ফেসবুকে নবীন লেখকের বইয়ের সমালোচনা যেভাবে করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শুরু হয়েছে বইমেলা। ফেসবুকের অনেক সেলিব্রিটি বই লিখছেন। সেসব আবার ইচ্ছায় বা অনিচ্ছায় পড়তে হচ্ছে অনেককেই। পড়ার পর সমালোচনা তো লিখতে হবে। কীভাবে লিখবেন? কপি করার মতো কিছু নমুনা তুলে ধরলেন সঞ্জয় সরকার

ইতিবাচক সমালোচনা

১. অনেক দিন পর একটা হ‌ুমায়ূন প্রভাবমুক্ত বই পড়লাম। যেমন গল্প, তেমনই শব্দের বুনন। জাস্ট ওয়াও! এই লেখককে নিয়ে আশা করা যায়।

২. টুইস্টের পর টুইস্ট। উফ, মাথার তার তো প্রায় ছিঁড়ে যাচ্ছিল। অসাধারণ, বস!

৩. প্রচ্ছদ অসাধারণ। আর প্রচ্ছদ ভালো হলে তো বই ভালো হবেই। আফটার অল মর্নিং শোজ দ্য ডে। বইয়ের দাম কিছুটা বেশি ছিল। তবে এটা কোনো সমস্যা না। ভালোবাসার কাছে এসব দাম কিছুই না। ভালোবাসা রইল, ভাই! লিখতে থাকুন।

৪. সাধারণ ভাষার গাঁথুনিতে অসাধারণ বই। লেখক শেকড় ভুলে যাননি।

৫. ভাই দেখি অনলাইন-অফলাইন দুই জায়গাতেই হিট। ফাটিয়ে দিয়েছেন! সব বয়সী পাঠক সমান আনন্দ নিয়ে পড়তে পারবে।

৬. ‘লুঙ্গি আকাশে, ভাসি বাতাসে’—ক্যামনে পারেন ভাই এভাবে ভাবতে? অসাম! আপনার মতো করে কেউ আগে ভাবতে পারেনি। পাঠক নতুনত্বের স্বাদ পাবে।

৭. কবিতার বই পড়তাম না। ভাইয়ের বই পড়ে কবিতার ফ্যান হয়ে গেলাম!

৮. কারও সঙ্গে তুলনা করব না। শুধু বলব, লিখে রাখুন। এই লেখক একদিন স্বমহিমায় উজ্জ্বল হবেন।

৯. আহ! ফ্ল্যাপের ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। লেখক লেখক ভাব। কী সুন্দর চাহনি! এই লেখকের বই খারাপ হতেই পারে না।

১০. গল্পকে নিজস্ব পথে চলতে দিয়েছেন। এটা সবাই পারে না।

১১. এই বইয়ের কল্যাণে শুকনা মগজে কিছু বুদ্ধির সঞ্চার হলো।

১২. বই পড়া ছেড়েই দিয়েছিলাম। আবার শুরু করতে হবে। আমার লেখক এসে গেছে।

১৩. ফেসবুকেই পড়েছিলাম। বইয়ে পড়ে আরও ভালো লাগল। মনে হচ্ছে, সবকিছু আমার আশপাশেই ঘটছে।

১৪. একটা সত্য কথা বলব? বইটা পড়ে সারা রাত কেঁদেছি। মনে হচ্ছে, লেখক আমার জীবনের কথাই লিখেছেন।

১৫. অনেক দিন পর একটা মনের মতো উপন্যাস পড়লাম। এই উপন্যাস জিপিএ-ফাইভ পাওয়ার দাবিদার।

নেতিবাচক সমালোচনা

১. গল্পটা ভালো হয়েছে। তরুণ হাতেও মুনশিয়ানার ছাপ আছে। কিন্তু বইটা পড়তে গিয়ে মনে হয়েছে, হ‌ুমায়ূন আহমেদের বই পড়ছি! এই প্রজন্ম এখনো হ‌ুমায়ূন আহমেদের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। এটা অবশ্য দোষের কিছু নয়। সময়ের জনপ্রিয় সাহিত্যিকের প্রভাব তরুণ লেখকের লেখায় থাকবে, এটাই স্বাভাবিক।

২. কাহিনি আছে, কিন্তু গল্প নেই। নবীন লেখকদের গল্পের গভীরে যেতে হবে।

৩. আমি বলি কি, এই প্রজন্ম মনে হয় তামিল-তেলেগু সিনেমা দেখে গল্প লিখতে বসে। টুইস্টের ওপর টুইস্ট, কিন্তু গল্প-কাহিনি কিছুই নেই। নবীন লেখকদের মূলে ফিরতে হবে। নিজেদের গল্প বলতে হবে।

৪. বইটা এখনো পড়া হয়নি। তবে প্রচ্ছদ দেখে ভালো লেগেছে। আশা করি, ভেতরে ভালো কিছুই থাকবে। আজকালকার লেখকেরা তো গল্প-কবিতার চেয়ে প্রচ্ছদে বেশি সময় দিচ্ছে!

৫. মেলায় দাঁড়িয়েই দুই পেজ পড়লাম। আই থিঙ্ক ইট উইল বি গুড এনাফ। কিন্তু ব্রাদার, ইউ আর এ রাইটার অব বেঙ্গলি ল্যাংগুয়েজ। আপনার লেখার মধ্যে ইংলিশ স্টাইল চলে আসে কেন? জাস্ট নিজেদের স্টাইলটাই ফলো করেন না!

৬. ফেসবুকে লিখে কি আর লেখক হওয়া যায়!

৭. ‘ছাগল খায় কাঁঠালপাতা, গরু খায় ঘাস’—এটা এই যুগের কবিতা হলো? আপনি নতুন যুগের কবি। ছাগলকে এখন অন্য কিছু খাওয়ান। কাঁঠালপাতা আর কত?

৮. গল্পগুলো অসাধারণ ছিল। একটু পর দেখি, এতক্ষণ কবিতার বই পড়ছিলাম!

৯. লেখক পরিচিতিতে দেখলাম, বন্ধুরা নাকি আপনাকে তৃতীয় না চতুর্থ হ‌ুমায়ূন আহমেদ ডাকে। সিরিয়াসলি? নিজের বই নিজে পড়ে দেখেছেন কখনো?

১০. একজন নবীন লেখকের বই নেড়েচেড়ে দেখছিলাম। ভালোই লাগছিল। কিনেই ফেলছিলাম প্রায়। আর কিনলাম না। ফ্ল্যাপে লেখকের ছবির যে অবস্থা; বইয়ের ভেতরে কী থাকবে বোঝা হয়ে গেছে।

১১. গল্প টেনেটুনে লম্বা করেছেন। অহেতুক। ভালো হয়নি।

১২. জীবনের মূল্যবান পাঁচটা মিনিট নষ্ট করলাম!

১৩. মাঝখানে সাহিত্যের একটা ভালো সময় গেছে। আর এখন...।

১৪. ঘুরেফিরে দেখি ফেসবুকের ওই ১০ লাইন। এর বাইরে তো কিছু নাই। হুদাই বই পাবলিশ করে কেন, কে জানে!

১৫. ভালো, কিন্তু ফিলিংস আসে না!