ফেসবুকে বাসের টিকিট!
বিষয়টা এমন কিছু না। ঈদে বাড়ি যাওয়ার টিকিট জোগাড় হয়নি আমার। তাই ফেসবুকে একটা স্ট্যাটাস মেরে দিলাম। যেভাবেই হোক, ঈদের আগে ঢাকা থেকে চট্টগ্রামে বাড়ি যাওয়ার জন্য আমার টিকিট দরকার। সেটা যে গাড়িরই হোক, একটা টিকিট আমার চাই-ই চাই। বাস-ট্রেন-অ্যারোপ্লেন হলে তো কথাই নেই, গরুর গাড়ি হলেও চলবে। কিংবা কেউ যদি তাদের মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়, তাও আমি রাজি। পেইং গেস্ট যাত্রী আর কি!এরপর তো কমেন্ট আর কমেন্ট! আমার টিকিটের কথা বেমালুম ভুলে কমেন্ট চলল অন্যদিকে। দিগ্বিদিক!ভাই, এবার না হয় ঢাকায়ই ঈদ করলেন। আমরাও তো আছি। বাসায় চলে আসবেন! বাসার ঠিকানা হলো...কী আর করবেন! হেঁটে রওনা দেন। নিশ্চয় ঈদের আগে পৌঁছাতে পারবেন। এক কাজে দুই কাজ হবে। একটা রেকর্ডও হবে, আবার বাড়ি গিয়ে ঈদও করা হবে।ভালো পরামর্শ। আপনার ভুঁড়ি যে হারে সীমা অতিক্রম করছে, তাতে লাগাম টেনে ধরা হবে।না না, ভুঁড়ি কমাবেন না। আপনার ভুঁড়িটাই তো আপনার আইডেনটিটি। আপনাকে মানিয়েছেও ভালো।আচ্ছা, ভাইয়া, আপনার প্যান্টের কোমরের সাইজ কত?ক্যানো, আপনি কি টেইলারির কাজ করেন? প্যান্ট গিফট করবেন নাকি ঈদে!বদ্দা খন আছো? গম আছোননি?গম-আটা-ময়দা সবই আছে, আপনার কোনটা লাগবে?আমার তো সেমাই লাগবে। বেশি দামের জন্য কিনতে পারি নাই।আমার লাগবে চিনি। বাজারে নাকি আবারও চিনির কৃত্রিম সংকট দেখা দিয়েছে।আমাদের দেশে সংকটও অনেক রকম! প্রাকৃতিক সংকট আর কৃত্রিম সংকট! রাস্তা ভাঙা, এইটা কোন সংকট?এটাকে বলে অবহেলা সংকট! :) :)না না, এটার নাম হবে আবুল সংকট! হাঃ হাঃ হাঃ।‘আবুল সংকট!’ সুপার লাইক!শপিং করেছেন?আমি করছি! একটা দুরবিন কিনছি! যাতে ঈদের চাঁদ দেখা কমিটিকে সময়মতো হেল্প করতে পারি!আমি একটা ড্রেস কিনছি কিন্তু ড্রেসটা না আমার পছন্দ হয়নি!আমি আগেই জানতাম। তাই, এই ভয়েই আমি কোনো ড্রেসই কিনি নাই!এক কাজ করেন, ক্লিকবিডি কিংবা সেলবাজারে উঠায়া দেন। সেল হয়ে যাবে!প্রধানমন্ত্রী বললেন, সবাই নাকি খালি ওনাদের ব্যর্থতার কথা বলছে, সফলতার কথা কেউ বলছে না! ওনাদের সফলতাগুলো কী কী?সফলতা তো এখনো অনেক দূরে, ২০২১ সাল না আসা পর্যন্ত বলা যাবে না!কিসের মধ্যে কী! পান্তাভাতে ঘি!ইশ্! সেই কবে পান্তা-ইলিশ খেয়েছিলাম! আরেকটা উপায় আছে, লোকাল বাসে উঠে পড়েন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কিছুদূর পর পর লোকাল বাস বদলাবেন। এভাবে দেখবেন একসময় চট্টগ্রাম পৌঁছে গেছেন।