
মার্ক জাকারবার্গ! ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। সম্প্রতি তিনি সিলিকন ভ্যালির সদর দপ্তরে জানিয়েছেন যে তাঁরা একটি ‘ডিসলাইক’ বাটন বসানোর চিন্তাভাবনা করছেন। সেটা আবার কী? ‘লাইক’ তো সবাই চিনি। কিন্তু ‘ডিসলাইক?’ বুড়ো আঙুলটা ওপরে তুলে লাইক চিহ্নের জন্য ফেসবুকের খ্যাতি অদ্বিতীয়। কিন্তু শুধু ‘লাইক’ কেন? কেউ যদি কারও স্ট্যাটাস পছন্দ না করেন, তাহলে কেন ‘ডিসলাইক’ দিতে পারবেন না? অবশ্য পছন্দ না হলে মন্তব্য লেখার সুযোগ আছে। কিন্তু লেখার ঝামেলায় কে যেতে চায়? তার চেয়ে ‘লাইক’ বাটনের মতো যদি একটা ‘ডিসলাইক’ (অপছন্দ) বাটন থাকত ফেসবুকে, তাহলে তো কত সহজে বন্ধুরা কারও স্ট্যাটাসের পাশে লিখে দ্বিমত জানাতে পারতেন! কিন্তু সেটা কি ফেসবুক পাতার জন্য প্রীতিকর হতো? ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এখন দেড় শ কোটি। তাঁদের অনেকে কোনো স্ট্যাটাসের বিরূপ প্রতিক্রিয়া বা কোনো দুঃসংবাদে সমব্যথী হওয়ার জন্য ‘ডিসলাইক’ বাটন চাইছেন। তবে এখানে বেশ কিছু সমস্যাও আছে। নিউইয়র্ক টাইমস-এর ১৬ সেপ্টেম্বর, ২০১৫, অনলাইন সংস্করণে প্রকাশিত এক নিবন্ধে এ বিষয়ে জাকারবার্গের চিন্তাভাবনা নিয়ে খোলামেলা আলোচনা ছাপা হয়েছে। এ বিষয়ে প্রাসঙ্গিক কিছু কথা জেনে নিন।
১. যত বেশি ‘লাইক’ পাওয়া যায়, ততই ভালো। সবাই চায় লাইক। তাই ‘ডিসলাইক’ বাটন থাকলে ফেসবুক ব্যবহারকারীদের কারও কারও মন খারাপ হতে পারে। যেখানে ফেসবুক হলো বন্ধুদের একধরনের মিলনমেলা, যেটা আসলে জনপ্রিয় হয়ে ওঠার একটি কারণ, সেখানে ‘ডিসলাইক’ কি স্বপ্নভঙ্গের কারণ হতে পারে? এ আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে মতভিন্নতা রয়েছে।
২. এর ফলে যদি ফেসবুকের আকর্ষণ কিছুটা কমে যায়, তাহলে বিজ্ঞাপনেও তার প্রভাব পড়তে পারে। তাই ‘ডিসলাইক’ বাটন নিয়ে একটু চিন্তাভাবনা করছেন জাকারবার্গ ও তাঁর কর্মীরা। হয়তো প্রথমে একটি পাইলট প্রজেক্ট হিসেবে এটা চালু করা হবে। আর তা ছাড়া দেখতে হবে এর জন্য আকর্ষণীয় চিহ্ন কী হতে পারে। কারণ বুড়ো আঙুলের সেই চিহ্ন তো সবাইকে মাতিয়ে রেখেছে। তার কাছাকাছি হওয়া চাই। না হলে তো জমবে না।
৩. সব খবরই সুখবর নয়। যেমন এখন ইউরোপজুড়ে শরণার্থী সংকট চলছে। সাগরে ভেসে আসা শিশু আয়লানের মর্মস্পর্শী ছবি তো সারা বিশ্বকে কাঁদিয়েছে। এ রকম খবর ফেসবুকে আসার পর তো আর লাইক দেওয়া যায় না। তাহলে এ ধরনের দুঃখের খবরে চট করে সহমর্মিতা প্রকাশের জন্য ‘ডিসলাইক’ বাটনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় কি?
৪. জাকারবার্গ বলেছেন, ফেসবুক ব্যবহারকারী বিশাল গোষ্ঠীর প্রত্যাশা পূরণে কিছু একটা চালু করার বিষয়ে তিনি আশাবাদী।
৫. ব্যবসা-বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম মাইটিবেলের প্রধান নির্বাহী গিনা বিয়ানচিনি মনে করেন নতুন বাটন ভালোই হবে। কারণ মানুষের মতামত প্রকাশে ফেসবুক খুব স্মার্ট। সব সামাজিক মাধ্যম এসব বিষয়ে অত্যাধুনিক হয়ে উঠছে। মানুষ একটা বোতাম (বাটন) টিপে চট করে মনের কথা প্রকাশ করতে ভালোবাসে। কিছু লেখার চেয়ে একটা বোতাম টেপা যে কত সহজ, তা কে না বোঝে!