ফেসবুক কর্নার

আমরা যেদিন ভূত দেখতে গেলাম
আমাদের এক বন্ধু আছে, সব সময় ভূতের গল্প করে। একবার ওর গ্রামের বাড়িতে গেলাম সত্যিকারের ভূত দেখতে। ঘুটঘুটে অন্ধকারে শ্মশানঘাটের পাশে আমরা কয়েক বন্ধু বসে ছিলাম ভূত দেখব বলে। এমন সময় দূর থেকে কেমন একটা কর্কশ শব্দ ভেসে আসতে লাগল। প্রথমে আস্তে আস্তে আর তারপর অনেক জোরে জোরে। ভয়ে আমাদের অবস্থা খারাপ! এমন সময় আমাদের সেই বন্ধুটি মুখ খুলল, ‘জানিস, আমি ঠিক এ রকম একটা স্বপ্নই দেখেছিলাম। যেখানে আমরা বন্ধুরা ভূত দেখার জন্য বসে আছি আর সেখানে কেমন একটা শব্দ আমাদের মনে ভয় ঢুকিয়ে দিল।’ আমাদের আরেক ভিতু বন্ধু জিজ্ঞেস করল, ‘স্বপ্নে আর কী দেখেছিস, বল!’ এমন সময় দূর থেকে শিয়ালের ডাক পরিবেশকে আরও ভয়ংকর করে তুলল। শিয়ালের ডাক শুনতেই আমাদের বন্ধুটি বলে উঠল, ‘স্বপ্নে এই শিয়ালের ডাকটাও ছিল।’ ওর কথা বিশ্বাস করে ভিতু বন্ধুটি বলল, ‘এরপর কী দেখেছিস? আমাদের ভূত তাড়া করেছে?’ এবার আমার বন্ধুটি কথা না বাড়িয়ে ঝেড়ে দৌড় দিল। ওর দেখাদেখি আমরাও প্রাণপণে দৌড় লাগালাম। ওদের বাসায় পৌঁছানোর পরও বন্ধুটি কথা বলল না। সোজা ঘুমিয়ে পড়ল। ভাবলাম, বেশি ভয় পেয়েছে। পরদিন সকালে উঠতেই আমরা ওকে জিজ্ঞেস করলাম, ‘স্বপ্নের শেষটায় কী ছিল রে?’ ও হাই তুলতে তুলতে বলল, ‘কিসের স্বপ্ন? আমার ঘুম পাচ্ছিল আর তোরা শ্মশানঘাটের ওখান থেকে উঠছিলি না বলে একটু ট্রিক করেছি যা!’
ইউসুফ খান
‘অস্থির’ ছোট ভাই
সেদিন ছোট ভাই সুমন আমাকে জিজ্ঞেস করল, ‘আপু, এক্স-রে মেশিন কি ডিএসএলআর ক্যামেরার চেয়ে অস্থির ছবি তোলে?’ আমি ওর ছাইপাঁশ কথা শুনে অভ্যস্ত, তাই পাত্তা না দিয়ে বললাম, ‘মাইর খাবি?’ সুমন ওর হাতে ধরা বইটা দেখিয়ে বলল, ‘এই দেখ, বইয়ে লিখেছে।’ দেখলাম সত্যিই ওর বইয়ে লেখা, ‘রঞ্জনরশ্মি দ্বারা অস্থির ছবি তোলা যায়!’ বলা জরুরি, বইয়ে মানবদেহের ‘অস্থি’ নিয়ে বিশদ আলোচনা ছিল। আর আমার দুষ্টু ভাই অস্থির উচ্চারণ ‘ও’ না করে ‘অ’ করছিল।
তাবাস্সুম ইসলাম

কঠিন সাবজেক্ট
বাসে করে স্কুলে যাওয়ার সময় এক জুনিয়র বলল, ‘আপু, তোমাদের আর আমাদের পরীক্ষার রুটিন তো একসঙ্গে ছেপেছে। তোমাদের প্রথম দিন একটা কঠিন সাবজেক্ট দেখলাম। কোন সাবজেক্ট যেন?’ আমি অনেক চেষ্টা করেও সাবজেক্টের নাম মনে করতে পারলাম না। ওকে উত্তর দিলাম, ‘এতই কঠিন সাবজেক্ট যে সেটার নামও ভুলে গেছি!’
ফারহাত মৃত্তিকা
মুরগিও মানুষ
প্রাণিবিজ্ঞান ক্লাসে ম্যাডাম মানুষের অনন্য বৈশিষ্ট্য পড়াচ্ছিলেন। একপর্যায়ে বললেন, ‘মানুষই একমাত্র প্রাণী যারা দুই পায়ে হাঁটতে সক্ষম। তারা সব দিক থেকে উন্নত।’ কথাটা শোনার পর ক্লাসের পেছন বেঞ্চে বসা কেউ একজন মুখ ফসকে বলে ফেলল, ‘ম্যাডাম, মুরগিও তো দুই পায়ে হাঁটে, তার মানে মুরগিও মানুষ!’
সানজিদা হোসাইন
গ্রন্থনা: ফাহমিদা আলম