ফেসবুকে সময় নষ্ট করতে চান না আয়শা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারোলিন আয়শা ইসলাম। ছবি: জিয়া ইসলাম
ক্যারোলিন আয়শা ইসলাম। ছবি: জিয়া ইসলাম

মেয়েটির লম্বা চুল দেখে সবাই বলে, ‘বাহ, তোমার চুল তো খুব সুন্দর।’ বাংলাদেশে এসে এর পরের কথাটা শোনার জন্যও তৈরি থাকেন, ‘বিদেশে থাকলে মেয়েরা তো এত লম্বা চুল রাখে না।’ ক্যারোলিন আয়শা ইসলাম নামের মেয়েটি চুল লম্বা রাখার কারণটা যখন খোলাসা করেন, তখন সবার চোখ বিস্ময়ে যেন কপালে উঠে যায়।

আয়শা লম্বা চুল রাখেন ক্যানসারে আক্রান্ত রোগীদের জন্য। বললেন, ‘কেমোথেরাপি নেওয়ার পর ক্যানসারে আক্রান্ত বেশির ভাগ রোগীর চুল পড়ে যায়। নিজের চুল কেটে তাঁদের পরচুলা বানানোর জন্য দিয়ে দিই।’ আবার চুল লম্বা হয়। আয়শা আবার কেটে তা দান করেন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে।

এই কথাগুলো শুনলে বোঝা যায়, আয়শা অন্যদের চেয়ে একটু আলাদা। আয়শার শিকড় বাংলাদেশে। মানে তাঁর বাবা বাংলাদেশি। মা মার্কিন। আয়শা ও তাঁর ভাইয়ের জন্ম যুক্তরাষ্ট্রে। কিন্তু নিজের দেশ কোনটা, প্রশ্ন করলে আয়শাকে একমুহূর্ত ভাবতে হয় না, ঝটপট বলেন, বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। যুক্তরাষ্ট্র থেকেই অনলাইনে ব্র্যাকে দুই মাসের শিক্ষানবিশ হিসেবে কাজ করার আবেদন করেন। সুযোগও পেয়ে যান। ব্যস, বাক্সপেটরা গুছিয়ে নিজের দেশ বাংলাদেশে চলে আসেন আয়শা। ব্র্যাকের ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিভাগে কাজ করেন তিনি। এ বছর জুন মাসে এসেছিলেন।

বাংলাদেশে ছিলেন মাস দুয়েক। এর মধ্যেই একদিন সারা দিন আয়শার সঙ্গে ঢাকা ঘুরে দেখতে দেখতে গল্প হলো। আয়শা দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজেয় বাংলা, কার্জন হল, শহীদ মিনার ও জাতীয় জাদুঘর। বিশেষ করে ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়ার পর, মুক্তিযুদ্ধের সময়ের পোস্টার, ছবি, সংবাদপত্র ও মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিস দেখতে দেখতে রোমাঞ্চিত হচ্ছিলেন।

ঢাকায় আসা প্রসঙ্গে ক্যারোলিন আয়শা বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল ব্র্যাকে কাজ করার। ব্র্যাকে এসে গ্রাম দেখা এবং সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। হবিগঞ্জের বানিয়াচং গ্রামে চার দিন ছিলাম। ছোট্ট শিশুরা কীভাবে নৌকার মধ্যে লেখাপড়া করে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমি পৃথিবীর বেশ কয়েকটি দেশে গিয়েছি। আমার মনে হয়েছে, সব জায়গায় শিশুদের স্বপ্ন এক। এখানে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি।’

ভবিষ্যতে আয়শা অবশ্য উন্নয়নমূলক কাজের সঙ্গেই থাকতে চান। বানিয়াচং ঘুরে আসার পর সেখানকার অভিজ্ঞতা নিয়ে ব্র্যাকের একটি সৃজনশীল ব্লগ লেখার প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন। সারাক্ষণই বইয়ে মুখ গুঁজে থাকেন। লেখালেখি করতেও তাঁর ভালো লাগে। তাঁর বয়সী অনেকের মতো আয়শা ফেসবুক-টুইটার ব্যবহার করেন না। তাঁর কথা হলো, ‘এসব সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচুর সময় ব্যয় হয়। বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তো মুঠোফোন আছেই। এর জন্য ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করার মানে হয় না। ততটুকু সময় বই পড়ে কাজে লাগানো যায়।’

আয়শার বাবা মোহাম্মদ ইসলাম ও মা লরি ইসলাম—দুজনই যুক্তরাষ্ট্রে ব্যবসার সঙ্গে যুক্ত। থাকেন ক্যালিফোর্নিয়ায়। মা-বাবাকে ছাড়া এবারই প্রথম দেশে আসেন আয়শা। গিয়েছিলেন গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। আয়শার অভিজ্ঞতার ঝুলিতে জমা হয়েছে দেশে ঈদ করার আনন্দও।

বাংলা বলতে পারলেও লিখতে ও পড়তে পারেন না আয়শা। সে জন্য ঢাকায় এসে সবার আগে কিনেছেন বাংলা বর্ণ শেখার বই। বাড়িতে বসে চর্চাও করেছেন। ১০ আগস্ট আয়শা ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। বলে গেছেন, পরেরবার যখন বাংলাদেশে আসবেন, তখন বাংলা লিখতে ও পড়তে পারবেন। সেই চেষ্টাই করছেন।