ফেসবুকে খাবারের আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে সাড়া ফেলে​েছ আবদুল আলীম ও রুথবা ইরতেজা চৌধুরীর গড়ে তোলা চট্টগ্রামের খাবার–দাবারের গ্রুপ চিটাগাং ফুডিস l সৌরভ দাশ
ফেসবুকে সাড়া ফেলে​েছ আবদুল আলীম ও রুথবা ইরতেজা চৌধুরীর গড়ে তোলা চট্টগ্রামের খাবার–দাবারের গ্রুপ চিটাগাং ফুডিস l সৌরভ দাশ

চিটাগং ফুডিস। ফেসবুকের একটি গ্রুপ। এখানে চলে চট্টগ্রামের খাবার নিয়ে আড্ডা, আলোচনা ও তর্ক-বিতর্ক। জানা যায় কোন ক্যাফেতে কী পাওয়া যায় কিংবা খাবরের মান কেমন। প্রতিদিন বাড়ছে এই গ্রুপের সদস্যসংখ্যা

ফজলুর বিন করিম (ফেসবুক নাম) একটা গ্রুপে পোস্ট করলেন চট্টগ্রামে সবচেয়ে ভালো পিৎজা কোথায় পাওয়া যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে সাড়া ফেলে দিল পোস্টটি। ফজলুরকে সাহাঘ্যের হাত বাড়িয়ে দিলেন অনেকেই। পোস্টে জমা হতে থাকল নানা মন্তব্য। এর মধ্য থেকেই তিনি পেয়ে গেলেন তাঁর প্রয়োজনীয় তথ্য। ফজলুর ছুটে গেলেন সেই ক্যাফেতে, যেখানে পাওয়া যায় চট্টগ্রামের সেরা পিৎজা। তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ধন্যবাদ দিলেন সেসব অচেনা বন্ধুদের আর ফেসবুকের সেই গ্রুপটিকে, যাঁরা তাঁকে দিয়েছিলেন সেরা পিৎজার খোঁজ। ফজলুর মতো ভোজনরসিকদের এভাবেই চট্টগ্রামের ভালো মানের বিভিন্ন ধরনের খাবার, ক্যাফে ও রেস্তোরাঁর সন্ধান পেতে সহযোগিতা করছে ফেসবুকের এই গ্রুপটি—নাম ‘চিটাগং ফুডিস’। এখানে প্রতিনিয়ত হচ্ছে চট্টগ্রামের খাবার নিয়ে নানা আড্ডা ও তর্ক-বিতর্ক। এর পেছনে রয়েছেন দুই তরুণ-তরুণী আবদুল আলীম ও রুথবা ইরতেজা চৌধুরী।
কীভাবে এল এই চিন্তা? জানা গেল, প্রথম স্বপ্নদ্রষ্টা আবদুল আলীম। গত রমজান মাসে বিভিন্ন রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে ইফতার করতে গিয়ে এই বিষয়টি তাঁর মাথায় আসে। এরপর এ নিয়ে আলোচনা করেন তাঁর বন্ধু রুথবা ইরতেজা চৌধুরীর সঙ্গে। রুথবা বলেন, ‘বাহ! দারুণ তো’। ব্যস, যাত্রা হলো শুরু। আলীমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুলে ফেললেন ‘চিটাগং ফুডিস’ নামের গ্রুপটি। এরপর এডমিন বানালেন বন্ধু রুথবাকে। সেই থেকে শুরু। এখনো ফেসবুকের এই গ্রুপটির এডমিন হিসেবে রয়েছেন তাঁরা দুজনই। শুরুতে নিজেরা যেসব জায়গায় ইফতার করতে যেতেন সেসব রেস্তোরাঁ বা ক্যাফের খাবারের ছবি আপলোড করতেন। তাঁরা দুজন প্রথমে এই গ্রুপে যোগ করেন ফেসবুকে নিজেদের বন্ধু তালিকায় থাকা বন্ধুদের। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সদস্য সংখ্যা। বর্তমানে সদস্য সংখ্যা ২৫ হাজারের বেশি। প্রতিদিন গড়ে এক শ থেকে দেড় শ নতুন সদস্য যোগ দেয় বলে জানালেন আলীম।

.
.


