ফেসবুক কর্নার

ক্রিকেটের ক্যাচ–সংক্রান্ত দুটি ভুল ধারণা
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই ক্যাচ মিস করলেও ম্যাচ মিস হয়েছে শুধু বাংলাদেশের। সুতরাং ‘ক্যাচ মিস মানেই ম্যাচ মিস’—এমন কথা ভুলেও বিশ্বাস করবেন না।
ইংরেজি ক্যাচ শব্দের বাংলা অর্থ ‘ধরা’; অথচ আমরা বলি ‘ক্যাচ ধর’!
ক্যাচাউতুক
একবার এক ক্রিকেটার অনেকগুলো ক্যাচ মিস করায় দল হেরে গেল। খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই ক্রিকেটার দ্রুত বিদায় নেওয়ার জন্য বললেন, ‘কী জিজ্ঞেস করবেন, একটু তাড়াতাড়ি করুন। আমাকে আবার টিম বাস ধরতে হবে।’ ভিড়ের মধ্যে এক সাংবাদিক ফোড়ন কেটে বললেন, ‘সামান্য ক্রিকেট বলই ধরতে পারলেন না, আবার বাস!’
মোহাম্মদ মিকসেতু
হরিণ–চোখ
আমার ছোট বোন একদিন জিজ্ঞেস করল, ‘আচ্ছা আপু, চোখ সুন্দর হলে হরিণের মতো চোখ বলে কেন?’ মাথা চুলকে বললাম, ‘হরিণের মতো সুন্দর, তাই!’ ছোট বোন না বুঝেই মন্তব্য করল, ‘চোখ কীভাবে হরিণের মতো সুন্দর হয়? চোখের কি হরিণের মতো হাত–পা–মাথা–লেজ আছে?’
ফারহাত মৃত্তিকা
ট্যাবলেট
টিউশনির বেশ কিছু টাকা পেয়ে সিদ্ধান্ত নিলাম, এবার একটা ট্যাবলেট কিনব। তাই গেলাম বন্ধুর সঙ্গে পরামর্শ করতে, ‘দোস্ত, ট্যাবলেট কিনতে হবে একটা। কোনটা কিনব, সেটা ভেবে মাথাব্যথা করছে। তুই-ই বল তো, কোনটা কেনা যায়?’ জিজ্ঞেস করলাম আমি। বন্ধু চিন্তিত ভঙ্গিতে উত্তর দিল, ‘তোর যদি সামান্য মাথাব্যথা হয়, সে ক্ষেত্রে তুই নাপা কিংবা প্যারাসিটামল কিনতে পারিস। সামান্য মাথাব্যথার জন্য ওই দুইটা ট্যাবলেটই যথেষ্ট। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ট্যাবলেট খাওয়াই ঠিক না।’
মোস্তফা মনোয়ার

চির বেকার
প্রতিদিন বেকারির সামনে দিয়ে বাসায় ফেরার পথে বেকারির লোকটাকে দেখি আর আফসোস করি—আহারে! বেচারা সারাটা বছর এত কষ্ট করেন, তার পরও যখন কেউ জিজ্ঞেস করে, ‘ভাই, আপনি কী করেন?’ উত্তরে তাকে বলতে হয়, ‘ভাই, আমি বেকার!’
ফাহমিদা ফারজানা
কবি বলেছেন
আমার এক বন্ধু কিছু দিন আগে ডাক্তারের কাছে গেল মাথা ব্যথা নিয়ে। ডাক্তার ভদ্রলোক বন্ধুটির পূর্বপরিচিত। বন্ধু ডাক্তারকে সমস্যার কথা খুলে বলল, ‘ডাক্তার সাহেব, আমার প্রচণ্ড মাথাব্যথা। এই ব্যথায় সব সুখ-শান্তি নাই হয়ে গেল! কী করা যায় বলেন তো?’ ডাক্তার গম্ভীর মুখে বললেন, ‘ওপারে চলে যান।’ বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘মানে?’ রসিক ডাক্তার মিটিমিটি হেসে তখন উত্তর দিলেন, ‘কবি বলেছেন, “নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস!” তাই বললাম, ওপারে যান, আবার সুখ ফিরে পাবেন।’
জিৎ বণিক