ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল গাছে ঝাঁকাঝাঁকি
সময় তখন রাত একটা। আমরা পাঁচ বন্ধু দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে। উদ্দেশ্য আম পাড়ব। চারদিকে অন্ধকার। খানিক দূরের কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইটই ভরসা। বড় একটা বাঁশের মাথায় বাঁকানো একটা লোহার শিক বাঁধলাম। তারপর রাজেশের কাঁধে উঠে আমগাছের ডাল ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলাম। আমও পড়ল অনেক।
আমাদের লোভ গেল বেড়ে! তাই আরেকটু ভেতরে ঢুকলাম। আগেই বলেছি চারদিকে অন্ধকার। আগের মতো একই কায়দায় ডাল ধরে ঝাঁকাচ্ছি। কিন্তু একটা আমও পড়ছে না। ঘটনা কী? ঘটনা কিছুই না। কাঁঠালগাছের ডাল ধরে ঝাঁকালে আম
পড়বে কীভাবে!
সঞ্জয় সরকার

.
.

ইংরেজির ডুবোজাহাজ
বনানী ১১ নম্বরের দিকে হাঁটলে কিছু পিচ্চি ইংরেজি ভাষায় ভিক্ষা চায়। ভুলভাল ইংরেজি বলে, ‘হাই, ইউ আর সো হেনচাম! গিব চাম মানি।’ নারীদের জন্য আবার অন্য বাক্য, ‘আপু, ইউ আর চো কিউট! গিব চাম মানি।’ এ ধরনের আরও অনেক কিছু। তো সেদিন এক পিচ্চিকে ধরলাম। বললাম, ‘ইংরেজি আসলেই পারস?’ পিচ্চি বলল, ‘যা জিগাইবেন, কইয়া দিমু। জাপান, আম্রিকা থেইক্কা চাটখিল।’ পিচ্চির সঙ্গে চুক্তি হলো প্রশ্নের উত্তর পারলে টাকা দেব। ভাব দেখে মনে হলো, সে খুবই আত্মবিশ্বাসী। বললাম, ‘টেল মি সামথিং অ্যাবাউট পার্ল হারবার অ্যাটাক।’ পিচ্চি মুখের ওপর বলে দিল আর আঙুল দিয়ে দেখিয়ে দিল, ‘হেই যে বিউটি পারলার।’ অত সহজ প্রশ্ন করার কারণে সেদিন চার টাকা দাবি করেছিল সে। না দিয়ে উপায় আছে!
তানভীর মাহমুদুল হাসান

.
.

অন্য কলা
সেবার ঘুরতে গেলাম ময়নামতি। হাঁটতে হাঁটতে পিপাসায় বুকের ছাতি ফেটে যাওয়ার অবস্থা। একটা দোকান পর্যন্ত চোখে পড়ছে না। পাহাড়ের নিচে একটা দোকান দেখে এগিয়ে গেলাম। হঁাপাতে হঁাপাতে বললাম, ‘ভাই কোকাকোলা আছে?’ দোকানদার বললেন, ‘ভাই, কোকা কলা তো নাই, সাগর কলা, সবরি কলা আর আমার গাছের কলা আছে। কোনটা নেবেন?’
শফিকুল ইসলাম

সংকল্প
বন্ধুর সঙ্গে ফেসবুক নিয়ে কথা বলছিলাম—
: ঠিক করেছি ফেসবুকে আর ঢুকব না।
: কেন, কী হয়েছে? কেউ কিছু বলেছে?
: না, কেউ কিছু বলেনি। কোনো দুঃখ–কষ্ট পাইনি। কারও ওপর রাগও করিনি।

: তো?
: আরে ভাই, বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরগুলো যে হারে ফেসবুক ফ্রি দিচ্ছে, ফেসবুকে ঢুকে কী করব? বের না হলে ঢোকা যায়? ফেসবুকেই
তো থাকব!
ফয়সাল বিপু