এ দেশের কিচ্ছু হবে না কখনো। সবাই খালি স্বপ্ন দেখবে, জনতার মঞ্চে এসে স্বপ্নের কথা বলবে—এরপর ক্ষমতায় গিয়ে পাঁচ বছর আরাম আয়েশে কাটাবে। স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন দেখার অভ্যাস পাল্টাতে হবে। বাস্তব দেখতে হবে। এ দেশের বাস্তবতা হলো জনগণের জন্য, আর স্বপ্ন হলো সরকারের জন্য।নেক্সট বইমেলায় একটা বই লিখব— ১০০১টি স্বপ্ন! ১০০০টি নেতা-নেত্রীর, আর একটি জনগণের। ভাই, আমিও তো স্বপ্ন দেখি! আমি কি তাহলে ভবিষ্যতে নেতা হমু?আমার একটা পুরোনো গাড়ি আছে, আপনাকে দিতে পারি। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে?ড্রাইভিং লাইসেন্স আবার কী জিনিস? ওটার নাম তো এখন গুরু-ছাগল চিনতে পারার লাইসেন্স!লাইসেন্স নিয়ে চিন্তাও করার দরকার নেই! পথে কেউ ধরলে বলবেন আপনি গরু-ছাগল-আবুল এবং শাহজাহানকে চেনেন। তাইলেই হবে।ভাই, ড্রাইভিং খুব সোজা! ঢাকায় স্টার্ট দিয়ে হুইল ধরে ব্রেকে পা দিয়ে বসে থাকবেন, রাস্তার যে জ্যাম, এক্সিলারেটরে পা দেওয়ার সুযোগই পাবেন না। আর হাইওয়েতে শুধু স্টার্ট দিতে থাকবেন। রাস্তার যে অবস্থা, গাড়ি একটু পরপর অটো বন্ধ হয়ে যাবে।এভাবেই চলছিল। এভাবে যে চলছিল আমিও জানি না। এর মধ্যে পরিচিত একজন ফোন দিয়ে বলল, সাদাতের কাছে টিকিট আছে। জলদি ফেসবুকে ঢুকে দেখ। আমিও সঙ্গে সঙ্গে লগ ইন করলাম।ভাই, আমার কাছে ২৯ তারিখ সকালের দুইটা টিকিট আছে! খুব বেশি প্রয়োজন হলে বইলেন।এতক্ষণে একজন কাজের কথা বলল। কার্টুনিস্ট সাদাতকে সঙ্গে সঙ্গে ফোন দিলাম। সেও চট্টগ্রাম যাবে। বাসে তার খুব একটা আগ্রহ নেই। তবু ট্রেনের টিকিট পাবে কি না এই রিস্ক না নিয়ে বাসের দুটি টিকিট কেটেছিল। কিন্তু এরপর আবার ট্রেনের টিকিটও পেয়ে গেছে। তাই সে আর বাসে যাবে না। আমি আর কিছু জানতে চাইনি। টিকিট পাইছি এটাই অনেক! কিন্তু ছোট্ট একটা প্রবলেম আছে। বাসের টিকিট দুইটা। এবং সেটা আবার এক টিকিটেই। অন্যকিছু ভাবার সময় নেই। প্রয়োজনে এবার দুইটা সিটেই বসে যাব। টিকিট কিনে ভাবলাম, কী দরকার দুটো সিটে যাওয়ার। মানুষ টিকিট পায় না যেখানে, সেখানে এই বিলাসিতার মানে হয় না। অগত্যা আবার ফেসবুকে। আরেকটা স্ট্যাটাস দেব ভাবছি—ঢাকা-চট্টগ্রামের একটা বাড়তি টিকিট আছে! কারও যদি খুব বেশি প্রয়োজন হয় যোগাযোগ করুন। দেখা যাক কী হয়। ধন্যবাদ সাদাত। ধন্যবাদ ফেসবুক। ফেসবুক যে আসলেই সোস্যাল নেটওয়ার্কিং তা কেউ স্বীকার করুক আর না করুক, ঘটনা সত্যি। চাইলে ফেসবুক দিয়ে পজিটিভ অনেক কিছুই করা সম্ভব! আমি তো টিকিট পেয়েছি, আপনারা চাইলে অনেক কিছুই পেতে পারেন। যেখানে দেখিবে ফেসবুক, জানিয়ে দাও, স্ট্যাটাস পাইলেও পাইতে পার বিনাশ্রমে প্রেশাস!!