ফেসবুকে নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শায়লা হাসানের শৈশবের অন্যতম শখ ছিল বিয়ের দাওয়াতপত্র জমানো। বাসায় কোনো দাওয়াতপত্র এলেই মা-বাবার কাছ থেকে চেয়ে নিয়ে গোপন ফাইলে বন্দী করতেন। ছুটির দিনে নানান কারুকাজময় দাওয়াতপত্রগুলো বের করে দেখেটেখে আবার রেখে দিতেন।

সেই শায়লা হাসানের বিয়েতে কোনো দাওয়াতপত্র ছাপানো হয়নি। আত্মীয়-বন্ধুদের নিমন্ত্রণে বেছে নেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক)। সেখানে ইভেন্ট খুলে নিমন্ত্রিত ব্যক্তিদের বিয়ের দিন-ক্ষণ, স্থান—সবকিছু জানানো হয়। ফেসবুক ইভেন্ট হচ্ছে একধরনের পঞ্জিকা, যেখানে আসন্ন ঘটনা সম্পর্কে ব্যবহারকারীদের অবহিত করা যায়। যেকোনো ফেসবুক ব্যবহারকারী এটি খুলতে পারেন।

মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের চাকরিজীবী শায়লা বলেন, নিজের কাজ নিয়ে খুব ব্যস্ততা। তার ওপর বিয়েতে কেনাকাটাসহ অনেক কাজ থাকে। ফলে সবার হাতে হাতে বিয়ের দাওয়াতপত্র পৌঁছানো সময়সাপেক্ষ ও পরিশ্রমের। আবার অনেক পরিবারের সবাই চাকরিজীবী। তাঁদের নির্ধারিত সময়ে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া বেশ ঝক্কির। সবাই যেহেতু ফেসবুকে আছেন, তাই ইভেন্ট খুলে নিমন্ত্রণ দেওয়ায় সময়, পরিশ্রম ও খরচ বেঁচে গেছে। তবে মুঠোফোনে সবাইকে ফোন দিয়ে নিমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান এই তরুণী।

ফেসবুকের কারণে জীবনে অনেক ধরনের পরিবর্তন এসেছে। এ পরিবর্তন কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক, সে নিয়ে বিতর্ক আছে। তবে ইভেন্টের মাধ্যমে কম সময়ে, কম খরচে, কম পরিশ্রমে অনেক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ বেড়েছে বলে মন্তব্য বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর।

স্বাধীনতার আগে থেকেই নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এই নারীনেত্রী। মালেকা বানু বলেন, যেকোনো সামাজিক অনুষ্ঠানে মানুষকে যুক্ত করতে আগে বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করতে হতো। অনেক সময় মাইকিং বা হাতে লেখা পোস্টার-লিফলেট বিতরণ করা হতো। ব্যক্তি সম্পর্কের উন্নয়ন ঘটলেও এটি বেশ কষ্টদায়ক ছিল।

ফেসবুক ঘেঁটে দেখা গেছে, এখানে কেনাকাটা, খাবার, ভ্রমণ, খেলাধুলা, গান, ক্র্যাফটস, নেটওয়ার্কিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে ইভেন্ট খোলার ব্যবস্থা আছে। এখন বিয়ে থেকে শুরু করে জন্মদিন, সেমিনার, সামাজিক আন্দোলন বা অনুষ্ঠানসহ যেকোনো বিষয়ে ইভেন্ট খুলে নিমন্ত্রণের কাজ সারার পাশাপাশি ইভেন্টটি সম্পর্কে জানানো হয়। সম্প্রতি ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোও তাঁদের কাজের জন্য এই প্ল্যাটফরম বেছে নিয়েছেন।

সুহানা-নয়ন রহমান দম্পতির সন্তানদের পরীক্ষা শেষ। নয়ন ফেসবুকে নিঝুম দ্বীপে বেড়ানোর ইভেন্ট দেখে পরিবারসহ সেখানে বেড়াতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। নয়ন বলেন, এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরে বেড়ায় বিভিন্ন স্থানে বেড়ানোর ইভেন্ট। সেখানে লাইক দিয়ে সব তথ্য জানা যায় নিমেষেই। তবে চাকরিজীবী শোয়েব হোসাইন এক বন্ধুর বিয়েতে রওনা দিয়েও শেষ পর্যন্ত যাননি। তাঁর মতে, এ ধরনের নিমন্ত্রণে আন্তরিকতার ঘাটতি আছে। এর মাধ্যমে নানান বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়। পত্রিকায় প্রকাশ, ২০১১ সালে জার্মানির এক মেয়ের জন্মদিনে ১ হাজার ৬০০ অতিথি এসে হাজির। কারণ,  মেয়েটি অসাবধানতাবশত ইভেন্টটি পাবলিক করে দিয়েছিল। পরে    ভিড় সামলাতে পুলিশ নামাতে হয়েছিল।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্বায়ন ও সামাজিক প্রেক্ষাপট বদলের কারণে মানুষের ব্যস্ততা, কাজের পরিধি বেড়েছে। সে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে যোগাযোগের ধরনে বদল এসেছে, ভার্চ্যুয়াল যোগাযোগও বেড়েছে—বিষয়টি ইতিবাচক। তবে খেয়াল রাখতে হবে, যত সুফলই থাকুক না কেন, প্রযুক্তি যেন আমাদের নিয়ন্ত্রণের সুযোগ না পায়।