
উপকরণ: ইন্টারনেট সংযোগসহ একটি স্মার্টফোন অথবা ল্যাপটপ, দুধ, চিনি আর সেমাই।
রন্ধনপ্রণালি: প্রথমেই ফেসবুকে লগ-ইন করে, ‘হেই ফ্রান্স, আমি এখন সেমাই রাঁধব। প্লিজ, প্রে ফর মি’ লিখে স্ট্যাটাস দিন। তারপর চুলায় দুধ গরম করুন। তারপর মেসেঞ্জারে বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাতে জানাতে চামচ দিয়ে নাড়তে থাকুন। এভাবে ৫ মিনিট করুন। তারপর ফেসবুক থেকে বেরিয়ে আসুন। এবার সারা বাড়ি খুঁজেটুজে চিনি বের করুন। তারপর দুধের মধ্যে পরিমাণমতো ঢেলে দিন।
আবার ফেসবুকে ঢুকুন। একটু আগে দেওয়া স্ট্যাটাসে কে কে লাইক দিল, সেটা দেখুন। তারপর কমেন্টগুলোর রিপ্লাই দিন। এতক্ষণে কেউ মেসেজের রিপ্লাই দিলে তার সঙ্গে কিছুক্ষণ চ্যাট করুন। অতঃপর সেমাইয়ের প্যাকেট খুলে দুধের মধ্যে ঢেলে দিন। তারপর নিউজফিড স্ক্রল করতে করতে সেমাই নাড়তে থাকুন। কিছু পোস্টে লাইক দিন এবং কিছু পোস্টে কমেন্ট করুন। এবার চেহারাটা ঠিকঠাক করে সেমাইয়ের সঙ্গে একটা সেলফি তুলুন এবং চুলা বন্ধ করে দিন। এই তো, তৈরি হয়ে গেল মজাদার ফেসবুক-সেমাই। এবার ফেসবুকে সেলফিটা আপলোড করে গরম–গরম পরিবেশন করুন।
রেসিপি: সোহাইল রহমান