ফেসবুকে যে পোস্ট বিপদে ফেলবে আপনাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের এই ছবি ব্যবহার করে ভুল তথ্য দিয়েছেন অনেকে। ছবি: ফেসবুক
সাকিবের এই ছবি ব্যবহার করে ভুল তথ্য দিয়েছেন অনেকে। ছবি: ফেসবুক

পরিবার নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে খেতে গিয়েছেন সাকিব আল হাসান। সঙ্গে বাসার গৃহপরিচারিকা। বাকিরা খাবার টেবিলে, দাঁড়িয়ে আছে গৃহপরিচারিকা। এমন একটি ছবি ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে। প্রশ্নের কাঠগড়ায় তোলা হলো এই তারকা ক্রিকেটারকে। বিবেক-বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হলো। বাকি যাঁরা দেখলেন, তাঁরাও মন্তব্য করলেন। কেউ কেউ ঝাঁজালো ভাষায় আক্রমণ করলেন সাকিবকে।

পরে বোঝা গেল, ছবিটি আসল, ছবিটিকে ব্যবহার করে যে তথ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা। গৃহপরিচারিকাকে মোটেও দাঁড় করিয়ে রাখেননি সাকিব বা তাঁর স্ত্রী। বরং একই টেবিলে সাকিবের স্ত্রী উম্মে শিশিরের পাশে বসে সেদিন বিয়ের নেমন্তন্ন খেয়েছে সেই শিশু গৃহপরিচারিকা।

এই খবর মূল ধারার কোনো সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সাকিব মামলা করে দিতে পারতেন। ক্ষতিপূরণ চাইতে পারতেন। প্রকাশিত সংবাদের জন্য ক্ষমা প্রকাশ করতে হতো পত্রিকাটিকে। সামাজিক মাধ্যমে শুধু পোস্ট মুছে ফেলার চলই আছে। অনেকে পোস্ট মোছেনও না। কেউ কেউ আগের পোস্টে ভুল তথ্য দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেও বেশির ভাগই এর ধার ধারেন না।

কিন্তু আপনি জানেন কি, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ করে সামাজিক মাধ্যমে কোনো পোস্ট দিলে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে। যদি যথেষ্ট তথ্য-প্রমাণ আপনার হাতে না থাকে, আপনি পড়ে যেতে পারেন ঝামেলায়। কী বলছে প্রচলিত আইন? ফেসবুকে এ ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করার আগে আমাদের কী কী বিষয় খেয়াল রাখা উচিত, তা জেনে রাখা তাই ভালো। শুধু নিজে সতর্ক থাকতে নয়; প্রতিকার পেতেও। কারণ, সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো বা অপমানের শিকার হতে হচ্ছে অনেককে।

মতপ্রকাশের অধিকার আছে সবার। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তা লিখে ফেলা নয়। স্বাধীনতা অনেক পবিত্র একটি শব্দ, যা একই সঙ্গে অনেক দায়িত্বও নিয়ে আসে। মতপ্রকাশের সময় এই দায়িত্ববোধের ব্যাপারটি বোঝেন না অনেকে।

ফেসবুক সামাজিক প্রতিবাদের জায়গা হয়ে উঠেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনেক ইতিবাচক ভূমিকা নিয়েছে ফেসবুক। ফাইল ছবি
ফেসবুক সামাজিক প্রতিবাদের জায়গা হয়ে উঠেছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনেক ইতিবাচক ভূমিকা নিয়েছে ফেসবুক। ফাইল ছবি

শুধু বাংলাদেশ নয়, এ সমস্যা এখন সারা বিশ্বের। উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ায় এই ঘটনাটি বিষয়টি নিয়ে বেশ আলোচনা হলো কদিন আগে। যে ঘটনা আপনাকে বুঝতে সাহায্য করবে, সামাজিক মাধ্যম ব্যবহার করতে আমাদের কেন সতর্কতা ও দায়িত্বশীলতা মেনে চলা উচিত।
নিউ সাউথ ওয়েলসে অরেঞ্জ হাইস্কুলের সাবেক ছাত্র অ্যান্ড্রু ফারলে। স্কুলের সংগীত-শিক্ষিকা ক্রিস্টিনে মিকলের প্রতি তাঁর ভীষণ রাগ ছিল। ফারলের বাবা ছিলেন ওই স্কুলেরই শিক্ষক। ফারলে বিশ্বাস করতেন, বাবার সঙ্গে কিছু একটা রয়েছে মিকলের। শুধু এ ধারণা থেকে ৫৮ বছর বয়সী মিকলের ব্যাপারে নিজ টুইটার অ্যাকাউন্টে লিখে পোস্ট করেন ফারলে। এ ঘটনা গড়ায় আদালতে। ২০ বছর বয়সী ফারলের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি আদালত। মিথ্যা অভিযোগ করে একজনের সম্মানহানি ঘটানোয় ফারলেকে ১ লাখ ৫ হাজার ডলার জরিমানা করা হয়। ২০১৪ সালের এ ঘটনাকে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম টুইটারে মানহানির মামলা হিসেবে ধরা হয়।
এরপর অনেক দেশে সামাজিক মাধ্যমে মানহানির শিকার হলে এ থেকে প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। আইন করা হয়েছে। আবার সেসব আইনের অপপ্রয়োগও হচ্ছে। সেসব আইনকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মতপ্রকাশের বিরুদ্ধে। বাংলাদেশে যেমন সবচেয়ে বেশি আলোচিত আইনটির নাম ৫৭ ধারা। তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ (১) ধারার কারণে এই আইনটি এ নামে পরিচিত।
২০১৩ সালে এ আইন সংশোধন করে শাস্তির মাত্রা বাড়ানো হয়। ২০১৩ সালের সেই সংশোধনীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে এমন কিছু প্রচার করে, যা মিথ্যা ও অশ্লীল, যা রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করে, কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১০ থেকে ১৪ বছর এবং সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হবে। আছে আর্থিক জরিমানার বিধান।
তা ছাড়া অন্য আরও অনেক আইনে মানহানি ঘটেছে, এমন অভিযোগে ফৌজদারি ও দেওয়ানি—উভয় প্রকারের মামলাই হতে পারে, যা সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে প্রচলিত আইনে।

সামাজিক মাধ্যমে অনেকে মানসিক হেনস্তার শিকারও হচ্ছেন। যা হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ। ফাইল ছবি
সামাজিক মাধ্যমে অনেকে মানসিক হেনস্তার শিকারও হচ্ছেন। যা হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ। ফাইল ছবি

ফেসবুক এর মধ্যে বাংলাদেশে শক্তিশালী একটি হাতিয়ার হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নানা সামাজিক প্রতিবাদে সোচ্চার কণ্ঠ ছিল ফেসবুক। বেশির ভাগ ঘটনাতেই ফেসবুককে ইতিবাচক ভূমিকায় ব্যবহার করা হয়েছে। কিন্তু এ-ও সত্যি, ফেসবুকে অনেক সময়ই নানা ভুল তথ্য ও খবর ছড়ানো হয়েছে। সাম্প্রদায়িক হামলা হয়েছে। সরকার একবার ফেসবুক বন্ধও করে দিয়েছিল। তখন সরকারের অনেক কাজের সমালোচনাও করতে পারেনি নাগরিকেরা।

আইন সবকিছুর সমাধান নয়। আইনের চেয়ে বেশি দরকার বিবেচনা বোধ। আসুন, ফেসবুককে ভালো কাজে ব্যবহার করি।