সাইবার অপরাধ দিন দিন মহামারি আকার ধারণ করছে। এ বিষয়ে তরুণ প্রজন্মসহ সবাই সচেতন না হলে অপরাধে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেই থাকবে।
গত ৩০ নভেম্বর ফেনীতে সাইবার নিরাপত্তাবিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা ফেসবুকে অপরিচিত ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত না করা ও সব ছবিতে লাইক না দেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কে সচেতন থাকতে তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানানো হয়।
প্রথম আলো ফেনী বন্ধুসভা ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা।
জেলা পরিষদের সেলিম আল-দীন মিলনায়তনে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি জহিরুল ইসলাম। এতে সাইবার নিরাপত্তাবিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করেন ঢাকার সিসিএ ফাউন্ডেশনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মেহেদী হাসান। বক্তব্য দেন সিসিএ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক কাজী মুস্তাফিজ। সেমিনার সঞ্চালনা করেন প্রথম আলোর ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের।
অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভা, উদীচী শিল্পীগোষ্ঠী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।