ফেসবুক-টুইটারে মন্তব্য করে বিব্রত হচ্ছেন না তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী
সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী

ফেসবুক, ব্লগ কিংবা টুইটার—সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। কখনো তৈরি করছে বড় ধরনের সমস্যাও। সেই সব পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) শিক্ষার্থীদের জন্য এবার গঠন করা হলো সোশ্যাল মিডিয়া প্রক্টর সেল, যা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে নিজের বক্তব্য, লাইক কিংবা মন্তব্য দিয়ে নিজের অজান্তেই ভুল করছেন উঠতি তরুণ-তরুণীরা। সামাজিকভাবে হেয় হচ্ছে তাদের পরিবারও। তাই এসব এড়াতে এই তদারক সেল গঠন করা হয়েছে।

৩০ জুলাই থেকে পুরোপুরিভাবে শুরু হয়েছে এই সেলের কার্যক্রম।

সোশ্যাল মিডিয়াগুলোতে ছাত্রছাত্রীরা কোন ধরনের বক্তব্য বা মতামত দিচ্ছেন, এতে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, কোন ধরনের সংবাদে তাঁদের বেশি আগ্রহ—এমন বিষয়গুলো খুঁজে বের করবে সেলটি। পাশাপাশি ভালো কাজের প্রচারণায়ও রাখবে বড় ভূমিকা।

ইডিইউর সোশ্যাল মিডিয়া প্রক্টর সেলের প্রধান তারিক রায়হান বলেন, মনিটরিংয়ের পাশাপাশি সব ধরনের জনসচেতনতা বাড়াতেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এই সেল। যেখানে তাঁদের সাফল্য ও সম্ভাবনার বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ফেসবুকে শিক্ষার্থীদের ভুল করার প্রবণতা কমিয়ে আনতে ইডিইউর ভাইস চেয়ারম্যানের পরামর্শে এই সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইডিইউ কর্তৃপক্ষ জানায়, এক বছরের বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়া প্রক্টর সেল গঠনে কাজ করেছে তারা। একবিংশ শতাব্দীতে ডিজিটাল ইকোসিস্টেমে বেড়ে ওঠা শিক্ষার্থীদের ভুলের পরিমাণ কমিয়ে আনতে অনেক বেশি সহায়ক হবে এটি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘সোশ্যাল মিডিয়া আর বাস্তবতার মত ভিন্নভাবে প্রকাশ করতে গিয়ে অনেক সময় নিজেরাই নিজেদের মধ্যে স্ববিরোধী দ্বৈত সত্তা তৈরি করি। এই বিষয়ে সতর্ক থাকা উচিত।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ট্র্যাডিশনাল প্রক্টররা সাধারণত শিক্ষার্থীদের আচরণ নিয়ে কাজ করেন। কিন্তু এই সেলের প্রক্টরকে সোশ্যাল মিডিয়ার ডিজিটাল চ্যালেঞ্জের নানা দিক মোকাবিলা করতে হবে।