ফেসবুক ডাউন হওয়ার দেশীয় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের শেষের দিকে ফেসবুক নিজের অবস্থান ধরে রাখতে পারছিল না! শিক্ষকের দেওয়া শাস্তির মতো নিলডাউন হয়ে গিয়েছিল একাধিকবার। প্রযুক্তির ভাষায় যেটাকে বলে ‘সার্ভার ডাউন’। সিসিটিভিমুক্ত এক তদন্তে দেখা গেছে, ফেসবুকের এই দুর্দশার পেছনে ছিল কিছু দেশীয় কারণ!

সেলফির আধিক্য
ঈদের ছুটির কদিনে বাংলাদেশ থেকে যে পরিমাণ সেলফি আপলোড হয়েছে, তা এককথায় অগুনতি! কোনো কোনো সেলফিতে ছিল কয়েক মণ ওজনের গরু থেকে শুরু করে উট পর্যন্ত। ছাগল ও কাঁঠাল পাতার সংখ্যাও ছিল দেখার মতো। এত বিচিত্র সেলফির ভার সহ্য করার ক্ষমতা ফেসবুক সার্ভারের সম্ভবত ছিল না। ফলে কিছুক্ষণ পরপর ডাউন হতে বাধ্য হয়েছিল প্রিয় ফেসবুক।

সেলিব্রিটিদের লাইকের বন্যা
বিশ্বের সবচেয়ে বেশি ফেসবুক সেলিব্রিটি সম্ভবত বাস করেন এই বাংলাদেশেই। তাঁদের ফেসবুক পোস্টে থাকে হাজার হাজার লাইক, শয়ে শয়ে কমেন্ট আর শেয়ার। এত লাইকের বন্যায় ভেসে যাওয়ার কথা ছিল সব অন্যায়। কিন্তু অন্যায় না ভেসে লাইকের কারণে ডাউন হয়ে গিয়েছিল স্বয়ং ফেসবুক সার্ভার।

জ্ঞানগর্ভ পোস্ট
ফেসবুকে বাংলাদেশিদের প্রোফাইলে গেলে দেখা যায় জ্ঞানগর্ভ পোস্টের ছড়াছড়ি। বিশ্বের প্রতিটি বিষয় নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছে সবাই। কি অর্থনীতি, কি কূটনীতি, যুদ্ধ থেকে শুরু করে সংস্কৃতি—এত জ্ঞানের চাপ ফেসবুক সামলাতে পারছিল না বলেই ডাউন হয়ে গিয়েছিল ফেসবুক!