
সম্প্রতি লাইক বাটনের পাশাপাশি ডিজলাইক বাটন চালু করার ঘোষণা দিয়েছে ফেসবুক। এ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছে রস+আলো। কী বললেন তাঁরা?
সরকারদলীয় নেতা
আজ যখন দেশের উন্নতি ফোরজি গতিতে এগিয়ে যাচ্ছে, তখন কিছু অতি উৎসাহী ব্যক্তির প্ররোচনায় ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে বিব্রত করতেই এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে! আমাদের পোস্টের লাইক, কমেন্টস আর শেয়ার দেখে তারা আজ ঈর্ষান্বিত। তারা আমাদের স্ট্যাটাসকে বিতর্কিত করতে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান করছি।
প্রধান বিরোধীদলীয় নেতা
কী আর বলব! মন্ত্রিত্ব নিয়েছি বিরোধী দলে থেকেও, চাইলেই তো আর সরকারের বিরোধিতা করতে পারি না। তাই ফেসবুক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সরকারের অপকর্মের বিরোধিতা করব ডিজলাইক বাটনে প্রেস করে!
বিরোধীদলীয় নেতা
দেশে গণতন্ত্র আজ যখন আইসিইউয়ে, যখন কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাক্স্বাধীনতা, মানুষ যখন এই সরকারের কাছে জিম্মি, ফেসবুক কর্তৃপক্ষ তখন আমাদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন দিতেই ডিজলাইক বাটন চালু করেছে! দেশের মানুষ ডিজলাইক দিয়ে এই সরকারকে লাল কার্ড প্রদর্শন করবে। আমাদের যেসব নেতা-কর্মী জেলে বসে ফেসবুকিং করেন, তাঁরা সরকারের সব পোস্টে ডিজলাইক দিয়ে তাদের পতন ত্বরান্বিত করবেন।
সুশীল সমাজের প্রতিনিধি
আসলে ফেসবুক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কেন নিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। কয়েকটা দিন যাক। কারা লাভবান হচ্ছে, কাদের ক্ষতি হচ্ছে, তা দেখে হয়তো বোঝা যাবে বিষয়টা।
ফেসবুক সেলিব্রিটি
ডিজলাইক বাটনের কোনো প্রয়োজন নেই। আসলে একজনের ভালো আরেকজন দেখতে পারে না, তাই এসব হাবিজাবি অপশন! আমার জনপ্রিয়তা একটি মহলের অশান্তির কারণ। এটা তাদেরই ষড়যন্ত্র!
সাধারণ ফেসবুকার
ঠিকমতো দশটা লাইকই পাই না; আবার ডিজলাইক! আমার তো লাইকের চেয়ে এখন ডিজলাইকই বেশি আসবে এখন। যাক, একদিক হলেও তো সেলিব্রিটি হওয়ার সুযোগ পেলাম। নাই লাইকের চেয়ে ডিজলাইকই ভালো।