ফেসবুকে পুরোনো বই বেচাকেনা
‘ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পুরোনো বই কেনার কোনো দোকান নেই। আর নতুন বইগুলোর বেশ চড়া দাম। একটি সেমিস্টারে দুটির বেশি বই কিনতে গেলে বাকি মাস মোটামুটি না খেয়ে থাকার মতো অবস্থা হয়। আর পাঠ্যবই ছাড়া কোনো কোর্সে ভালো করাও কঠিন। একদিন মনে হলো, এই বই কেনাবেচার একটা ওয়েব প্রোগ্রাম বানাতে পারলে ভালো হতো। যেখানে পুরোনো বইগুলো বিক্রি করা যাবে, আর অন্যরা সেগুলো কিনতে পারবে। কেননা, অনেকেই দাম দিয়ে বইগুলো কিনছে এবং সেমিস্টার শেষে বইগুলো খুব একটা কাজে আসছে না। আমাদের কাজটা হবে শুধু বিক্রেতাকে ক্রেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া।’ বলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশি ছাত্র ইকরাম মাহমুদ। এই ভাবনা থেকে ইকরাম তৈরি করেন আই সেল বুকস বিডি (isellbooksbd) নামের একটি প্রোগ্রাম। এটি ফেসবুক অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে বই কেনা এবং বিক্রি করা যায়। এটা বানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে। কারণ, নতুন সেমিস্টারের জন্য একগাদা নতুন বই কেনা বেশ ব্যয়বহুল। একটা সেমিস্টার শেষ হয়ে গেলে টেক্সট বইগুলো তেমন একটা কাজেও লাগে না।ইকরাম মাহমুদ বলেন, ‘মাথায় ঘুরতে থাকা ধারণাটা আমার বন্ধু এমির হাবুলকে বললাম। সে-ও রাজি হলো। ঠিক করলাম, ফেসবুকের জন্য অ্যাপ্লিকেশন বানাব, যেহেতু প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে। আমরা দুজন মিলে এ বছরের এপ্রিলে অ্যাপ্লিকেশনটার প্রোগ্রাম লেখা শেষ করি। এরপর গুগল অ্যাপইঞ্জিনে প্রকল্পটা জমা দিই।এটা পাইথন প্রোগ্রামিং ভাষায় লেখা। ডেটাবেজে গুগল ডেটাস্টোর, টেমপ্লেটিংয়ের জন্য ডিয়াংগো (django) ফ্রেমওয়ার্ক আর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হিসেবে জেকুয়েরি (jQuery) ব্যবহার করেছি। নতুন বই যোগ করা সহজ করার জন্য অ্যামাজনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (অ্যামাজন এপিআই) ব্যবহার করা হয়েছে।’প্রথমে এটি তৈরি হয়েছিলমালয়েশিয়ার জন্য। জুলাই মাসের শেষ দিকে ফেসবুকের এই প্রোগ্রামটা ছাড়া হয় বলে জানান ইকরাম।তিনি বলেন, ‘ঢাকার নীলক্ষেত ছাড়া বাকি কোথাও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইগুলো খুব সহজলভ্য নয়। আর প্রয়োজনীয় বই সব সময় পাওয়াও যায় না। একই সঙ্গে সেমিস্টারের শুরুতে একগাদা নতুন বই কেনাও অনেক খরচের ব্যাপার। এখন সহজে বই পাবেন শিক্ষার্থীরা। এ জন্য শুধু একটা সার্চই যথেষ্ট। সাশ্রয়ে প্রয়োজনীয় বইগুলো কিনতে পারবেন। আবার অন্যদেরও পুরোনো বইগুলো জমা করে রাখতে হচ্ছে না। তাঁরা খুব সহজেই বিক্রি করে দিতে পারছেন কয়েকটা ক্লিক করেই।’এই ডেটাবেজে বইয়ের নাম বা লেখকের নাম দিয়ে বই খোঁজা যায়। তা ছাড়া যদি কেউ চান, তিনি শুধু তাঁর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বইগুলো দেখতে পারবেন। তবে বিক্রেতার গোপনীয়তা (প্রাইভেসি) রক্ষা করা হয়। বিক্রেতার সঙ্গে ক্রেতা ফেসবুক বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তবে বিক্রেতা চাইলে ফোন নম্বর, ঠিকানা প্রভৃতি উল্লেখও করতে পারেন তাঁর প্রোফাইলে, যদিও সেটা খুব প্রয়োজনীয় নয়।‘আমি ভবিষ্যতে আরও কিছু সুবিধা যোগ করতে চাই এই অ্যাপ্লিকেশনে। ধরুন, কেউ একটা বই খুঁজছে আর সেটা আমাদের ডেটাবেজে নেই এখনো। আমরা তাঁর অনুরোধটা মনে রাখব, আর যখনই অন্য কেউ সেই বইটা বিক্রি করতে চাইবেন, তখন আমরা তাঁকে জানাব, তিনি যে বইটা খুঁজছিলেন, সেটা চাইলে তিনি এখন কিনতে পারেন। তা ছাড়া আমি রিয়েল টাইম আপডেট যোগ করার কথাও ভাবছি।’ ভবিষ্যতে এই প্রোগ্রাম আন্তর্জাতিকভাবেই ছাড়ার কথা ভাবছেন ইকরাম মাহমুদ।এই প্রোগ্রাম ফেসবুকে বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। ঠিকানা: http://apps.facebook.com/isellbooksbd