সম্প্রতি প্রথম আলো র চট্টগ্রাম কার্যালয়ে আড্ডা জমে উঠে আলীম ও রুথবার সঙ্গে। শুরুতেই গোড়ার কথা। আলীম বলেন, ‘চট্টগ্রামে খাবারের তেমন কোনো ভিন্নতা ছিল না যেমনটি রয়েছে ঢাকাতে। চট্টগ্রামের খাবারের কিভাবে ভিন্নতা আনা যায় সেটি নিয়ে বন্ধুরা সবাই মিলে আলোচনা করতেই ফেসবুকে এ গ্রুপটি খুলি।’ সময়ের সঙ্গে সঙ্গে উদ্দেশের মাত্রা বেড়েছে জানিয়ে রুথবা বলেন, ‘চট্টগ্রামের ভোজনরসিক মানুষদের জন্য খাবারের গুণগত মান, দাম ও পরিবেশন ঠিক রাখতে বর্তমানে কাজ করে যাচ্ছে চিটাগং ফুডিস গ্রুপ।’
তাঁরা জানালেন, ফেসবুকের এই গ্রুপটির বিশেষত্ব হলো এখানে শুধুমাত্র চট্টগ্রামের খাবার নিয়েই আলোচনা করা হয়। ফেসবুকভিত্তিক এ গ্রুপটিতে যে কেউ যোগ দিয়ে জানাতে পারেন বিভিন্ন রেস্তোরাঁর খাবারের মান সম্পর্কে। খাবারের ছবি আপলোড দিয়ে করতে পারেন পর্যালোচনা। এডমিনরাও নিয়মিতভাবে পর্যালোচনা করছেন চট্টগ্রামের ব্যতিক্রমী বিভিন্ন পদের খাবারের। ইতিবাচক কিংবা নেতিবাচক দু ধরনের মন্তব্যই করতে পারায় এটি এখন হয়ে ওঠেছে চট্টগ্রামের অনেক ভোজনরসিক ব্যক্তির ডায়েরির পাতা। এসব কারণে সহজেই গ্রুপটির যেকোনো নতুন সদস্য জানতে পারছেন চট্টগ্রামের কোথায় পাওয়া যাচ্ছে কী ধরনের খাবার এবং ক্যাফে-রেস্তোরাঁর খোঁজখবর। কেউ চাইলে চট্টগ্রামের কোন রেস্তোরাঁ বা ক্যাফেতে পাওয়া যায় না এমন নতুন কোন খাবার পদের প্রচলনের জন্য আবেদনও করতে পারেন এই গ্রুপে। এক্ষেত্রে গ্রুপের সদস্য হিসেবে থাকা বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের মালিকেরা চাহিদা বুঝে হয়তো প্রচলন করে ফেলতে পারেন এমন খাবারের। এদিকে ইতিমধ্যেই চট্টগ্রামের সাতটি রেস্তোরাঁয় ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুবিধা পাচ্ছেন চিটাগং ফুডিসের সদস্যরা। গ্রুপের এডমিনরাও নিয়মিতভাবে খবর রাখছেন চট্টগ্রামের কোথায় কোন ধরনের খাবার পাওয়া যাচ্ছে কিংবা কোথায় খুলছে নতুন কোনো ক্যাফে কিংবা রেস্তোরাঁ। এ ছাড়া বিভিন্ন পোস্ট দেখে এডমিনরা সদস্যদের অভিমত জানিয়ে দিচ্ছেন ক্যাফে ও রেস্তোরাঁর মালিকদের।
এবার ব্যক্তিগত প্রসঙ্গে। খাবার নিয়ে যাঁদের এত্ত আয়োজন তাঁদের পছন্দের খাবার কী? প্রথমে মুখ খুললেন আলীম। তাঁর পছন্দ ঝাল জাতীয় খাবার আর রুথবার পছন্দ মিষ্টি। অবশ্য রুখবা খুব ভালো রান্নাও করেন। ফেেসবুকে সময় দিলেও পিছিয়ে নেই পড়ালেখায়। রুথবা এখন বিবিএ পড়ছেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে। আর আলীম ইউএসটিসি থেকে বিবিএ পাস করে সামলাচ্ছেন পরিবারের ব্যবসা। গ্রুপটি নিয়ে অনেক স্বপ্ন আলীম ও রুথবার। এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে চিটাগং ফুডিসের উদ্যোগে চট্টগ্রামের নামীদামি রেস্তোরাঁগুলোকে নিয়ে খাদ্য উৎসব আয়োজনের ইচ্ছে আছে তাঁদের।
খাবারের এই গ্রুপে যোগ দিতে চাইলে আপনাকে যেতে হবে এ লিংকে - www.facebook.com/groups/chittagongfoodies