ফেসবুক-পুত্রের বিয়েতে

পরস্পরকে সম্পর্কের বাঁধনে বাঁধছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। নইলে কি আর মার্কিন মুলুকের এক নারী ফেসবুকে পাতানো এক ছেলের বিয়েতে ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামে চলে আসেন?
গত জানুয়ারির শেষ সপ্তাহে বিয়ে করেছেন গোরকপুরের কৃষ্ণ মোহন ত্রিপাঠি (২৮)। তাঁর বিয়েতে হাজির হন ৬০ বছর বয়সী ডেব মিলার। ফেসবুকে তাঁদের মধ্যে মা-ছেলের সম্পর্ক তৈরি হয়েছে। ফেসবুক-পুত্রের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যান ডেব মিলার।
সম্পর্কের এ বাঁধন তৈরি হয় চার বছর আগে। কৃষ্ণ মোহন ছোটবেলায় তাঁর মাকে হারিয়েছেন। ফেসবুক ব্যবহারের সময় তাঁর চোখে পড়ে ডেব মিলারের প্রোফাইল। এরপর বন্ধুত্ব থেকে আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়। ডেব মিলারের কোনো সন্তান নেই। কৃষ্ণকে নিজের ছেলে হিসেবে দেখেন ক্যালিফোর্নিয়ার এই নারী।
ফেসবুকে পাতানো ছেলে হলে কী হবে? ছেলের বিয়েতে ২৫ লাখ রুপির সোনার গহনা উপহার দিয়েছেন ডেব। শুধু তাই নয়, ছেলেবউকে যুক্তরাষ্ট্রে বেড়াতেও নিয়ে যাচ্ছেন তিনি। বিয়ের অনুষ্ঠান শেষে এক ডজন শাড়ি কিনে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ডেব।
সতর্কতা
ডেব-কৃষ্ণর মা-ছেলের এই সম্পর্ক হয়তো আন্তরিকতা থেকে তৈরি হয়েছে। কিন্তু ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়ে সতর্ক করেছেন গবেষকেরা। ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, মানুষের আবেগকে কাজে লাগাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দুর্বৃত্তরা তত্পর। ফেসবুক লাইক সংগ্রহ করে কোনো সাইটের ভিজিটর বাড়ায় দুর্বৃত্তরা। এ ছাড়া অনেক সময় ফেসবুকের ফ্যানপেজ কেনাবেচা চলে। ফ্যানপেজে যত বেশি লাইক থাকে, তার দাম তত বেশি। তথ্যসূত্র: জিনিউজ
আরও পড়ুন: