ফেসবুকে সীমার জামদানি ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে নিজের দোকানে ক্রেতাদের জামদানি শাড়ি দেখাচ্ছেন সীমা হালদার (বঁায়ে) ll ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটিতে নিজের দোকানে ক্রেতাদের জামদানি শাড়ি দেখাচ্ছেন সীমা হালদার (বঁায়ে) ll ছবি: সুপ্রিয় চাকমা

কৃষিবিদ সীমা হালদার হতে চেয়েছিলেন গবেষক। লেখাপড়াও করেছেন এই বিষয়ে। কিন্তু সংসারের দেখভাল করতে গিয়ে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে থেমে থাকেনি সীমা হালদার। সংসার সামলে স্বামীর কর্মস্থল রাঙামাটিতে বসে ফেসবুকের মাধ্যমে বিক্রি করছেন জামদানি শাড়ি। এ ছাড়া অনলাইনেই পর্যটনের সেবাও দিচ্ছেন তিনি। এভাবে স্বাবলম্বী তো হয়েছেনই। আরও কয়েকজনের কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছেন তিনি। সীমা হালদার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক ও কৃষি বিপণনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দুটোতেই পেয়েছেন প্রথম শ্রেণি। ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়-জীবন শেষ করে প্রথমে জড়িত হন প্রকাশনার সঙ্গে। এ সময় কৃষি ও অর্থনীতির ওপর তার একাধিক বই প্রকাশিত হয়। পরে শিক্ষক হিসেবে যোগ দেন বাংলাদেশ কাপ্তাইয়ে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে। সংসার ও সন্তানকে সময় দেওয়ার জন্য ছেড়ে দেন চাকরি। সীমা হালদার জানান, সংসারের কাজের ফাঁকে ফাঁকে কিছু করব এমন চিন্তা করছিলাম এ সময়টা। তিনি জানালেন, ২০১১ সালে অনলাইনে একটি প্রতিষ্ঠান থেকে দুটি জামা কেনেন। এ সময় তাঁর মাথায় আসে অনলাইনে মার্কেটিংয়ের ভাবনা। ভেবেচিন্তে তিনি দেখলেন ঘরে বসেই বিপণন করে সংসার ও ব্যবসা দুই-ই করা সম্ভব। স্বামীর ল্যাপটপ আর ধার করা পঞ্চাশ হাজার টাকা এই নিয়ে নেমে পড়েন এই ব্যবসায়। ঘুরে বেড়ান নারায়ণগঞ্জের জামদানিপল্লি ও তাঁতিদের ঘরে ঘরে। ফেসবুকে একটি পেজ খুলে শুরু করেন অনলাইনে মার্কেটিং। পেজের নাম রাখেন রংধনু জামদানি (www.facebook.com/rangdhanujamdani)। ক্রেতার চাহিদামতো পণ্য কুরিয়ারে পাঠিয়ে দেন সারা দেশে। আর এ জন্য ক্রেতাকে কুরিয়ার বা অন্য কোনো আলাদা খরচ দিতে হয় না। সীমা বলেন, ব্যবসায়িক সততা, পণ্যের গুণগত মান, সঠিক সময়ে পৌঁছে দেওয়া ইত্যাদির কারণে রংধনু জামদানি অনলাইনে ক্রেতাদের কাছে জনপ্রিয় হতে থাকে। ধীরে ধীরে বাড়তে থাকে ব্যবসার প্রচার ও প্রসার।
সীমা হালদার জামদানির পাশাপাশি মহিলাদের বিভিন্ন ধরনের পোশাক এবং আরও অনেক ধরনের পণ্য অনলাইনে বিপণন শুরু করেন। এই বছর রাঙামাটির বনরূপায় তিনি একটি পোশাকের দোকানও দেন। এর নাম দেন রংধনু ই-বাজার। অনলাইনের পাশাপাশি স্থানীয় ক্রেতারা এখন সরাসরি শোরুম থেকে পণ্য ক্রয়ের সুবিধা পাচ্ছেন। একই সময়ে তিনি পর্যটকদের জন্য চালু করেন একটি গেস্ট হাউস। এটিও ফেসবুকের মাধ্যমে পরিচালিত হয়। (www.facebook.com/rangdhanuguesthouse) গেস্ট হাউসে ঘরোয়া পরিবেশ, ওয়াইফাই, রান্নাঘর, শিশুদের খাবারের বিশেষ কেয়ার ইত্যাদি সুবিধা যুক্ত করেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে তিনজন কর্মচারী কাজ করছেন। সীমা বলেন, আর ফিরে তাকাতে চাই না। তিনি জানান, ফেসবুকের চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ তাঁকে ব্যবসা শুরু করতে সাহায্য করেছে।