্যার, চুল হলো সিঙ্গুলার নাম্বার। কিন্তু মাথায় তো অনেকগুলো চুল। তাই একসঙ্গে বললে অর্থাৎ প্লুরাল নাম্বারে বললে সেটা চুল্স। আপনি চুল কাটতে বলেছেন। তাই আমি একটি চুল কেটেছি!’
আহমদ শরীফ