ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিট খালি
আকস্মিক ফ্যাক্টরি ভিজিট শেষে ময়মনসিংহ থেকে ঢাকায় ফিরছিলাম। গাজীপুর চৌরাস্তায় নেমে হেল্পারের ‘সিট খালি’ ডাক শুনে ভিআইপি ২৭ নম্বর বাসে উঠলাম। ভিআইপি ২৭ হলো ওই রুটের ‘ক্যারা ব্যারা কিং’-টাইপের গাড়ি! উঠে দেখি গাড়িতে পা রাখার জায়গাও নেই! মন খারাপ করে বাসের দরজায় দাঁড়িয়ে আছি। হেল্পার একটু পরপর হাঁক ছাড়ছে, ‘অয় ফারামগেট, নিমারকেট, আজিম্পু...’ একটু পর আমিও হেল্পারের সঙ্গে সঙ্গে ডাকতে লাগলাম, ‘অয় সিট খালি, সিট খালি!’ হেল্পার যতবার ডাক দেয়, আমিও তার সঙ্গে ‘সিট খালি’ বলে ডাক দিই! ফলে একটু পরপর সে আমার দিকে বিরক্তমাখা দৃষ্টিতে তাকাতে থাকল। তবে তার বিরক্তি গ্রাহ্য না করে সজোরে ডাকতে লাগলাম, ‘অয় সিট খালি, সিট খালি!’
রাস্তায় হালকা যানজট ছিল, তাই গাড়ি চলছিল ধীরগতিতে। এক মুরব্বি রাস্তা থেকে হাত ইশারা করলেন। আমি আবার চেঁচিয়ে উঠলাম, ‘আহেন, সিট খালি!’ মুরব্বি হাতে বাজারের ব্যাগ নিয়ে মোটামুটি রকেটের গতিতে ঝাঁপিয়ে উঠলেন বাসে! আসলে লোকাল বাসের এই সিট খালি আওয়াজটা উপেক্ষা করা কোনো ঢাকাবাসীর পক্ষে সম্ভব নয়! সিট খালি শব্দ দুটি শুনলেই পেটের ভেতর কেমন একটা শান্তি লাগে।
মুরব্বি বাসে উঠেই দেখলেন, সিট তো দূরের কথা, ঠিকভাবে দাঁড়ানোর জায়গাও নেই! মুরব্বি আমার দিকে তাকিয়ে বললেন, ‘ওই মিয়া, গাড়িতে নাকি সিট আছে?’
আমি মুচকি হেসে বললাম, ‘আছে তো!’
মুরব্বি এবার প্রচণ্ড রেগে গিয়ে বললেন, ‘কই সিট আছে?’

আমি হেল্পারের চকচকে টাক মাথায় হাত বুলিয়ে বললাম, ‘এই তো, হেল্পারের মাথায় সিট আছে!’
সাহেদুল হাসান


শান্তিবাগ পানির পাম্প

ঢাকার শান্তিবাগ এলাকায় থাকি। বেশ কদিন ধরে তুমুল বৃষ্টি চলছে। সঙ্গে বেড়ে চলেছে ভয়ানক জলাবদ্ধতা! তার মধ্যে যানজট যেন মড়ার উপর খাঁড়ার ঘা। সেদিন কোচিং শেষ করে বাসায় ফিরছিলাম। তুমুল বৃষ্টি হচ্ছিল। রাস্তায় প্রায় এক হাঁটু নোংরা পানি জমে আছে। এরই মধ্যে একটা চলমান খালি রিকশা দেখে স্বস্তি পেলাম। রিকশাওয়ালাকে বললাম, ‘মামা, যাইবা?’
: কই?
: শান্তিবাগ পানির পাম্প।
: না!
কিছুক্ষণ পর আবার একটা রিকশা এল। আবার জিজ্ঞেস করলাম, ‘মামা, শান্তিবাগ পানির পাম্প...’ রিকশাওয়ালা কেন জানি আমার দিকে কড়া চোখে তাকিয়ে জবাব দিল, ‘ধুর!’ আমি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আরেকটা রিকশা এল। আমি আশায় বুক বেঁধে ডাকলাম, ‘হ্যাল্লো মামা, শান্তিবাগ পানির পাম্প যাবেন?’ রিকশাওয়ালা সাড়া না দিয়ে রেসের গতিতে চলে গেল। তারপর আরও মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর আরেকটা রিকশার দেখা, ‘মামা, শান্তিবাগ...’ বলতে গিয়েই থেমে গেলাম। কারণ, আমি ওই পানির পাম্পের পাশেই দাঁড়িয়ে আছি! যাওয়ার কথা ছিল মৌচাক। কিন্তু আনমনা হয়ে কী যে তালগোল পাকালাম!
ফাহামিদুল ইসলাম