ফেসবুক দেখে সমস্যার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি জেলা প্রশাসকের কাছে যাওয়ার সুযোগ হয়তো নেই, তাই প্রশাসনের ফেসবুক আইডিতে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন অনেকে। ফেসবুকে প্রকাশ করা ওই সব সমস্যার কথা জানতে পেরে সমাধানেও তৎপর হয়েছে প্রশাসন।
ফেসবুকের মাধ্যমে ফেনী জেলা প্রশাসন এভাবে সাধারণ জনগণের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে।
জেলা প্রশাসনের একটি সুত্র জানায়, ফেসবুকে সমস্যাগুলো জানার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে সত্যতা যাচাই করে সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। ফেসবুকে অভিযোগ করে একজন মুক্তিযোদ্ধা পেয়েছেন বসতঘর তৈরির ঢেউটিন ও নগদ টাকা। পাশাপাশি ছোট ফেনী নদীতে মাছ ধরার জন্য দেওয়া অবৈধ বাঁধও কেটে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, গত কয়েক দিনে কয়েকজন ব্যক্তি জেলা প্রশাসনের ফেসবুক আইডিতে কিছু অভিযোগ বা আবেদন তুলে ধরেন। আবেদনগুলো প্রশাসনের নজরে এসেছে।
জেলা প্রশাসক জানান, তিনি ফেসবুকে জানতে পেরে পরশুরামের বাউরখুমা গ্রামের ভূমিহীন মুক্তিযোদ্ধা সফিকুর রামানকে ঢেউটিন এবং ঘর তৈরির জন্য নগদ টাকা দিয়েছেন। অপর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ পাননি।
অভিযোগ করার পর ওই ব্যক্তি সংযোগ পেয়েছেন। এ ছাড়া একদল প্রভাবশালী লোক মাছ ধরার জন্য ছোট ফেনী নদীতে অবৈধভাবে বাঁধ দেয়। এতে পানি চলাচলে সমস্যা হয়। ফেসবুকে বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে বাঁধ কাটার ব্যবস্থা করে।