আগামীকাল পয়লা বৈশাখ। ফেসবুক মাছবাজারে ইলিশ মাছের তুমুল চাহিদা। পাঠক, এই মাছবাজারে ইলিশ মাছ বিক্রির সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের বাজার প্রতিনিধি।

. ইলিশ মাছের দাম কত?
: দেড় হাজার শেয়ার!
: পাঁচ শ শেয়ার দেব, দেওয়া যাবে?
: আরে ভাই, আজকাল পাঁচ শ শেয়ারে তেলাপিয়া মাছও পাওয়া যায় না। আর আপনি আসছেন ইলিশ মাছ কিনতে!
: ইলিশ মাছ কিনতে নয়, দাম জানতে এসেছিলাম!
পাঠক, ইলিশ মাছবিক্রেতার সঙ্গে এই কথোপকথনেই বুঝতে পারছেন, বাজারের কী অবস্থা!
. এদিকে অটোলাইক সফটওয়্যার ব্যবহার করে চার হাজার ভুয়া লাইক দিয়ে ইলিশ মাছ কিনতে গিয়ে সাধারণ ফেসবুকারদের হাতে মারধরের শিকার হলেন লাইকিন নামে এক জাল ফেসবুকার। ভ্রাম্যমাণ ফেসবুক আদালত শাস্তিস্বরূপ লাইকিনের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টটি এক বছরের জন্য ব্লক করার রায় দিয়েছেন।
. পাঠক, এ পর্যায়ে আপনারা দেখবেন ফেসবুক মাছবাজারের এক ক্রেতার সঙ্গে রস+আলোর প্রতিবেদকের কথোপকথনের লিখিত রূপ।
রস+আলো: সবাই ইলিশ মাছ কিনছে। আর আপনি কিনেছেন কার্প মাছ! ঘটনা কী?
ক্রেতা: দেড় হাজার শেয়ার আর চার হাজার লাইক দিয়ে ইলিশ মাছ কেনার কী দরকার! কার্প মাছ ভাজা আর পান্তাভাত দিয়েও তো পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতা সারা যায়!
র.আ.: কীভাবে?
ক্রেতা: কার্প মাছ ভাজলে কেউ বুঝতেই পারবে না এটি ইলিশ মাছ নাকি অন্য কোনো মাছ! এরপর পয়লা বৈশাখের সকালে এই কার্প মাছ ভাজা আর পান্তাভাতের প্লেটসহ সেলফি তুলব। আর ফটো ক্যাপশনে লিখব, ‘বৈশাখের সকালে পান্তাভাত আর ইলিশ মাছ ভাজা। আহ্! কী মজা! সবাইকে নববর্ষের শুভেচ্ছা!’
. সর্বশেষ সংবাদ, ফেসবুক মৎস্য বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সব ফেসবুকবাসীকে ফটোশপ করা ইলিশ মাছ ক্রয় করা এবং ফটোশপ করা ইলিশ মাছযুক্ত ছবিতে লাইক–কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
. পাঠক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ২০১৬ সালের পয়লা বৈশাখে। তত দিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ।