ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকা: শিখা
আকা: শিখা

হেহে!
বন্ধু জোহার সঙ্গে কক্সবাজার যাচ্ছিলাম। খাবারের জন্য বাস থেমেছিল নোয়াখালীতে। ছোট ছোট কয়েকটা ছেলে পানি বিক্রি করছিল সেখানে। জোহা একজনকে ডাক দিল, ‘এই পানি, এদিকে আসো।’ কয়েকবার ডাকার পর কেউ ঘুরেও তাকাল না। আমি বললাম, ‘হানি বলে ডাক, শুনবে।’ জোহা ‘হানি’ বলে ডাক দিল। হুড়মুড় করে পানি নিয়ে এল ওরা! কিছু দূর যেতেই দেখি আরও কতগুলো ছেলে পেঁপে বিক্রি করছে। আমাকে কিছু না বলে জোহা চিৎকার করে উঠল, ‘এই হেহে, এই হেহে, এদিকে আসো।’ এবারও ছেলেগুলো নির্লিপ্ত ভঙ্গিতে অন্য দিকে তাকিয়ে রইল।
শফিকুল ইসলাম

কলাগাছের খোঁজে
: এই যে হ্যালো, সমস্যা কী আপনার?
: জি জনাব, সমস্যা বিশেষ কিছু না।|
: অনেকক্ষণ ধইরা দেখতেছি আপনে আমার দিকে তাকায়া আছেন। মতলব তো ভালো ঠেকতেছে না!
: আপনার ধারণায় কিঞ্চিত ভুল আছে। আমি আসলে ঠিক আপনার দিকে তাকাই নাই। আপনার হাত-পায়ের আঙুলগুলা দেখতেছিলাম।
: হাত-পায়ের আঙুল দেখতেছিলেন মানে? আঙুল আবার দেখার কী হইল?

: না মানে, আমার স্ত্রীর হঠাৎ ইচ্ছা হয়েছে, কলাপাতা দিয়া পিঠা বানাবে। এ জন্য আমাকে কলাপাতা জোগাড় করে নিয়ে যেতে বলল। আমি কলাপাতার সন্ধানে নেমেছি।
: ফাইজলামি করেন, মিয়া? কলাপাতার সাথে আমার আঙুলের সম্পর্ক কী?
: জনাব মনে হয় রেগে যাচ্ছেন। হঠাৎ রাগ করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর।
: ধুর মিয়া! ফাউ প্যাঁচাল বাদ দিয়া আসল কথা বলেন।
: জি, অবশ্যই বলব। আসলে হয়েছে কী, অনেক খোঁজাখুঁজি করেও কোনো কলাগাছের সন্ধান পাই নাই। এদিকে এলাকার লোক আবার বলাবলি করে, অবৈধ ব্যবসা করে আপনার নাকি আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তাই ভাবলাম, আপনার কাছে গেলে হয়তো কলাপাতা পাওয়া যাবে। কিন্তু এখন দেখি, আপনার হাত-পায়ের আঙুলগুলা আমাদের মতোই! দেখেন দেখি, কী মুশকিল হয়ে গেল! এখন আমি কলাপাতা কই পাই?
জাহিদ হাসান

আকা: শিখা
আকা: শিখা

সেলফিশ
তখন নার্সারিতে পড়তাম। একদিন ক্লাসে ইংরেজি শিক্ষক ক্লাসের সবাইকে আলাদা আলাদা শব্দ দিয়ে বাক্য রচনা করতে বললেন। আমাকে বললেন ‘সেলফিশ’ শব্দটা দিয়ে বাক্য রচনা করতে। আমি পড়লাম মহা মুশকিলে। এদিক–ওদিক তাকিয়ে আমার বন্ধু কিমতীর কানে কানে বললাম, ‘সেলফিশ’ দিয়ে একটা বাক্য বল তো।’ কিমতী বলল, ‘পারব না।’ আমি বললাম, ‘তুই এত সেলফিশ কেন?’
ফারহাত মৃত্তিকা

সচেতন রোগী
ঢাকা থেকে বাসে করে ময়মনসিংহ যাচ্ছিলাম। মাঝপথে এক বৃদ্ধা বাসে উঠলেন। উঠেই হেলপারকে বললেন, ‘ভালুকা আইলে আমারে কইয়েন যে!’ হেলপার তঁাকে আশ্বস্ত করে বলল, ‘ঠিক আছে, ঠিক আছে।’ বাস চলতে শুরু করল। বৃদ্ধা দুই মিনিট পরই হেলপারকে বললেন, ‘ভালুকা আইছে?’ হেলপার উত্তরে ‘না’ বলল। আবার দুই মিনিট বাদে বৃদ্ধার একই প্রশ্ন। এভাবে চলতেই থাকল। হেলপার ও বাসের যাত্রীরা সবাই বিরক্ত হয়ে বৃদ্ধাকে ধমকও দিয়ে দিল একবার। বৃদ্ধা তখন ভয়ে চুপ! এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনে স্টপেজের মাঝামাঝি চলে এল। তখন হেলপারের মনে পড়ল, বৃদ্ধা তো ভালুকার কথা বলে রেখেছিলেন! বাসের সব যাত্রী তখন হেলপারকে বকাঝকা করে বাস ঘোরাতে বলল। বাস আবার ঘুরিয়ে আনা হলো ভালুকায়। হেলপার বৃদ্ধাকে বলল, ‘বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন!’ বৃদ্ধা চোখ কুঁচকে জবাব দিলেন, ‘নামমু ক্যা? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! বাস চালাইয়ান না। আমি এহন ট্যাবলেট খাইবাম! পানি দেন!’

সালমান মাহমুদ