ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

বাংলা ভাই
আমাদের নতুন বাংলা স্যার ক্লাসে এসেই আমাদের একগাদা পড়া দিয়ে দিলেন। আর বললেন, ‘সব পড়া হওয়া চাই। নইলে ভীষণ শাস্তি।’ তারপর আবার নিজের ব্যাপারে বলতে গিয়ে বললেন, ‘আমাকে তোমরা স্যার ডেকো না, ভাইয়াই ডেকো।’ সেদিন থেকে তাঁর নাম হয়ে গেল বাংলা ভাই। একদিন হেডস্যার আমাদের ক্লাসে এসে বললেন, ‘তোমাদের নতুন বাংলা টিচারকে ডেকে নিয়ে এসো তো।’ আমি টিচার্স রুমে উঁকি দিতেই ইংরেজির শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘কী চাই?’ মুখ ফসকে বললাম, ‘বাংলা ভাইকে, হেডস্যার তাঁকে ডাকছেন!’
আশরাফ হোসেন

এই কাটা কাটা নয়
গণিত পরীক্ষার দিন এক অঙ্ক নিয়ে বিশাল ঝামেলায় পড়লাম। কত রকমভাবে করি, কিন্ত অঙ্ক আর মেলে না। অথচ পরীক্ষা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে অঙ্কটা মিলে গেল! তাই আগের ভুল অঙ্কগুলো কাটতে লাগলাম। কপাল খারাপ, তাড়াহুড়ো করতে গিয়ে একটা সঠিক অঙ্ক কাটা পড়ল। নতুন করে লেখার সময় না থাকায় কাটার পাশে বড় করে লিখলাম, ‘এই কাটা কাটা নয়!’ পরীক্ষার খাতাটা ফেরত পেয়ে দেখি স্যার পাঁচে পাঁচ দিয়ে সেটা কেটে লিখেছেন, ‘এই নম্বর নম্বর নয়!’
সামিহা নুঝহাত

আঁকা: শিখা
আঁকা: শিখা

অপদার্থ চুম্বক
সেদিন ছোট ভাই বিরক্ত মুখে এসে বলল, ‘দূর! তুমি না সেদিন বললে একটা চুম্বক আরেকটা চুম্বকের কাছে ধরলেই দুইটা জোড়া লেগে যায়?’ আমি মাথা নেড়ে সায় দিলাম। এবার সে দুই হাতে রাখা দুইটা চুম্বক দেখিয়ে বলল, ‘তাহলে এই দুইটা জোড়া লাগছে না কেন?’ আমি তাকিয়ে দেখি, তার এক হাতে আসল চুম্বক আরেক হাতে আমার পদার্থবিজ্ঞান বইয়ে আঁকা চুম্বক!
ফারহান ইশরাক

বাগানের মাছ
সেদিন এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে গিয়েছি। বন্ধুর বাড়ির আঙিনায় বিশাল এক সবজির বাগান আছে। খাওয়ার সময় বন্ধুটি বারবার বলতে লাগল, ‘বুঝলি, এই শাক ভাজিটা আমার বাগানের শাক দিয়ে করা। এই যে ফুলকপি, টমেটো, আলুর সবজিটা দেখছিস না? এগুলোও আমার বাগানের সবজি। আর এই যে ছোট মাছের তরকারি এটাও আমার বাগানের…’ বলেই নিজের জিবে কামড় দিয়ে ফেলল ও। আমি হেসে জিজ্ঞেস করলাম, ‘কি, এটাও তোর বাগানের?’ আমার চালাক বন্ধুর ত্বরিত জবাব, ‘কথাটা তো শেষ হয়নি! ওটা আমার বাগানের পাশের পুকুরের!’
ফারহাত মৃত্তিকা
গ্রন্থনা: ফাহমিদা আলম